ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৫:১৭ পি.এম
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০ টায় ভাণ্ডারিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অমান্য করার অপরাধে দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হোটেল মালিক মোঃ কাসেম ও উজ্জ্বল প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানান, সাধারণ মানুষকে ভেজালমুক্ত, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা প্রতিটি ব্যবসায়ীর আইনি ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থ রক্ষায় এবং খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে সাধারণ যাত্রীদের দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে উপজেলা প্রশাসনের এই অভিযান ও কঠোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণ এবং স্বর্ণালংকারের ওপর উৎসে কর ও ভ্যাট কমানোর বিষয়টি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্যটি জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, উৎসে করের উচ্চ হারের কারণে স্বর্ণ এবং স্বর্ণালংকারের সরবরাহ এখনও অনানুষ্ঠানিক অবস্থায় রয়ে গেছে। এর ফলে, সরকার রাজস্ব পাচ্ছে না এবং এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে নিয়ে আসার জন্য সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র শূন্য দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
সপ্তম অধ্যায়ের ‘জুয়েলারি খাতে সুনির্দিষ্ট ভ্যাটের বিধান প্রণয়ন’ শিরোনামে অর্থমন্ত্রী বলেন, ‘জুয়েলারি সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসাবে ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় আরও জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১৩.৭ শতাংশ এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকায় বরাদ্দ প্রদানের প্রস্তাব করা হয়েছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের জন্য প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।
সরকার ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তিনি আরও বলেন, সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ (সংশোধিত) ২৭.২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার এবং পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে এবং তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে, যা মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ। সাধারণ সেবা খাতে প্রস্তাবিত বরাদ্দ ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ। সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেয়ার পরিপ্রেক্ষিত হিসেবে সামাজিক খাতের এই বর্ধিত ব্যয় প্রস্তাবিত হয়েছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার জন্য প্রস্তাব করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে মোট ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। চলতি ২০২৩-২৬ অর্থবছরে যা ছিল ১ লাখ ১৮ হাজার কোটি টাকা। অর্থাৎ, ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে ৬ হাজার কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।
ফ্যাসিবাদী সরকারের সময়ের মধ্যে ব্যাপকভাবে ঋণ গ্রহণের জন্য দেশের ঋণ পরিশোধ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বেড়ে গেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে বাজেটের ঘাটতি বৃদ্ধি পেয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ২.৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৪.০৫ শতাংশ হয়েছে।
এই অবস্থা থেকে উত্তরণে সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সংযোজন করেন, এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বাড়বে এবং এর মাল্টিপ্লায়ার প্রভাবের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড আরও গতিশীল হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ‘স্মৃতি অম্লান’ নামের জাদুঘরটি পরিদর্শন করেন। বুধবার (১০ জুন) বিকেলে তিনি মুক্তিযুদ্ধের গৌরবগাথার এই স্মারকটির পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি সেখানে সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময় নিজ হাতে লেখা জেড ফোর্সের অপারেশনাল অর্ডার এবং ১৯৭১ সালের ২৩ ও ২৪ মার্চ ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা ক্রাউন গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন।
তিনি স্বতঃস্ফূর্তভাবে জানান, স্বাধীনতার জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রামের দুর্বার সাহস, অদম্য দেশপ্রেম এবং আত্মোৎসর্গের এক অনন্য সাক্ষ্য বহন করে এই নিদর্শন। তিনি গভীর অনুভূতি প্রকাশ করেন।
অপরদিকে, তিনি জাদুঘরে সংরক্ষিত চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দলিল এবং নিদর্শন, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানিক কার্যক্রম ও ২৪ পদাতিক ডিভিশনের ইতিহাস ও সাফল্য ঘুরে দেখে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন।
এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীন সত্তা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের একটি অবিনাশী মহাকাব্য।
মুক্তিযুদ্ধের স্মৃতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অতুলনীয় আত্মত্যাগ, বীরত্ব, দেশপ্রেম এবং পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ও সাফল্যের নিদর্শনসমূহকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে সম্যকভাবে অবহিত করতে উত্তরোত্তর নিদর্শনসমূহের সংরক্ষণ ও গবেষণার উপরে গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এই পরিদর্শনকালে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ মহান স্বাধীনতা যুদ্ধ ও চট্টগ্রাম সেনানিবাসের গৌরবদীপ্ত ইতিহাসের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান।
জাদুঘর কমপ্লেক্সটি ১৯৯৬ সালে চট্টগ্রাম সেনানিবাসে স্থাপিত হয় এবং সম্প্রতি সংস্কার ও পরিমার্জন করে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নতুন ভবনে পুনঃস্থাপন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে রাজমিস্ত্রি এনামুল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, এতে জড়িত দুই আসামিকে আটক করেছে র্যাব।
বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সফল হয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি এবং ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের বাসিন্দা রাব্বি এবং রাকিব।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিল। বুধবার রাতে তারা 'সায়রা পরিবহন' নামের একটি দূরপাল্লার বাসে করে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। এমন গোপন সংবাদে ভিত্তি করে যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়া রজনীগন্ধা পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র্যাব।
বাসটি তল্লাশি চৌকিতে পৌঁছালে সেখান থেকে রাব্বি ও রাকিবকে আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আসামিরা ঢাকায় পালিয়ে গিয়েছিল। সায়রা পরিবহনের একটি বাসে করে তারা যশোর ফিরছে— এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই এবং তাদের দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের তিন রাস্তার মোড়ে রাজমিস্ত্রি এনামুল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের পরিবার অভিযোগ করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার অন্যতম প্রধান আসামি আটককৃত এই দুই যুবক।
এছাড়া, এর আগে হুসাইন নামে এক যুবক এ মামলায় আটক হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদরাসা শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান উন্নয়নের ঘোষণা দেয়া হয়েছে। বিজ্ঞান, গণিত, ইংরেজি এবং তথ্যপ্রযুক্তি বিষয়গুলোর মান উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচিগুলোও চালুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর কারণে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ হবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ