ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাগেশ্বরীর গোলেরহাট ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ


নাগেশ্বরীর গোলেরহাট ফাজিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিহ্যবাহী গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও শিক্ষার মান নিয়ে উদ্বেগের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা এবং জ্যেষ্ঠ শিক্ষককে দায়িত্ব না দেওয়ার অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত গোলেরহাট ফাজিল বিএ মাদ্রাসাটি উপজেলার পূর্ব দুধকুমর নদীর পাড়ে অবস্থিত। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে প্রায় ৪০ জন শিক্ষক-কর্মচারী ও ৮০০ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রায় ৬২ বিঘা জমি, দুটি পুকুর, চারতলা ভবনসহ বিভিন্ন স্থাপনা রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানে আরবি বিষয়ে জ্যেষ্ঠ শিক্ষক থাকা সত্ত্বেও তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব না দিয়ে মো. মোকছেদ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, ২০২৩ সালের সংশোধিত প্রবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার পর বিধি মোতাবেক অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘ সময়েও তা করা হয়নি।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এদিকে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি জারি হওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে নতুন নীতিমালা জারির পরও আগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে বহাল থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ উঠেছে। সম্প্রতি মাদ্রাসার গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অন্যদিকে, চলতি বছরের ফলাফল নিয়েও হতাশা দেখা দিয়েছে। মাদ্রাসাটির ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৩ জন পাস এবং ৩০ জন অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। এমন ফলাফল প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনিক জটিলতা, শিক্ষক-কর্মচারীদের দায়িত্বশীলতা ও নিয়মিত পাঠদান কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি মাদ্রাসায় নতুন করে নিয়োগ দেওয়ার আগে প্রচলিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, পাঠদান ব্যবস্থা, সাম্প্রতিক ফলাফল ও নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

তবে এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকছেদ আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁতার জানলেও দীপাঞ্জনের সুইমিংপুলে মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


সাঁতার জানলেও দীপাঞ্জনের সুইমিংপুলে মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) গত বুধবার সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান। সহপাঠীরা দাবি করেছেন যে দীপাঞ্জন সাঁতার জানতেন। সাঁতার জানার পরও সুইমিংপুলের পানিতে ডুবে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। এদিকে, ৫ জন একসঙ্গে পুলে নামলেও দীপাঞ্জনের ডুবে যাওয়ার বিষয়টি কেউ দেখতে না পাওয়ায় অনেকে এটিকে রহস্যজনক মনে করছেন।

জানা গেছে, সুইমিংপুলে সাধারণত স্বয়ংক্রিয় ড্রেনেজ ব্যবস্থা বা স্মার্ট পুল কন্ট্রোলার থাকে। জরুরি পরিস্থিতিতে এর মাধ্যমে দ্রুত পানির স্তর কমানোর সুযোগ রয়েছে। তবে, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

এছাড়া, সুইমিংপুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই অভিযোগ তুলেছেন। শিক্ষার্থী মৃত্যুর সময় দায়িত্বরতরা কোথায় ছিলেন? একজন সাঁতারু অসুস্থ হলে তাকে উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নিয়ে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন অনেকে।

বৃটানিকা সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু জানিয়েছেন, "আমাদের নিয়ম অনুযায়ী সাঁতার না জানলে ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। কিন্তু তিনি ৯ ফুট গভীর এলাকায় চলে গিয়েছিলেন।"

সহপাঠী ফায়াজ নবী বলেন, "আমরা তিন বন্ধু নিয়মিতই সেখানে সাঁতার কাটতে যেতাম। আজ প্রিয়মও আমাদের সঙ্গে যাওয়ার কথা বলে এবং জানায় সে সাঁতার জানত।"

তিনি আরও বলেন, "সাঁতার শুরু হলে প্রিয়ম দু-একবার ৯ ফুট গভীর অংশে গিয়ে আবার ফিরে আসে। পরে সে আবার গভীরে চলে যায়, আমরা কেউ টের পায়নি।"

এদিকে, শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান।

সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক আব্দুস সালাম বলেন, "এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

প্রসঙ্গত, দীপাঞ্জন ঘোষ ও তাঁর সহপাঠীরা একসঙ্গে ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। সন্ধ্যা পৌনে ছয়টায় সুইমিংপুলের ৯ ফুট গভীর জায়গা থেকে ডুবন্ত অবস্থায় সুইমিংপুলের কর্মীরা দীপাঞ্জনকে উদ্ধার করেন। সিলেটের দরগা গেট–সংলগ্ন নুরজাহান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীপাঞ্জন ঘোষ প্রিয়ম শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দি গ্রামের কৃষ্ণ দুলাল ঘোষ ও চম্পা ঘোষের ছেলে। তবে তাদের পরিবার ঢাকার মোহাম্মদপুরে বসবাস করে। প্রিয়ম বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন। তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সহপাঠী ও শিক্ষকরা জানিয়েছেন যে তিনি অনেক বিনয়ী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মো:নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টের রুল ও ডিরেকশন জারি, বাতিল হতে পারে স্থানান্তর কার্যক্রম।"

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন স্থানান্তরের বিরুদ্ধে হাইকোর্টের রুল ও ডিরেকশন জারি, বাতিল হতে পারে স্থানান্তর কার্যক্রম।"

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাধি উত্তর ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি বর্তমানে বহরী আড়ং বাজারে বিদ্যমান রয়েছে। উক্ত কমপ্লেক্স ভবনটি একই ইউনিয়নের নওগাঁ মৌজার তিতার ভিটা নামক স্থানে স্থানান্তরের লক্ষ্যে বিগত ০৩/১১/২০১৯ইং তারিখে স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক অনুমোদন দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বিগত ০৩ নভেম্বর ২০১৯ইং তারিখের ৬৮৬নং স্মারকের প্রশাসনিক অনুমোদন চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট নূরে আলম সিদ্দিকী মুকুল, রিট পিটিশন নং- ১১৭৮৮/২০২৬। পিটিশনটি বিগত ১৫ সেপ্টেম্বর, ২০২৬ইং তারিখে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এর দ্বৈত বেঞ্চে শুনানি হয়। শুনানিতে রিটকারী আইনজীবী উল্লেখ করেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশের তৃণমূল জনসাধারণকে একই ছাদের নিচে সকল সেবা প্রদানের লক্ষ্যে এবং ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিগত ১৬/০৯/২০১৩ইং তারিখে একটি পরিপত্র জারি করে। উক্ত পরিপত্রের ২নং অনুচ্ছেদে ০৫টি এবং ৩নং অনুচ্ছেদে ০৭টিসহ মোট ১২টি শর্ত সন্নিবেশিত করেন। ২নং অনুচ্ছেদে বলা হয় যে, নতুন কমপ্লেক্স ভবনের স্থান নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত ভূমিতে পরিমাণ ও অবকাঠামগত সুবিধার শর্ত পূরণ হলে সাধারণত ইউনিয়ন পরিষদের বিদ্যমান স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। পরিপত্রের চতুর্থ অনুচ্ছেদে উপজেলা নির্বাহী অফিসারকে সরজমিনে পরিদর্শন করে স্থানটি নির্বাচনের যৌক্তিকতা যাচাই করতে নির্দেশনা দেওয়া হয় এবং ৫ম অনুচ্ছেদে জেলা প্রশাসক নিজে অথবা উপ-পরিচালক স্থানীয় সরকার / একজন অতিরিক্ত জেলা প্রশাসককে সরজমিনে পরিদর্শন করে প্রস্তাবিত স্থান সম্পর্কে কোন আপত্তি থাকলে তার শুনানি নিয়ে সুস্পষ্ট মতামত সুপারিশসহ প্রস্তাব পত্র সচিব, স্থানীয় সরকার বিভাগের নিকট প্রেরণ করতে বলা হয়। রিট মামলার শুনানিতে রিটকারী আইনজীবী নূরে আলম সিদ্দিকী আদালতকে জানান যে, ইউনিয়ন পরিষদ স্থানান্তরের ক্ষেত্রে পরিপত্রে বাংলাদেশ সরকার বিদ্যমান স্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। বিদ্যমান স্থান এবং প্রস্তাবিত স্থান উভয় সরজমিনে পরিদর্শন করে জনসাধারণের কোন আপত্তি থাকলে তা শুনানি নিয়ে সমাধান করে নোটিশ জারি করে তুলনামূলক গ্রহণযোগ্যতা যাচাই-পূর্বক সুস্পষ্ট মতামত প্রদান করতে নির্দেশ প্রদান করেছেন। ‌ অথচ উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বিদ্যমান স্থানকে কোন ধরনের মূল্যায়ন করা হয়নি, সারজমিনে যাচাই করা হয়নি, নোটিশ টানানো হয়নি, আপত্তি শোনা হয়নি, যাহা সরকারের আদেশের পরিপন্থী। রিটকারি আইনজীবী তার বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন প্রমানাদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন, রিটকারি আইনজীবীর শুনানিতে সন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান প্রকৌশলী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি রুল জারি করেন এবং ডাইরেকশন দেন। একই সাথে ৬০ দিনের মধ্যে রুলের জবাব দিতে আদেশ প্রদান করেন। মহামান্য হাইকোর্টের আদেশের কপি দ্রুত ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী। তিনি জানান, কতিপয় সরকারি কর্মকর্তাগণ অসৎ উপায় অবলম্বন করে বিদ্যমান স্থানে কোন ধরনের পরিদর্শন ছাড়াই এককেন্দ্রিক মতামত প্রেরণ করে রাষ্ট্রীয় আইনের সাথে প্রতারণা করেছেন এবং একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন প্রেরণ করেছেন, যাহার ভিত্তিতে প্রাপ্ত প্রশাসনিক অনুমোদন অবৈধ ও বাতিল যোগ্য হবে। মহামান্য হাইকোর্টের বিচারে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল (টি-৩) হিসেবে যাত্রী সেবা (প্যাসেঞ্জার হ্যান্ডলিং) প্রদানের জন্য চুক্তি পেলে, যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'মেনজিস এভিয়েশন' প্রথম বছরে বাংলাদেশে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিনিয়োগের ফলে প্রথম বছরে ১,০০০-এরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা আশা করছে, সার্বিক অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) আরো সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

নতুন এই টার্মিনালে যাত্রী সেবা পরিচালনার জন্য মেনজিস চেলেবি, ডনাটা, সুইসপোর্ট এবং এসএটি-এর মতো আন্তর্জাতিক গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানির সাথে প্রতিযোগিতা করছে।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জন হেন্ডারসন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ।

মেনজিস জানায়, তাদের প্রস্তাবিত বিনিয়োগ কেবল বিমানবন্দর পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশের এভিয়েশন খাতের মানবসম্পদ উন্নয়ন এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির ওপরও বিশেষভাবে জোর দেওয়া হবে। এই পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশী নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের সুযোগ তৈরিতে ঢাকায় একটি 'মেনজিস ট্রেনিং একাডেমি' গড়ে তোলা হবে।

এছাড়া, এভিয়েশন সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচি, ইন্টার্নশিপ ও গ্রাজুয়েট পাথওয়ে তৈরির লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। মেনজিস জানায়, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান সহজ হবে। ফলে স্থানীয় অপারেশনাল, টেকনিক্যাল ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশী কর্মীদের আন্তর্জাতিক এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হবে।

স্থানীয় অর্থনীতির ওপর প্রভাবের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের কর্মচারীদের ইউনিফর্ম স্থানীয়ভাবে তৈরি ও সংগ্রহ করার পরিকল্পনা করছে। এতে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের সাপ্লাই চেইনে স্থানীয়দের অংশগ্রহণ বাড়বে। এর মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং দীর্ঘমেয়াদী জ্ঞান স্থানান্তরের মাধ্যমে একটি টেকসই জাতীয় এভিয়েশন কর্মীগোষ্ঠী তৈরি হবে বলে জানায় মেনজিস।

দ্বিতীয় প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর নির্বাচনের ক্ষেত্রে ভূরাজনৈতিক বিবেচনা বা রাজনৈতিক প্রভাব কোনো ভূমিকা রাখবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ জানান, তারা দৃঢ় আশাবাদী যে এই প্রক্রিয়াটি কোনো ভূরাজনৈতিক প্রভাবের ওপর নয়, বরং সম্পূর্ণ মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সম্পন্ন হবে।

উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক এভিয়েশন সেবাদাতাদের অংশগ্রহণ বাড়বে। তাই দ্বিতীয় অপারেটর নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেনজিস মনে করে, তাদের প্রস্তাবিত এই বিনিয়োগ বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরো শক্তিশালী করতে অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%