ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার সাজা তিন বছরে কমলো


থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার সাজা তিন বছরে কমলো

থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমানের অভিযোগে বিরোধী দলের এক আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড আপিল আদালত তিন বছরে কমিয়ে দিয়েছে। সোমবার আদালত এই রায় প্রদান করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান। দেশের আইন অনুযায়ী, রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক, যিনি বিরোধী দল পিপলস পার্টির সদস্য। তিনি পূর্বে আন্দোলনকর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে ‘আইস’ নামে পরিচিত।

২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি পোস্ট দেওয়া এবং অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। রাজতন্ত্র অবমাননা এবং কম্পিউটার অপরাধ আইনের অধীনে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ২০২৩ সালে আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।

আরও পড়ুন: ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশলে ‘চরম ব্যর্থতা’

সোমবার আপিল আদালত অন্যের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাকে খালাস দেন। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে তিন বছর করেন। আপিলের রায়ের অপেক্ষায় থাকলেও সংসদ সদস্য পদে রুকচানক বহাল ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার নির্বাচিত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানান, রুকচানক জামিনের আবেদন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও চলছে। মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কারাদণ্ড হলে কোনো আইনপ্রণেতা তার সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে।

আরও পড়ুন: কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ আর রহমান ‘রামায়ণ’-এ কাজ করার জন্য ফিরিয়েছেন ১০-১২টি সিনেমার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


এ আর রহমান ‘রামায়ণ’-এ কাজ করার জন্য ফিরিয়েছেন ১০-১২টি সিনেমার প্রস্তাব

একাধিক সিনেমার জন্য কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা চলচ্চিত্রজগতে নতুন কিছু নয়। তবে বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি জানিয়েছেন, ‘রামায়ণ’ সিনেমার সংগীত তৈরিতে মনোযোগ দিতে তিনি প্রায় ১০ থেকে ১২টি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছেন। এই বিষয়টি তিনি সম্প্রতি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) এক আলোচনায় তুলে ধরেন।

রহমান জানান, ‘রামায়ণ’ সিনেমার সংগীতের কাজ শুরু হয়েছে প্রায় তিন বছর আগে। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সুর ও সংগীতের একাধিক সংস্করণ তৈরি করতে হয়েছে তাদের। উদাহরণ হিসেবে তিনি ‘রাবণ তাণ্ডব’ গানের কথা উল্লেখ করেন। গানটির চূড়ান্ত সংস্করণ ঠিক করতে ১২ থেকে ১৩টি ভিন্ন সংস্করণ তৈরি করা হয়েছিল।

‘রামায়ণ’ সিনেমার জন্য অন্যান্য কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রহমান বলেন, ‘রামায়ণ’-এর আবহে পুরোপুরি ডুবে থাকার জন্য তিনি প্রায় ১০ থেকে ১২টি সিনেমার কাজ ছেড়েছেন। এর মধ্যে অনেক বড় নির্মাতার সিনেমাও অন্তর্ভুক্ত ছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং এ নিয়ে তিনি গর্বিত।

রহমানের ভাষ্য, যে কাজ তার শৈল্পিক সত্তাকে তৃপ্ত করে এবং পুরো দলকে উৎসাহিত করে, তিনি সেই কাজই করতে চান। ‘রামায়ণ’-এর সংগীত তৈরির অভিজ্ঞতাও তার কাছে ছিল বিশেষ আনন্দের।

‘রামায়ণ’-এর সংগীতে এ আর রহমান ও হ্যান্স জিমার

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনায় এ আর রহমানের সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। সিনেমাটির প্রথম পর্বের অ্যালবামে একাধিক শিল্পী কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ‘জয় জয় রাম’ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ‘রাবণ তাণ্ডব’ গেয়েছেন বিশাল দাদলানি। এছাড়া ‘সীতাস অ্যাসপিরেশন’ গানে কণ্ঠ দিয়েছেন এ আর আমিন, বৈশালী সামন্ত, রক্ষিতা সুরেশ ও অন্তরা নন্দী। অ্যালবামের গানের কথা লিখেছেন কবি কুমার বিশ্বাস।

দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। এতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। প্রযোজনা করছেন নামিত মালহোত্রা ও যশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়স্ক মা-বাবার দেখাশোনার দায়িত্ব মেয়েদের ওপরই কেন বেশি পড়ে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


বয়স্ক মা-বাবার দেখাশোনার দায়িত্ব মেয়েদের ওপরই কেন বেশি পড়ে?

বয়স বাড়ার সাথে সাথে মা-বাবার শারীরিক ও মানসিক পরিচর্যার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তবে, পরিবারের সদস্যদের মধ্যে এই দায়িত্বের বণ্টন সমানভাবে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ভাইয়েরা নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও মা-বাবার দেখাশোনার প্রধান দায়িত্ব মেয়েদের ওপরই পড়ে। এর ফলে চাকরি, সংসার ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। বিষয়টি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল)-এর একটি ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন নিয়ে নতুন করে আলোচনায় এসেছে।

সম্প্রতি প্রচারিত ওই বিজ্ঞাপনে ‘সিস্টার’ নামক একজন সার্বক্ষণিক পরিচর্যাকারীর কাল্পনিক সেবা প্রদর্শন করা হয়েছে। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি বিনামূল্যে ২৪ ঘণ্টা বয়স্ক ব্যক্তির দেখাশোনা করবেন এবং তিনি আসলে পরিবারের একজন বোন। গল্পে দেখা যায়, অসুস্থ বাবার পরিচর্যার দায়িত্ব নিতে ওই নারী নিজের চাকরি ছেড়ে দেন এবং বাসা ছেড়ে অন্য শহরে চলে যান। অন্যদিকে, তার ভাইয়েরা নিজেদের স্বাভাবিক জীবনযাপন করে চলেন।

বিজ্ঞাপনটি প্রকাশের পর ইউটিউবে সাত লাখ নয়, বরং ৭০ লাখের বেশি ভিউ পায়। অসংখ্য নারী মন্তব্যে জানান, বিজ্ঞাপনের চরিত্রটির সঙ্গে তাঁদের জীবনের অভিজ্ঞতা মিলে যায়। কেউ কেউ নিজেদের ‘সিস্টার’ বলে উল্লেখ করেন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পরিচর্যার অদৃশ্য শ্রম

এসএনএলের এই ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন মূলত পরিবারের মধ্যে পরিচর্যার দায়িত্বে নারী-পুরুষের বৈষম্যকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সংগঠন এএআরপির তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের পরিচর্যায় নিয়োজিত পারিবারিক পরিচর্যাকারীদের ৬১ শতাংশ নারী এবং ৩৮ শতাংশ পুরুষ।

এএআরপির আরেকটি তথ্য অনুযায়ী, নারী পরিচর্যাকারীদের প্রায় ২৫ শতাংশকে সার্বক্ষণিক সেবা দিতে হয়, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার ১৫ শতাংশ। দীর্ঘদিন পরিচর্যার দায়িত্ব পালন করতে গিয়ে একজন পারিবারিক পরিচর্যাকারী কর্মজীবনের আয়, অবসরকালীন সঞ্চয় ও সামাজিক নিরাপত্তা সুবিধা মিলিয়ে গড়ে ১ লাখ ২০ হাজার ৫০০ ডলার পর্যন্ত হারাতে পারেন।

বয়স্ক মা-বাবার গোসল, পোশাক পরানো, ওষুধ খাওয়ানো কিংবা শৌচাগারে যেতে সহায়তা করার মতো নিয়মিত কাজে সরকারি স্বাস্থ্য বীমার আওতায় সব সময় পর্যাপ্ত সহায়তা পাওয়া যায় না। যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে বাড়িতে স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের মাসিক ব্যয় ছিল প্রায় ৬ হাজার ৬৮৮ ডলার। ফলে অনেক পরিবার পেশাদার পরিচর্যাকারী নিয়োগ করতে না পেরে পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

পরিচর্যার দায়িত্ব নিয়ে ভাইবোনের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে। মা-বাবার দেখাশোনার দায়িত্ব সমানভাবে ভাগ না হলে ভাই-বোনের সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। ২০২৬ সালের নভেম্বরে বয়স্ক মা-বাবার পরিচর্যা নিয়ে বেবি অ্যালার্ম মেডিক্যালের এক জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৮ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৪৭ শতাংশ জানিয়েছেন, পরিচর্যার দায়িত্ব ন্যায্যভাবে ভাগ না হওয়ায় তাঁরা ভাইবোনের প্রতি ক্ষুব্ধ বা অসন্তুষ্ট।

একই প্রতিষ্ঠানের ২০২৬ সালের জুনের জরিপে ১৮ শতাংশ অংশগ্রহণকারী জানান, বয়স্ক মা-বাবার দেখাশোনা নিয়ে মতবিরোধের কারণে তারা ভাই-বোনের সঙ্গে সম্পর্ক হারিয়েছেন। পারডিউ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব মিসৌরির এক গবেষণায় দেখা গেছে, মা-বাবার স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির অবনতি হলে ভাইবোনের মধ্যে বিরোধ বাড়তে পারে। বিশেষ করে যাঁরা সরাসরি পরিচর্যার দায়িত্ব পালন করেন, তাঁদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ বেশি দেখা যায়। অন্যদিকে, যাঁরা পরিচর্যার কাজে কম যুক্ত থাকেন, তাঁরা অনেক সময় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন না বা বিরোধ এড়াতে দূরে থাকেন।

একজন মেয়ের ওপর পুরো দায়িত্বের চাপ

এজিং লাইফ কেয়ার অ্যাসোসিয়েশনের পরবর্তী সভাপতি লিনা সুপনেট-জাপাতা বিষয়টিকে ‘ডিফল্ট ডটার ট্র্যাপ’ বা স্বাভাবিকভাবেই মেয়ের ওপর পরিচর্যার দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করেছেন।

তাঁর মতে, পরিবারের একজন দায়িত্বশীল ও দক্ষ মেয়ে ধীরে ধীরে মা-বাবার পরিচর্যার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ওষুধের হিসাব রাখা, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণ এবং পরিবারের অন্য সদস্যদের চিকিৎসাসংক্রান্ত তথ্য জানানো—সবই তাকে সামলাতে হয়।

পরিবারের অন্য সদস্যরা তাঁর দক্ষতার ওপর নির্ভর করতে করতে ধরে নেন, তিনি সবকিছু সামলে নিতে পারবেন। এতে ওই নারীর নিজের কর্মজীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। একসময় নিজের মা-বাবার মেয়ে হিসেবে সময় কাটানোর বদলে তাঁকে সারাক্ষণ একজন পরিচর্যাকারীর ভূমিকায় থাকতে হয়।

দায়িত্ব ভাগ করে নেওয়ার পরামর্শ

পরিচর্যার চাপ কমাতে পরিবারের সদস্যদের মধ্যে দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু প্রয়োজনে পাশে থাকার আশ্বাস না দিয়ে কে কোন দায়িত্ব পালন করবেন, তা আগে থেকেই ঠিক করা প্রয়োজন।

এ ছাড়া মা-বাবার চিকিৎসা, আর্থিক ও আইনি নথিপত্র গুছিয়ে রাখা এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প পরিচর্যাকারীর ব্যবস্থা রাখাও জরুরি। এতে মূল দায়িত্বে থাকা ব্যক্তি অসুস্থ বা অনুপস্থিত থাকলেও পরিচর্যা বন্ধ হওয়ার ঝুঁকি কমে।

লিনা সুপনেট-জাপাতার মতে, একজন ভালো পরিচর্যাকারী হওয়ার অর্থ এই নয় যে সব দায়িত্ব একাই পালন করতে হবে। মা-বাবার পাশাপাশি নিজের যত্ন নেওয়া এবং পরিবারের অন্যদের সহায়তা গ্রহণ করাও গুরুত্বপূর্ণ।

এসএনএলের ব্যঙ্গাত্মক বিজ্ঞাপনটি হাস্যরসের মাধ্যমে দেখিয়েছে, কীভাবে পারিবারিক ও সামাজিক ধারণার কারণে মা-বাবার পরিচর্যাকে নারীদের স্বাভাবিক দায়িত্ব হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এই দায়িত্ব ভাগ করে না নিলে তার প্রভাব শুধু একজন নারীর জীবনেই নয়, পুরো পরিবারের সম্পর্কেও পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছার মণ্ডা, ২০০ বছর পরেও রয়ে গেছে জনপ্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


মুক্তাগাছার মণ্ডা, ২০০ বছর পরেও রয়ে গেছে জনপ্রিয়

মুক্তাগাছায় জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর তখনকার সময় ছিল দাপটের। এই সময় মুক্তাগাছায় গোপাল পাল নামের একজন স্থানীয় কারিগর মণ্ডা নামের এক বিশেষ ধরনের মিষ্টান্ন তৈরি করতেন। এই সুস্বাদু খাবারটি ছানা ও চিনি দিয়ে প্রস্তুত করা হতো।

একদিন মণ্ডা জমিদারের বাড়িতে পৌঁছায়। মহারাজ নিজে মণ্ডার স্বাদ গ্রহণ করেন এবং তিনি মিষ্টান্নটি খুব পছন্দ করেন। এরপর থেকে নিয়মিতভাবে জমিদার বাড়িতে মণ্ডা নিয়ে যাওয়া হতে থাকে। বিশেষ অতিথির আগমন ঘটলে তাদের আপ্যায়নও মণ্ডা দিয়ে করা হতো। মুক্তাগাছার মণ্ডার ইতিহাস থেকে এসব তথ্য প্রাপ্ত হয়।

মুক্তাগাছার মণ্ডার নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ঐতিহ্যবাহী এই খাবারটি ২০০ বছর পূর্ণ করেছে আরো দুই বছর আগে। এটি জিওগ্র্যাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি লাভ করেছে। ২০০ বছর পরেও এর চাহিদা কমেনি। বর্তমানে প্রতিষ্ঠাতা পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্যরা এই মণ্ডার ব্যবসা পরিচালনা করছেন।

মণ্ডার ইতিহাস নিয়ে উইকিপিডিয়ায় থাকা তথ্য অনুযায়ী, ১৮২৬ সালে গোপাল পাল মুক্তাগাছা সদরে তার ‘প্রসিদ্ধ মণ্ডার দোকান’ প্রতিষ্ঠা করেন। এখনও সেই দোকানে জনপ্রিয় এই খাবারটি প্রস্তুত ও বিক্রি হচ্ছে। মণ্ডা প্রস্তুত ও বাজারজাত করার দায়িত্ব এখনো পাল পরিবারের হাতে রয়েছে।

তবে স্থানীয়দের মধ্যে মণ্ডার ইতিহাস নিয়ে দুটি ভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে। একটি অনুযায়ী, গোপাল একদিন স্বপ্নে মণ্ডা প্রস্তুত করার কৌশল পান এবং ১৮২৪ সালে মুক্তাগাছায় তার প্রসিদ্ধ মণ্ডার দোকান প্রতিষ্ঠা করেন। অন্যদিকে, অপর জনশ্রুতি হলো, গোপাল প্রথমে মণ্ডা প্রস্তুত করে জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীকে খাওয়ান। জমিদার খাবারটি খেয়ে অত্যন্ত খুশি হন এবং এরপর থেকে মণ্ডা জমিদারবাড়ির প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত হয়। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জিআই স্বীকৃতি পাওয়ার পর এই খাবারটি গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়।

মুক্তাগাছা পৌর শহরের জগৎ কিশোর রায় সড়কে গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকানটি অবস্থিত। দোকানটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। দূর-দূরান্ত থেকে মানুষ মণ্ডা কিনতে আসেন। তারা মণ্ডা কেনার পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।

মণ্ডার দোকানের ব্যবস্থাপক জানান, প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ সেখানে মণ্ডা কিনতে আসেন। তারা মণ্ডা খাওয়ার পাশাপাশি ছবিও তোলেন এবং মণ্ডার ইতিহাস সম্পর্কে জানতে চান। মুক্তাগাছা পৌর শহরের জগৎ কিশোর রায় রোডের বাসিন্দা পরিতোষ কর, যিনি ৭০ বছর বয়সের বেশি, ষাটের দশকের মণ্ডার দোকানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘ওই সময় আট আনা দিয়ে একটা বড় আকারের মণ্ডা কিনে খেতাম। দুপুর বেলায় প্রায়ই দল বেঁধে মণ্ডার দোকানের সামনে দাঁড়ালে পয়সা ছাড়াও মণ্ডা খেতে পারত শিশুরা।’

স্থানীয়দের মতে, মণ্ডার একটি গোপন রহস্য রয়েছে। ২০০ বছর ধরে কেবল গোপাল পালের বংশধররাই এই মিষ্টান্নটি প্রস্তুত করছেন। দোকানে অনেক কর্মচারী থাকলেও মণ্ডা প্রস্তুতের জন্য ‘পাকের ঘরে’ শুধুমাত্র পরিবারের সদস্যরাই যেতে পারেন। বর্তমানে পরিবারের পঞ্চম পুরুষেরা এই মণ্ডার ব্যবসা পরিচালনা করছেন।

এই পরিবারে যারা উচ্চশিক্ষিত হয়ে বাইরে চাকরি করছেন, তারা ছুটিতে বাড়ি এলে মণ্ডার তৈরিতে অংশগ্রহণ করেন। ইউকিপিডিয়া ও মণ্ডার দোকান সূত্রে জানা যায়, ১৯০৭ সালে গোপাল পাল মারা যান। এরপর তার উত্তরসূরি রাধানাথ পাল, কৈদারনাথ পাল, দ্বারিকানাথ পাল মণ্ডার দোকানটি পরিচালনা করেন। বর্তমানে গোপাল পালের পঞ্চম প্রজন্মের সদস্যরা এর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

পঞ্চম প্রজন্মের পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় শ্রী রামেন্দ্র নাথ পাল মারা গেছেন। তার সন্তান রাজেশ পাল বাবার উত্তরসূরি (ষষ্ঠ প্রজন্ম)। পঞ্চম প্রজন্মের একজন মিহির কুমার পাল বলেন, ‘মুক্তাগাছার গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকানটি আমরা পারিবারিকভাবে পরিচালনা করি। পালা করে প্রত্যেক মাসে আমরা সেখানে বসি।’

ইউকিপিডিয়াতে আরো উল্লেখ করা হয়েছে, উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো বিখ্যাত ব্যক্তিরা ময়মনসিংহ অঞ্চলে গেলে মণ্ডার স্বাদ গ্রহণ করতেন। সূত্র অনুযায়ী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী চীন বিপ্লবের নায়ক মাও জেদংয়ের জন্যও মুক্তাগাছার মণ্ডা নিয়ে গিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লা লিগায় ১৫ বছরের পরিশ্রমে সিমিওনের রেকর্ড ৩৪৫ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


লা লিগায় ১৫ বছরের পরিশ্রমে সিমিওনের রেকর্ড ৩৪৫ জয়

আরেকটি জয়, আরেকটি ইতিহাস। দিয়েগো সিমিওনে আতলেতিকো মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

গতকাল রাতে হেতাফের বিপক্ষে আতলেতিকোর জয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ হিসেবে সিমিওনেকে চিহ্নিত করা হয়েছে। স্প্যানিশ ফুটবলের দীর্ঘ ইতিহাসে এত দিন যে রেকর্ডের মালিক ছিলেন লুইস আরাগোনেস, তাকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন কিংবদন্তি সিমিওনে।

লা লিগায় কোচ হিসেবে সিমিওনের এটি ৩৪৫তম জয়। আরাগোনেসের জয় ছিল ৩৪৪টি। প্রায় ১৫ বছর ধরে আতলেতিকোর দায়িত্ব পালন করে তিনি স্পেনের শীর্ষ লিগে জয়ের নতুন রেকর্ড গড়েছেন।

রেকর্ড গড়ার ম্যাচে হেতাফেকে ৩-০ গোলে পরাজিত করেছে আতলেতিকো। ৫৬৭ ম্যাচে সিমিওনের জয় ৩৪৫টি। অন্যদিকে, আরাগোনেস ৩৪৪ জয় পেয়েছিলেন ৭৫৬ ম্যাচে। অর্থাৎ, আরাগোনেসের চেয়ে ১৮৯ বার কম ডাগআউটে দাঁড়িয়ে সিমিওনে তাকে ছাড়িয়ে গেছেন।

২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোর দায়িত্ব গ্রহণ করেন সিমিওনে। তখন ক্লাবটি কঠিন সময় পার করছিল। তার অধীনে ধীরে ধীরে স্পেনের ফুটবলে শক্ত অবস্থান তৈরি করে আতলেতিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যের মধ্যে দলটিকে শিরোপার লড়াইয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বী করে তুলেছেন আর্জেন্টাইন এই কোচ।

সিমিওনের অধীনে আতলেতিকো জিতেছে আটটি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি লা লিগা (২০১৩-১৪ ও ২০২০-২১), দুটি উয়েফা ইউরোপা লিগ (২০১১-১২ ও ২০১৭-১৮), একটি কোপা দেল রে (২০১২-১৩), একটি স্প্যানিশ সুপার কাপ (২০১৪) এবং দুটি উয়েফা সুপার কাপ (২০১২ ও ২০১৮)। তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল কোচ।

তবে সিমিওনের কোচিং অধ্যায়ে কিছু আক্ষেপও রয়েছে। রিয়াল মাদ্রিদের কাছে ২০১৪ ও ২০১৬ সালে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হেরেছে আতলেতিকো। প্রথমবার অতিরিক্ত সময়ে এবং দ্বিতীয়বার টাইব্রেকারে। সেই হতাশা পেছনে ফেলে আবারও দলকে শীর্ষ পর্যায়ে ফিরিয়েছেন সিমিওনে।

লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমিওনে বলেছেন, ‘সাধারণত এসব ব্যাপার আমাকে খুব বেশি খুশি করে না। তবে এর পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে।’

দলকে রক্ষণাত্মক ফুটবল খেলানোয় সমালোচনা করা হয়। এ নিয়েও সিমিওনে জবাব দিয়েছেন, ‘আমাদের নিয়ে সব সময় সমালোচনা হয়। আমি এসবকে খুব বেশি গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। এমন একটা ধারণা তৈরি করা হয় যে আমরা রক্ষণাত্মক দল, সব সময় শুধু রক্ষণই করি। শুধু রক্ষণ করে কি ৩৪৫টি ম্যাচ জেতা সম্ভব?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%