ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির প্রচার কার্যক্রমে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন


বিএনপির প্রচার কার্যক্রমে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রচার ও প্রসার কার্যক্রমকে আরও কার্যকর এবং সুসংগঠিত করার উদ্দেশ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম (এনসিএফ) গঠন করা হয়েছে। এই সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসিক ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে, যা বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপদেষ্টা হিসেবে রয়েছেন। তারা সংগঠনটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল, আ. লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আহমদ, রেজওয়ানুল হক শোয়েব, আব্দুস সালাম ফাহিম, ডা. মনজুরুল ইসলাম, হাসান মাহবুব এবং ফায়েজ বিন আকরামসহ জাতীয়তাবাদী মতাদর্শের বেশ কয়েকজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট অন্তর্ভুক্ত রয়েছেন।

ন্যাশনালিস্ট সাইবার ফোরামের নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দেওয়ান আলফাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে নুরনবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি ও জাকারিয়া আলম আপেল দায়িত্বে রয়েছেন।

এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে মালত আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়া মো. রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফায়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুকজ্জামান উজ্জ্বল দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংগঠনটি বিএনপির রাজনৈতিক প্রচার-প্রসার, অনলাইন কার্যক্রম এবং সাইবার পরিসরে দলীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: বিয়ে ও সন্তান থাকার অভিযোগে ছাত্রদল নেতার আবেগঘন ফেসবুক পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ এম


গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্তব্য করেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে সহিংসতা ঘটেছে, তা ইইউ সমর্থন করতে পারে না। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ এবং গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব হয়।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টক’-এ তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত মিলার বলেন, বিগত সরকারের সহিংসতা মোকাবিলায় সরকার যতটুকু শক্তি প্রয়োগ করেছে, সেটি স্বাগত জানানো উচিত। নিরাপত্তা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা তাদের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ নয়। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

মিলার বলেন, বাংলাদেশে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো ইইউ লক্ষ্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে। ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জরুরি বলে তিনি মন্তব্য করেন। বর্তমান সময়ে সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা দেখানোর ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সংস্কার কমিশনগুলোর বিভিন্ন প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কমিশনগুলোর অনেক ভালো ধারণা ছিল। সেসব প্রস্তাবের কোনগুলো বাস্তবায়ন করা সম্ভব, তা চিহ্নিত করতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভালো প্রস্তাবগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে চায় ইইউ।

বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে, এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।

এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন। মিলার বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।

বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ হয়, সে জন্য উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা চাপের মুখে থাকলে তা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশ এবং সংস্থাটির সদর দপ্তরের সঙ্গে আলোচনায় উঠে আসে। বিষয়টি তাদের প্রতিদিনের পর্যবেক্ষণের অংশ।

রোহিঙ্গা সংকটের বিষয়ে মিলার মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ক্ষেত্রে ইইউ’র সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ২০১৭ সাল থেকে ইইউ মানবিক সহায়তা হিসেবে ৫০ কোটি ইউরোরও বেশি অর্থ প্রদান করেছে, যার মধ্যে ২০২৬ সালের জন্য ৩ কোটি ১৫ লাখ ইউরো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কক্সবাজারে চলমান উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে আরো ৫ কোটি ইউরো দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইইউ জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে আসছে, যার মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য প্রদানের বিষয়টি সহজতর করার মতো উদ্যোগও রয়েছে। মিলার আরো বলেন, ইইউ বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশলের অপেক্ষায় রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীর গ্রিন সিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ এম


ঈশ্বরদীর গ্রিন সিটি থেকে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির লাশ উদ্ধার

পাবনা জেলার ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের কর্মরত বিদেশিদের জন্য নির্মিত ‘গ্রীন সিটি’র একটি ভবন থেকে পুলিশ বুখিনস্কি ইভগেনি (৪৮) নামের এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে।

মৃতদেহটি সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে গ্রীন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুম থেকে উদ্ধার করা হয়।

বুখিনস্কি ইভগেনি রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের রুশ মালিকানাধীন উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কম্পানিতে কর্মরত ছিলেন।

গ্রিন সিটির আবাসিক চিকিৎসক মো. ফকরুল ইসলাম রুশ নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গ্রিন সিটির নিরাপত্তা কর্মকর্তা ও অ্যাটমটেকএনার্গো কম্পানির সূত্রে জানা যায়, বুখিনস্কি ইভগেনি সোমবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সন্ধ‍্যার পর তার প্রতিষ্ঠানের এক সহকর্মী তার খোঁজে তার কক্ষে দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কক্ষের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর গ্রীনসিটির আবাসিক চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনিকে মৃত ঘোষণা করেন।

মো. ফকরুল ইসলাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বুখিনস্কি ইভগেনি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানিয়েছেন, নিহত রুশ নাগরিক বুখিনস্কি ইভগেনির মরদেহ উদ্ধার করে থানার হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে রাষ্ট্রীয়ভাবে মরদেহটি নিহতের দেশে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়েন্দা নজরদারিতে ৩২ নেতা-কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


গোয়েন্দা নজরদারিতে ৩২ নেতা-কর্মকর্তা

সাম্প্রতিক সময়ে বাসে আগুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে, সরকারের ভেতরেই এক শ্রেণির কর্মকর্তারা সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছেন।

কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক সুবিধা পাওয়া অনেক কর্মকর্তা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তদন্তে তাদের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মোকলেছুর রহমান নামে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরিতে যোগ দেওয়া এই কর্মকর্তাসহ আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। গতকাল এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, "তদন্ত চলছে মোকলেছুর রহমানের বিরুদ্ধে।"

তদন্তের অংশ হিসেবে মোকলেছুর রহমানের পেশাগত ভূমিকার পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় ও পারিবারিক পরিচয় নিয়েও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তিনি নিজেও ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তার পরিবারসহ তার কমান্ডের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, মোকলেছুর রহমানসহ আরও অনেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিছু তথ্য সরবরাহ করছেন এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বর্তমান সরকারের সময়েও সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

এমন পরিস্থিতিতে, মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত তিন শতাধিক কর্মকর্তাকে নজরদারিতে রেখেছে সরকার। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। তাদের মধ্যে কেউ কেউ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহ করছেন, আবার কেউ কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক কয়েকটি ঘটনা সরকারের উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে গত ১২ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোসের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ প্রকাশ্যে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

গত রবিবার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও শোডাউন করেন। লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

সাম্প্রতিক সময়ে একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনার তদন্তও শুরু হয়েছে। গতকাল রাতেও মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ জানায়, রাজধানীতে ফের বাসে আগুন দেওয়ার ঘটনার নেপথ্যে জড়িতদের খোঁজ চলছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক টিমের অভিযানে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও গোয়েন্দা নজরদারিতে রয়েছে।

মিরপুরে ফের বাসে আগুন

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বরে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। পরে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জানতে চাইলে শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, মিরপুর-১ এ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয় কিছু লোক ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে ঘটনার জন্য তাদের দায়ি করে। পরে তাদের উদ্ধার করা হয়। তবে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন।

যশোরের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জনবল, রসদ ও অর্থের জোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

তারা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নয়ন ও আড়াইহাজার থানা শ্রমিক লীগের পরিবহন সম্পাদক মো. মাহবুব। গত রবিবার গভীর রাতে রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে আরো গ্রেপ্তার ৫২১

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য দেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ এম


আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন, যেখানে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন। এই তথ্য সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।

তিনি উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ও অনুশীলন স্থল পরিদর্শন করবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমের ওপর নজর রাখবেন।

উপ-প্রেস সচিব জানিয়েছেন, মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ পরিদর্শনে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%