মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৪ পি.এম
বঙ্গোপসাগরে হঠাৎ করে একটি বিশাল মেঘের জটলা জমে উঠেছে। ভারতের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, এটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
যদি এটি শেষ পর্যন্ত একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে এর নাম হবে ‘অর্ণব’। বাংলা ভাষায় ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, এবং এই সুন্দর নামটি বাংলাদেশ আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল।
বর্তমানে এই নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মাত্র দু-তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং বুধবার ও বৃহস্পতিবারের (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মাঝরাতের মধ্যে এটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে আছড়ে পড়তে পারে।
ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টির আশঙ্কাও রয়েছে। অনেক অঞ্চলে প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সাথে ঘণ্টায় প্রায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে আসতে পারে। ভারী বৃষ্টির ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদনদীর পানি দ্রুত বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই পরিস্থিতি থেকে ছোট ছোট ছেলেমেয়েদের নিরাপদে রাখতে ওড়িশা সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর—এই চার জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল ও শিশু কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। সমুদ্র এলাকার জেলে ও সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস .
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়িতে পুলিশের অভিযান চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- লিটন চৌধুরী, মাহফুজ জুয়েল, সুজন বিশ্বাস, মো. সাকিল ও রুবেল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে আদালত চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন করা হয়েছে এবং ২০ সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সড়কের পার্শ্বে থাকা সরকারি গাছ কেটে সড়কের উভয় পার্শ্বে ফেলে রেখে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টা করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়কিসলু জানিয়েছেন, মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক স্কিলস প্রশিক্ষণের মাঠ সংযুক্তি কার্যক্রম শুরু হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণের প্রথম পাঁচ দিন শেষে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাঠ সংযুক্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাঠ সংযুক্তির অংশ হিসেবে ষষ্ঠ দিনে জুতা মেরামত ও প্রস্তুতকরণ পেশা ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আজিজ সড়কে অবস্থিত স্বপন সু হাউজে। এছাড়া মাঠ সংযুক্তির ৭ম ও ৮ম দিনে যথাক্রমে নাপিত পেশা ও মৃৎশিল্প পেশার সঙ্গে সংশ্লিষ্ট পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
দশ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এবং কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মনোনীত প্রশিক্ষক সমাজসেবা অফিসার আমিরুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারী কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রশিক্ষণের মধ্যবর্তী সময়ে (৫ম দিনে), ১৭ সেপ্টেম্বর ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে দৈনিক উপস্থিতির ভিত্তিতে এক হাজার টাকা করে নগদ বিতরণ করা হবে। প্রশিক্ষণের ৬ষ্ঠ দিন থেকে ১০ম (সমাপনী) দিন পর্যন্তও উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক এক হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা নগদ বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে এককালীন ১৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। পাশাপাশি, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সদ্য সাবেক প্রক্টর আব্দুল হাকিমের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। একইভাবে, সংশ্লিষ্ট হলটির বর্তমান প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানির দায়িত্বের মেয়াদ চলতি বছরের ২৮ সেপ্টেম্বর শেষ হবে, তাই সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রাধ্যক্ষ ড. কামরুন নাহার জানান, "আগামী ২৯ তারিখ দায়িত্ব গ্রহণ করব।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, "পূর্বের দায়িত্বরতদের মেয়াদ শেষ হওয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা অত্যন্ত শিক্ষার্থীবান্ধব, দুইটা পদই শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট। শিক্ষার্থীদের ভালো-মন্দসহ সবকিছু বিবেচনা করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ ছোট ও বড় পর্দায় সমানভাবে ব্যস্ত ছিলেন। সম্প্রতি একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে তিনি নতুন রূপে সকলকে চমকে দিয়েছেন। সাত মাসের মধ্যে ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে পৌঁছেছেন এই অভিনেত্রী।
শখের এই পরিবর্তনের পেছনে শুধুমাত্র নতুনভাবে নিজেকে উপস্থাপনের ইচ্ছা নয়, বরং স্বাস্থ্যগত কারণও রয়েছে। প্রায় আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি খাদ্যে নিয়ন্ত্রণ আনেন এবং নিয়মিত শরীরচর্চা শুরু করেন।
মা হওয়ার পর শখের ওজন প্রায় ৮০ কেজিতে পৌঁছেছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে এলেও এরপর আর ওজন কমছিল না। এর আগে তিনি কয়েকবার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চা শুরু করলেও নিয়মিতভাবে তা ধরে রাখতে পারেননি।
তবে এবার স্বাস্থ্যগত কারণে শখ জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন এনেছেন। তিনি খাবারের তালিকা থেকে গরুর মাংসের পরিমাণও কমিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এবারের কোরবানির ঈদে তিনি মাত্র দুই টুকরা গরুর মাংস খেয়েছেন।
বর্তমানে তার খাদ্য তালিকায় বেশি পরিমাণে সবজি, মুরগি ও ডিম রয়েছে। আলুও তিনি বাদ দিয়েছেন। পাশাপাশি, শখ বাড়িতে রান্না করা খাবার খাওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত শরীরচর্চা করছেন।
ওজন কমানোর পাশাপাশি শখ অভিনয়ে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। বিয়ে, সংসার ও সন্তানের কারণে দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। ইতোমধ্যে কয়েকজন চলচ্চিত্র পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাই তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলার পাশাপাশি নতুন চরিত্রে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ