ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে : সারাহ কুক


বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে : সারাহ কুক

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, গভীর জনসম্পৃক্ততা, প্রাণবন্ত অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারাহ কুক বলেন, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিস্তৃত পরিসরের বিভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও তাদের আলোচনায় স্থান পেয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আমাদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুসহ বিস্তৃত পরিসরের অভিন্ন অগ্রাধিকার স্থান পেয়েছে।’

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তুলে ধরে সারাহ কুক বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর ও দীর্ঘদিনের যোগাযোগের ওপর ভিত্তি করে এ অংশীদারত্ব গড়ে উঠেছে।

তিনি বলেন, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতাও এ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি এ অংশীদারত্বকে উভয় দেশের জন্য সুনির্দিষ্ট ও বাস্তব সুফলে রূপ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের শক্তিশালী অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে আমি আগ্রহী।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চান হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা চান হুমায়ুন

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করে হুমায়ুন কবির দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে মিয়ানমারে নিজ মাতৃভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক  পেনহোল্ডার’ হিসেবে যুক্তরাজ্য তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।

রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনের আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরতেও লন্ডন কাজ করে যাবে বলে জানান সারাহ কুক।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার হুমায়ুন কবিরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শক্তিশালী যোগাযোগের বিষয়টি সন্তোষের সঙ্গে উল্লেখ করে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা আরও গভীর করা, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার শিক্ষা, অভিবাসন ও মানুষের চলাচল, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তাসহ অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারাহ কুক বলেন, গভীর জনসম্পৃক্ততা, প্রাণবন্ত অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতার ভিত্তিতে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্ব ‘ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে’।

তিনি বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় উঠে এসেছে।

সারাহ কুক বলেন, ‘আমাদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়সহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিস্তৃত অগ্রাধিকারগুলো উঠে এসেছে।’

দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তির কথা তুলে ধরে ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর যোগাযোগের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে।

তিনি বলেন, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠ সহযোগিতাও এ সম্পর্কের অন্যতম ভিত্তি।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে হুমায়ুন কবির ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সারাহ কুক। একই সঙ্গে এ অংশীদারত্বকে দুই দেশের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফলে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রী এবং আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, যাতে আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়া এবং উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা   

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা   

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরিবারের দাবি, সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে পাওয়া টাকা নিয়ে ঢাকায় গিয়ে পুরনো আইফোন পরিবর্তন করে নতুন আইফোন কিনেছেন ওই বাবা।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে দিয়ে ছেলে মুসাকে জামাকাপড় পরিয়ে নেন এবং বাজারে যাওয়ার কথা বলে তাকে নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোবাইলে যোগাযোগ করা হলে মারুফ জানান, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে লিখিতভাবে শিশুটিকে দিয়ে দিয়েছেন এবং বিনিময়ে এক লাখ টাকা নিয়েছেন। পরিবারের অভিযোগ, ওই টাকা নিয়েই মারুফ ঢাকায় গিয়ে পুরনো আইফোন বদলে নতুন আইফোন কেনেন।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ সাভারে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে প্রায় তিন বছর পর মুসার জন্ম হয়। প্রায় এক মাস আগে পারিবারিক বিরোধের জেরে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর মারুফও ঢাকায় চলে আসে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার আগে তিনি বাড়িতে ফেরেন।

মাহফুজা বেগম আরও বলেন,  শনিবার সকালে মারুফ আমাকে মুসাকে জামাকাপড় পরিয়ে দিতে বলে। সে বলেছিল, মুসাকে নিয়ে বাজারে যাবে। পরে অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। খোঁজ নিতে গিয়ে জানতে পারি, নাতিকে অন্যের কাছে দিয়ে দেয়া হয়েছে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই।

শিশুটিকে নিজের কাছে রাখা ইমরান হোসেন বলেন, মারুফ আগে থেকেই তার কাছে শিশুটিকে দেয়ার কথা বলে আসছিল। তার শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই। এ কারণে পরিবারের সঙ্গে আলোচনা করেই শিশুটিকে তার কাছে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। 

তবে শিশুটিকে দেওয়ার ঘটনায় টাকা লেনদেন হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিশুটির বাবা তাকে চরকাজল এলাকার যার কাছে রেখে গেছেন, সেখান থেকে উদ্ধারের কার্যক্রম চলছে। একই সঙ্গে শিশুটির বাবাকে ঢাকা থেকে আনার চেষ্টা চালানো হচ্ছে। এখানে টাকা-পয়সা লেনদেন হয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। কারণ শিশুটির বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক নেই। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ১ হাজার ৬৭৫ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে ১ হাজার ৬৭৫ মামলা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৮০ টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১১১ টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে।
 
এছাড়াও অভিযানকালে মোট ৪১৪ টি গাড়ি ডাম্পিং ও ১৯৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছয় মাস পেরিয়ে গেছে, আর কত মাস লাগবে’, সংসদে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


‘ছয় মাস পেরিয়ে গেছে, আর কত মাস লাগবে’, সংসদে প্রশ্ন

‘ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে’, সংসদে প্রশ্ন

 

সরকারদলীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন, "ইন্টেরিম গভর্নমেন্ট এক দিন বা সাত দিনে পারে, অথচ আমাদের সরকারের ছয় মাস অতিবাহিত হচ্ছে। সেই কাজ করতে আর কত দিন লাগবে?"

 

৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনায় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়ে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে ওই প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান জানান, জনগণের স্বার্থে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। তবে আইন ও বিধি অনুসরণ করে প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, "দেশের উন্নয়নকাজের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"

 

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা, জেলা-উপজেলা এবং অন্যান্য ক্রয়কারী কার্যালয়ে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০২৫ অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্ত্রী ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে বলেন, "আমাদের মন্ত্রণালয় সে বিষয়ে সম্পূর্ণ সজাগ এবং জনগণের স্বার্থে আমরা এই বিষয়টি বিবেচনায় রেখেছি। যথাসময়ে প্রয়োজনে সেটা আমরা অনুমোদন করব।"

তিনি আরো জানান, সরকারি ক্রয়কার্যে মূলত সীমিত দরপত্র পদ্ধতি (এলটিএম) ও উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) অনুসরণ করা হয়।

 

এলটিএমে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের কাজ করা যায়। আর যেকোনো পরিমাণ মূল্যের জন্য ওটিএম প্রযোজ্য।

সম্পূরক প্রশ্নে মোশারফ হোসেন বলেন, "গত ১৭ থেকে ২০ বছরে অনেক শিক্ষিত যুবক বেকার হয়ে পড়েছেন। তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন। বিগত সরকার তাদের এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ কাউকে সেখানে অংশগ্রহণ করতে দেয়নি।"

 

তিনি জানতে চান, "এ প্রক্রিয়া করতে অন্তর্বর্তী সরকার যদি একদিন বা সাত দিনের মধ্যে পারে, তাহলে বর্তমান সরকারের ছয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন এটি সহজীকরণ করা যাচ্ছে না?" মোশারফ হোসেন বলেন, "টেন্ডার প্রক্রিয়া সহজ করা হলে শিক্ষিত বেকার যুবকসহ দেশের সাধারণ মানুষ এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। চাকরির বয়স পেরিয়ে যাওয়া ব্যক্তিরাও এভাবে কাজের সুযোগ পেতে পারেন।"

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় সরকারমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, "মাননীয় মন্ত্রী, ছয় মাস চলে গেল, আর কয় মাস লাগবে?"

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "অন্তর্বর্তী সরকার যেভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, বর্তমান সরকারের সে সুযোগ নেই। কারণ বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় আইন-কানুন ও নিয়ম মেনেই কাজ করতে হয়।"

তবে মোশারফ হোসেনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, "আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যুক্তিসংগত।" তিনি জানান, সরকারি ক্রয়ব্যবস্থার আইন ও বিধি যুগোপযোগী করে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিসভার একটি সাব-কমিটি গঠন করা হয়েছে এবং কয়েক দফা বৈঠকের পর একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। অচিরেই সেইটা পার্লামেন্টের সামনে আসবে। আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকারি ক্রয়ব্যবস্থায় থাকা সিন্ডিকেটের ব্যারিকেড ভাঙার ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%