মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২০ পি.এম
দ্য ডাচেস অব এডিনবরা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন।
তিনি সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে এই স্থানগুলো পরিদর্শন করেন। সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে হেলিকপ্টারযোগে তার যাত্রা শুরু হয়।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে একই হেলিকপ্টারে তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে ফিরে আসেন।
যাত্রা ও প্রত্যাবর্তনকালে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশ বিমান বাহিনী জানায়, ব্রিটিশ রাজপরিবারের সদস্যের এই সফরে হেলিকপ্টার পরিবহন সহযোগিতা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ পরিচালনা করলে, মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং তার সহযোগীদের আইনের মুখোমুখি করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি প্রকাশ করেন।
পোস্টে শেখ তানভীর উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গিয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে, নাকে খত দিয়ে উত্তম-মাধ্যমে এই ক্যাম্পাস থেকে বিতারিত করেছিল।
হামীম বলেন, জঙ্গী স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে উদ্দেশ্য করে বলেন - এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গী মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও। নির্লজ্জতার এমন উচ্চতায় গিয়েছো যে, মুখোমুখি হওয়ার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়ে ফেলেছো।
তিনি হুঁশিয়ারি দেন, মনে রাখবে- তুমি জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের এবং তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। অন্যদিকে, বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি উল্লেখ করেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?’
ডা. শফিকুর রহমান গোয়েন্দা সংস্থার তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা মাঝে মাঝে সফল গোয়েন্দার তথ্য শুনি, ভুয়া তথ্য। যেটা নিশ্চিত তথ্য, যেটা শতভাগ ভুয়া।’
বিরোধী দলের সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এ প্রসঙ্গে এক সংসদ সদস্যের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এখন বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন ফাংশনিং। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দপ্তর থেকে তাকে ফোন করে বলা হয়েছে, আপনি জামায়াত ছেড়ে দেন। আপনি এই কাজ করেন।’
তিনি ওই সংসদ সদস্যকে ফোন করা নম্বরটি সংরক্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, এটা ভুয়াও হতে পারে, সঠিকও হতে পারে। এই নম্বরটা রেকর্ড করে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দিয়ে দেই, তারা দেখুক সে কে।’
ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, গোয়েন্দা সদস্যদের কোনো রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ দেওয়ার অধিকার আছে কি না। তিনি বলেন, ‘এই কথা বলার দায়িত্ব এবং অধিকার আদৌ কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না?’
এ ধরনের কর্মকাণ্ডকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘এটা একটা অডাসিটি। আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ। আমরা ওই যুগটা আর ফিরে আসুক দেখতে চাই না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের নদনদীগুলোর ওপর পড়ছে। এর ফলে, শুষ্ক মৌসুমের আগেই পদ্মা-যমুনা নদী শুকিয়ে যাচ্ছে। দেখা দিয়েছে নাব্যতা সংকট। আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ঘাটের কাছে ড্রেজিংয়ের কারণে ৭ নম্বর ফেরিঘাটটি বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরে। ড্রেজিং খাতে কোটি কোটি টাকা ব্যয় করেও নৌপথ সচল রাখা কঠিন হয়ে পড়েছে। ফেরিগুলো ঘুরপথে চলাচল করছে। এতে একদিকে ফেরির জ্বালানি খরচ বেড়েছে, অন্যদিকে সময়ও বেশি লাগছে। ফলে যানবাহন শ্রমিক ও ফেরিতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ সূত্রে জানা গেছে, এবারের পানি হ্রাসের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় ব্যতিক্রম। শুষ্ক মৌসুম আসার আগেই পদ্মা-যমুনায় পানি দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। ফেরি সার্ভিস ঠিক রাখতে বর্ষা মৌসুম থেকেই আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পথে এবং আরিচা ঘাটের অদূরে গত ১৯ আগস্ট থেকে ৫টি ড্রেজার, কল্যাণপুর এলাকায় গত ২৫ সেপ্টেম্বর ২টি ড্রেজার, কৈটোলা এলাকায় গত ৪ অক্টোবর থেকে ১টি ড্রেজার এবং ২৩ অক্টোবর থেকে নগরবাড়ি এলাকায় ২টি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলছে।
এছাড়া, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া ঘাটের কাছে গত ৬ অক্টোবর থেকে ৪টি ড্রেজার দিয়ে পদ্মা নদীতে ড্রেজিং শুরু হয়েছে। এসব নৌপথে নাব্যতা ঠিক রাখতে মোট ১৪টি ড্রেজার ড্রেজিং কাজে নিয়োজিত রয়েছে।
এবার শুরু থেকেই ২৯ অক্টোবর পর্যন্ত আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পর্যন্ত নৌপথের যমুনায় ১০ লাখ ঘনমিটার এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ১ লাখ ঘনমিটার পলিমাটি ড্রেজিং করে অপসারণ করা হয়েছে। এ বছর আরিচা-কাজিরহাট-নগরবাড়ি-বাঘাবাড়ি পর্যন্ত নৌপথে ৪০ লাখ এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৮ লাখ ঘনমিটার বা তার অধিক ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ড্রেজিংয়ের মাত্রা কমবেশি হতে পারে।
মঙ্গলবার সরজমিনে আরিচা-কাজিরহাট নৌরুট পরিদর্শন করা হলে দেখা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটের আরিচা ঘাটের অদূরে ৫টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ চলছে। উক্ত নৌপথে স্পিডবোট ও লঞ্চ এবং ছোট নৌকা চলাচল করলেও ফেরিগুলো চলাচল করতে পারছে না। ফেরিগুলোকে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। এতে ফেরিতে নদী পারাপার হতে সময় বেশি লাগছে, অন্যদিকে ফেরির জ্বালানি খরচ বেড়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। আরিচা ঘাটের অদূরে চরের কারণে এসব ফেরিগুলোকে ৬ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এসব ফেরি দিয়ে প্রতিদিন ৩০টি ট্রিপ দেওয়া সম্ভব। কিন্তু ঘুরপথে ফেরি চলাচল করায় গতি আগের চেয়ে অনেক কমে গেছে। ফলে আগে যেখানে ট্রিপ হতো ২০-২৫টি, এখন সেখানে ট্রিপ হচ্ছে ১২-১৩টি। আরিচা ঘাটের অদূরে চরের কারণে ১৩ কিলোমিটার নৌরুটের দূরত্ব বেড়ে ২০ কিলোমিটারে দাঁড়িয়েছে। এতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে এবং জ্বালানি খরচও বেড়েছে, অথচ ভাড়া অপরিবর্তিত রয়েছে। পূর্বে সোজা চ্যানেলে আরিচা-কাজিরহাট নৌরুটে যাতায়াতে সময় লাগত সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা, আর এখন সময় লাগছে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। প্রতি ট্রিপে ৪০ থেকে ৪৫ লিটার জ্বালানি খরচ বেশি হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্তব্য করেন, অন্যান্য বছর শুধুমাত্র শুষ্ক মৌসুমে ড্রেজিং করতে দেখা যেত। কিন্তু এবারে আরিচা-কাজিরহাট নৌরুটে ভরা বর্ষা থেকেই ড্রেজিং করা হচ্ছে। তাও আবার ড্রেজিংকৃত মাটি নৌপথের মাঝেই ফেলতে দেখা যাচ্ছে। এটি কী ধরনের ড্রেজিং, তা আমাদের বোধগম্য হচ্ছে না। যে কারণে প্রায় ৩ মাসের বেশি সময় ধরে ৪টি ড্রেজার দিয়ে পলি অপসারণের কাজ করেও নৌপথটি ফেরি চলাচলের উপযোগী করা যাচ্ছে না। ফেরিগুলোকে ঘুরপথেই চলাচল করতে হচ্ছে।
আরিচা ঘাটের স্থানীয় ব্যবসায়ী মো. সালাউদ্দিন বলেন, নাব্যতা সংকটের কারণে এবার বর্ষা মৌসুম থেকেই আরিচা ঘাটের অদূরে ড্রেজিং চলছে। কিন্তু এখনও ফেরি চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। প্রায় ৬ কিলোমিটার পথ ঘুরে ফেরি চলাচল করছে। এতে জ্বালানি খরচ ও সময় বেশি লাগছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাটের ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ জানান, আরিচা-কাজিরহাট নৌরুটে এবারে বর্ষা মৌসুম থেকেই ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনও এ নৌপথটি সচল করা সম্ভব হয়নি। যে কারণে ফেরিগুলো ঘুরপথে চলাচল করছে। এতে সময় বেশি লাগছে এবং জ্বালানি খরচ বেড়েছে। সময় বেশি লাগায় যানবাহন এখান থেকে যেতে চায় না। ফলে গাড়ির সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে, যার ফলে ফেরির ট্রিপের সংখ্যাও অনেক কমে গেছে।
বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আহম্মেদ বলেন, এখনও ওই রকম নাব্যতা সংকট হয়নি। ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য আগে থেকেই ড্রেজিং করে চ্যানেল ঠিক রাখা হচ্ছে। স্থানীয় জনতার চাহিদার প্রেক্ষিতে আরিচা ঘাটের অদূরে আরিচা-কাজিরহাট নৌরুটে ড্রেজিং কার্যক্রম চলছে। এতে নৌপথের দূরত্ব কমবে এবং সময় বাঁচবে ও জ্বালানি খরচও কমে আসবে। হয়তো দু-একদিনের মধ্যে এ চ্যানেলটি সচল করা সম্ভব হবে বলেও তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর পুলিশ সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে।
এটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কলেজের মূল ফটকের সামনে। বিস্ফোরণের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পাওয়ার পর গঙ্গাচড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পর্কিত তথ্য পাওয়া গেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। উল্লেখ্য, শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের পুত্র।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ