ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

রাষ্ট্রের কার্যক্রম রাগ-ক্ষোভের নয়, যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণমন্ত্রী


রাষ্ট্রের কার্যক্রম রাগ-ক্ষোভের নয়, যৌক্তিকতার ভিত্তিতে: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, রাষ্ট্র কখনোই রাগ বা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না, বরং রাষ্ট্র চলে যৌক্তিকতার ভিত্তিতে।

তিনি বুধবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের ভিত্তিতে পরিচালিত হতে পারে না, রাষ্ট্র চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে। তিনি উল্লেখ করেন, সময়ের প্রয়োজনে মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই সংবিধানে পরিবর্তন আসে, তবে তা সংবিধানের মৌলিক ভিত্তিগুলোকে বিনষ্ট করে নয়।

আরও পড়ুন: আইনমন্ত্রী: আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা

তিনি আরো বলেন, এ দেশের জনগণ কখনোই বাড়াবাড়িকে পছন্দ করে না, এবং যারা বাড়াবাড়ি করেছে, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করেছে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে এদেশের মানুষ কখনোই ভুল করে না এবং যারা সংবিধান সংশোধনের পক্ষে ছিল, জনগণ তাদেরকেই সমর্থন দিয়েছে এবং নির্বাচিত করেছে।

মন্ত্রী আরও বলেন, ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে শত প্রতিকূলতা পেরিয়ে আমরা যে সম্প্রীতি নিয়ে মিলেমিশে বসবাস করছি, তা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস উপলক্ষে রাজশাহীতে পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


জাতীয় যুব দিবস উপলক্ষে রাজশাহীতে পদ্মা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার সকালে পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি নদীর উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক শামসুল নাহার, সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) মো. বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. ইয়াছিন মিয়া এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ শতাংশে বিষণ্নতার লক্ষণ: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ শতাংশে বিষণ্নতার লক্ষণ: গবেষণা

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সময়টিকে তরুণদের জীবনের সম্ভাবনাময় অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়, তবে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ মানসিক স্বাস্থ্যসংকটে ভুগছে। এক গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণ দেখা গেছে। উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী তীব্র ও অত্যন্ত তীব্র বিষণ্নতার লক্ষণ প্রকাশ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে মানসিক স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান 'বন্ধু' (BONDHU) এবং যুব উন্নয়ন ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান 'বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংক' (BYTT) আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরা হয়।

গবেষণাটির শিরোনাম 'Socio-demographic Predictors of Depression Among University Students in Bangladesh: Evidence from Regression Modeling'। এটি দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজের ১৮ থেকে ২৬ বছর বয়সী ৪২২ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর ওপর পরিচালিত হয়। শিক্ষার্থীদের বিষণ্নতার মাত্রা নির্ধারণে গবেষকেরা ডিএএসএস-২১ (DASS-21)-এর বাংলা বিষণ্নতা উপ-স্কেল ব্যবহার করেন।

গবেষণার ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারীদের ১২ দশমিক ৩ শতাংশের মধ্যে মৃদু, ২৮ দশমিক ৭ শতাংশের মধ্যে মাঝারি, ১২ দশমিক ৩ শতাংশের মধ্যে তীব্র এবং ২০ দশমিক ৯ শতাংশের মধ্যে অত্যন্ত তীব্র বিষণ্নতার লক্ষণ রয়েছে।

শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন ও অভ্যাস বিশ্লেষণ করে গবেষকেরা কয়েকটি বিষয়কে বিষণ্নতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্কের অবনতি, আত্মহত্যার চিন্তা, ঘুম ও খাদ্যাভ্যাসে অনিয়ম, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা।

জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৯ দশমিক ১ শতাংশ জানিয়েছেন, নিয়মিত পড়াশোনার জন্য তাঁরা প্রতিদিন এক ঘণ্টাও ব্যয় করেন না। অন্যদিকে, ৫৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী দৈনিক পাঁচ ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান। ঘুম থেকে জাগার আধা ঘণ্টার মধ্যেই মুঠোফোন ব্যবহার শুরু করেন ৮৭ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ২৫ দশমিক ৮ শতাংশের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এ ছাড়া ২২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রয়োজন অনুভব করলেও বিভিন্ন কারণে সেই সেবা নিতে পারছেন না।

পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ও গোপনীয়তা নিশ্চিত করে এমন মানসিক স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সহজলভ্য পেশাদার কাউন্সেলিং সেবা চালু, অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াতব্যবস্থার উন্নয়ন এবং দৈনন্দিন জীবনে ভারসাম্য রক্ষায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে কেবল ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখা উচিত নয়। এটি শিক্ষা, জনস্বাস্থ্য ও সামাজিক নীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ জীবন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের সাধারণ সম্পাদক শেখ রিফাদ মাহমুদ। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন মাহাদী-উল-মোর্শেদ। আলোচনা শেষে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ থিংক ট্যাংকের পরিচালক কাজী সাদ্দাম হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে সংঘর্ষটি সংঘটিত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সির এবং নূর ইসলাম মুন্সির মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে কালাম মুন্সি তার ফসলি জমিতে বেড়া দেওয়ার সময় নূর ইসলাম মুন্সির সমর্থকেরা তাকে মারধর করেন।

এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ার পর দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে নূর ইসলাম ও কালাম মুন্সির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের সঙ্গে রুনা খানের সাক্ষাৎ, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


ডেপুটি স্পিকারের সঙ্গে রুনা খানের সাক্ষাৎ, আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‌্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার রুনা খানকে তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের একজন নাগরিকের এ ধরনের অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে সমগ্র জাতির জন্য গৌরবের বিষয়। মানবকল্যাণ, সমাজের উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনে নিবেদিত ব্যক্তিদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

এ সময় তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগণের জীবনমান উন্নয়নে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ডেপুটি স্পিকার রুনা খানকে উদ্দেশ্য করে বলেন, "আপনি আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ।"

মতবিনিময়কালে ডেপুটি স্পিকার তার নিজ জেলা নেত্রকোণার মানুষের আর্থসামাজিক অবস্থা এবং বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।" দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তিনি হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি স্যাটেলাইট হাসপাতাল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জরুরি রোগী পরিবহন, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নৌ-অ্যাম্বুলেন্স বা ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, "জীবিকার তাগিদে হাওরাঞ্চলের অনেক মানুষ নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে রিকশা চালানোসহ নানা পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন।" অথচ একসময় এ হাওরাঞ্চল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। পরিকল্পিত উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বর্তমানে এ অঞ্চলের বিপুল সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

হাওরের জলমহাল ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, "অনেক ক্ষেত্রে সমাজের বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিরা জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করছেন।" অথচ প্রকৃত জেলেদের জীবিকা ও অধিকার সুরক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। জলমহাল ব্যবস্থাপনায় সাধারণ জেলে ও স্থানীয় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হলে তাদের জীবিকার সুযোগ বাড়বে এবং স্থানীয় মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, "অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রতিদিন দুই থেকে তিন মাইল পথ পাড়ি দিতে হয়।" দুর্গম যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থার পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ডেপুটি স্পিকার বলেন, হাওরাঞ্চলের রয়েছে বিপুল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনা। মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটনকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলে স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব। এ জন্য হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগণের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তার মতে, হাওরকে শুধু একটি ভৌগোলিক অঞ্চল হিসেবে বিবেচনা না করে জাতীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হিসেবে দেখতে হবে।

ডেপুটি স্পিকার নেত্রকোণার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পিকারের আন্তরিক উদ্যোগ ও ভাবনার প্রশংসা করেন। তিনি বলেন, "সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তনে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।" বিশেষ করে হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

রুনা খান নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তার প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ’-এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রেন্ডশিপ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%