ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

টেকেনি দুই বিয়ে, ৭ বছর পর প্রথম স্ত্রীর কাছে ফিরলেন রঞ্জিত


টেকেনি দুই বিয়ে, ৭ বছর পর প্রথম স্ত্রীর কাছে ফিরলেন রঞ্জিত

প্রেমের মাধ্যমে বিয়ে, সেই সংসারে এসেছে দুই সন্তান। দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদ ঘটে। নতুন করে বিয়েও করেন রঞ্জিত। কিন্তু দ্বিতীয় সংসারও টেকেনি। শেষ পর্যন্ত ফিরে আসেন প্রথম স্ত্রী প্রিয়া রমনের কাছে। দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত ও অভিনেত্রী প্রিয়া রমনের প্রেমের কাহিনী যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তারা দুবার একই মানুষের প্রেমে পড়েছেন। বিচ্ছেদের সাত বছর পরে আবারও এক হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

তাদের পুনর্মিলনের গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, রঞ্জিতের দ্বিতীয় বিয়ের পরেও প্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। মাঝখানে অন্য একজনকে জীবনসঙ্গী করেছিলেন রঞ্জিত। সেই বিয়েও ভেঙে যাওয়ার পর পুরোনো প্রেমের কাছে ফিরে আসেন তিনি। অসুস্থতার সময়ে প্রিয়াকে পাশে পাওয়ার মাধ্যমে এবং দুজনের নতুন করে একে অপরকে গ্রহণ করার মধ্য দিয়ে তাদের জীবনে শুরু হয় দ্বিতীয় ইনিংস।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে আবারও আলোচনায় এসেছে এই জুটির ব্যতিক্রমী প্রেমের গল্প।

আরও পড়ুন: বোজ্যাক হর্সম্যান-এর অ্যানিমেটর মাইকেল জন রবার্টস মারা গেছেন

রঞ্জিত ও প্রিয়া রমনের অভিনয়জীবন শুরু হয় একই বছর, ১৯৯৩ সালে। রঞ্জিত তামিল ছবি ‘পোন ভিলাঙ্গু’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। অন্যদিকে প্রিয়ার অভিষেক ঘটে রজনীকান্তের প্রযোজিত ‘ভাল্লি’ ছবিতে। এই ছবিতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন। ছবিতে রজনীকান্তও বিশেষ চরিত্রে ছিলেন।

দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে দ্রুত পরিচিতি পান প্রিয়া। বিশেষ করে মালয়ালম সিনেমায় তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। মোহনলাল, মাম্মুট্টি, সুরেশ গোপী ও কমল হাসানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। মোহনলালের সঙ্গে ‘মান্ত্রিকম’ ও ‘আরাম থামপুরান’, মাম্মুট্টির সঙ্গে ‘সাইন্যম’ এবং ‘নম্বর ওয়ান স্নেহতীরাম বেঙ্গালোর নর্থ’, সুরেশ গোপীর সঙ্গে ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন প্রিয়া। ‘সাইন্যম’ ছবিতে তার আধুনিক পোশাক ও প্রাণবন্ত উপস্থিতি সে সময় বেশ আলোচিত হয়েছিল। ‘কাশ্মীরাম’ ও ‘অর্থনা’ ছবির গানেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

অন্যদিকে তামিল ও মালয়ালম—দুই ভাষার সিনেমাতেই নিজের অবস্থান তৈরি করেন রঞ্জিত। ‘নাটপুক্কাগা’, ‘ধর্মা’, ‘মারু মালার্চি’, ‘পুধুমাই পিথান’সহ বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৯৮ সালে মাম্মুট্টির বিপরীতে ‘মারু মালার্চি’ ছবিতে অভিনয়ের জন্য তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কারে সেরা খলনায়কের সম্মান পান। মালয়ালম ছবিতেও খলনায়ক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন রঞ্জিত। মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’, মাম্মুট্টির ‘রাজামানিক্যম’ ছবিতে তার অভিনয় দর্শকের নজর কাড়ে।

১৯৯৯ সালে তামিল ছবি ‘নেসাম পুধুসু’র সেটে পরিচয় ঘটে রঞ্জিত ও প্রিয়ার। ছবিতে তারা ছিলেন নায়ক-নায়িকা। অভিনয়ের সূত্রে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। একই বছর তারা বিয়ে করেন। সংসারে আসে দুই ছেলে।

আরও পড়ুন: পাঁজরের পাঁচটি হাড় ভাঙার পর টিনু আনন্দের চিকিৎসা অবস্থা জানালেন চিকিৎসকরা

বিয়ের পর সংসারে মনোযোগী হন প্রিয়া। অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে দুই সন্তানকে বড় করে তোলার পাশাপাশি সংসার সামলাতে শুরু করেন। রঞ্জিত অবশ্য অভিনয় চালিয়ে যান। তামিল ও মালয়ালম ছবিতে নিয়মিত কাজ করছিলেন তিনি।

প্রিয়ার অভিনয়জীবনের বিরতি দীর্ঘ হলেও পরবর্তী সময়ে ছোট পর্দায় ফিরে আসেন তিনি। মালয়ালম ও তামিল টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে আবারও দর্শকের সামনে হাজির হন। তার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে ছিল ‘সেম্বারুথি’।

তবে ধীরে ধীরে তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে বাড়ছিল সম্পর্কের টানাপোড়েন। শেষ পর্যন্ত ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে রঞ্জিত ও প্রিয়ার। ১৯৯৯ সালে বিয়ের পর প্রায় ১৫ বছরের সংসারের ইতি ঘটে। তাদের বিচ্ছেদের খবর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

বিচ্ছেদের কারণ নিয়ে তখন বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। ২০১৪ সালের জুনে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে রঞ্জিত তাদের আলাদা হওয়ার কারণ হিসেবে ‘মতপার্থক্য’ বা পারস্পরিক বোঝাপড়ার অভাবের কথা জানিয়েছিলেন। দুই সন্তানের দায়িত্বও তখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।

আরও পড়ুন: পাকিস্তানের সিনেমায় পা রাখছেন শাকিব খান!

পরে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ তাদের বিচ্ছেদের পেছনে রঞ্জিতের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনের কথা বলেন। তার দাবি, অন্য এক নারীর সঙ্গে রঞ্জিতের সম্পর্কের খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রিয়া। স্বামীকে সেই সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

বিচ্ছেদের পর দুই সন্তানের দায়িত্ব নেন প্রিয়া। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আবারও অভিনয়ে মনোযোগী হন তিনি। একসময় সংসারের জন্য কাজ থেকে দূরে সরে যাওয়া এই অভিনেত্রীকে নতুন করে নিজের পেশাগত জীবন গড়ে তুলতে হয়।

প্রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বেশি সময় অপেক্ষা করেননি রঞ্জিত। ২০১৪ সালেই অভিনেত্রী রাগাসুধাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের এক বছরের মাথায়, ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এদিকে প্রিয়া নিজের জীবন ও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি টেলিভিশনে নিয়মিত অভিনয় করছিলেন। দুই সাবেক স্বামী-স্ত্রীর জীবন তখন আলাদা পথে চলছিল। কিন্তু ভাগ্য যেন তাদের জন্য অন্য গল্প লিখে রেখেছিল।

আরও পড়ুন: জুহি চাওলার জন্মদিনে তার সেরা ১০ সিনেমার তালিকা

বিচ্ছেদের প্রায় সাত বছর পর আবারও কাছাকাছি আসেন রঞ্জিত ও প্রিয়া। তাদের পুনর্মিলনের পেছনের গল্প জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আলাপ্পি আশরাফ।

তার ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় দুজনের। অনুষ্ঠানে রঞ্জিতের হাত থেকেই পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন প্রিয়া। সেই মুহূর্তে রঞ্জিত আবারও প্রিয়াকে বিয়ের প্রস্তাব দেন। পুরোনো সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

অন্যদিকে ২০২৫ সালে মনোরমা-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রঞ্জিত অসুস্থ হয়ে পড়ার পর প্রিয়া আবার তার পাশে দাঁড়ান। সেই কঠিন সময়ে প্রিয়ার কাছ থেকে পাওয়া সহযোগিতা তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে।

তাদের পুনর্মিলনের খবর অবশ্য প্রকাশ্যে আসে আরও পরে। ২০২১ সালের জুনে নিজেদের ২২তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে ছবি প্রকাশ করেন দুজন। ছবিতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে বিস্মিত হন ভক্তরা। রঞ্জিত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় তাদের জীবনের পথচলা সুন্দর হয়ে উঠেছে।

আরও পড়ুন: দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তুরস্কের নতুন ভৌতিক সিনেমা ‘সয়’

প্রিয়াও ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন। এরপর তাদের সম্পর্ক আবারও জোড়া লেগেছে—এমন খবর ছড়িয়ে পড়ে দক্ষিণ ভারতীয় গণমাধ্যমে।

প্রিয়া ও রঞ্জিতের পুনর্মিলনের আরেকটি ইঙ্গিত পাওয়া যায় তাদের পেশাগত জীবনেও। ২০২১ সালে তামিল ধারাবাহিক ‘সেন্থুরা পুভে’তে একসঙ্গে অভিনয় করেন তারা। ধারাবাহিকে রঞ্জিতের চরিত্র দুরাইসিংগমের স্ত্রীর ভূমিকায় দেখা যায় প্রিয়াকে। বাস্তব জীবনে একসময় স্বামী-স্ত্রী ছিলেন, পরে বিচ্ছেদ হয়েছে, আবার সম্পর্ক জোড়া লেগেছে—এমন দুই মানুষের পর্দায়ও স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় দর্শকের আগ্রহ বাড়ায়।

২০২৪ সালের ডিসেম্বরে ‘বিগ বস তামিল ৮’-এর প্রতিযোগী হিসেবে রঞ্জিতের অংশগ্রহণের সময়ও প্রিয়াকে ঘিরে একটি দৃশ্য আলোচনায় আসে। অনুষ্ঠান শেষে বিদায়ের এক আয়োজনে প্রিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রঞ্জিত। তাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায়। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক বিজয় সেতুপতির সঙ্গে হাত মেলানোর কথাও ভুলে গিয়েছিলেন তিনি—এমন বর্ণনা দিয়েছে মনোরমা।

আরও পড়ুন: ‘নতুন করে আমার জন্ম হয়েছে’— আবেগাপ্লুত তানিয়া বৃষ্টি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

শুক্রবার ছিল সরকারি ছুটির দিন। এদিনে সাধারণত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবদুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু সেটি পরে নামানো হয়নি। স্কুল ছুটি হওয়ার পর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা বাড়িতে চলে যান। এরপর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখা যায় ওই বিদ্যালয়ে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, ইমতিয়াজ আহমেদ এবং খায়রুল ইসলাম জানান, আবদুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নিয়মের তোয়াক্কা না করে একতরফা ও মনগড়া ভাবে স্কুল পরিচালনা করছেন। তারা অভিযোগ করেন, স্কুল বন্ধের দিনে জাতীয় পতাকা টানিয়ে রেখে তিনি জাতীয় পতাকাকে অবমাননা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, তিনি ব্যক্তিগত কাজে নোয়াখালীর মাইজদী যাচ্ছেন এবং এরপর ফোন কেটে দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহে আলম বলেন, "বন্ধের দিনে পতাকা টানিয়ে রাখার কোনো নির্দেশনা নেই। এটা এক ধরনের জাতীয় পতাকা অবমাননার শামিল।" তিনি জানান, খবর পেয়ে ওই বিদ্যালয়ে লোক পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


কুড়িগ্রামে চোরের দৌরাত্ম্য, দিনে বাড়ি রাতে দোকান লুট

কুড়িগ্রামের রাজারহাটে চুরির ঘটনা যেন থামছেই না। দিনে-দুপুরে বসতবাড়িতে চুরি এবং গভীর রাতে ব্যবসাপ্রতিষ্ঠানের টিন কেটে লুটের ঘটনা ঘটছে। মাত্র এক মাসের মধ্যে তিনটি বাড়িতে চুরির পর, এবার উপজেলা সদরের ব্যস্ততম রাজারহাট সদর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে ঢুকে নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। একের পর এক ঘটনার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজারহাট সদর বাজারের ঐতিহ্যবাহী বেঙ্গল ট্রেডার্সে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারির ড্রয়ার ও টেবিলের ড্রয়ার ভেঙে তছনছ করে। সেখান থেকে আনুমানিক ৩০ হাজার টাকা নিয়ে যায় তারা। দোকানের ভেতরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো করে রেখে যায়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাতের আঁধারেই নয়, দিনের বেলাতেও চোরের দৌরাত্ম্য বেড়েছে। গত এক মাসে উপজেলার সদরের বোতলারপাড় গ্রাম, পুন:কর এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে তিনটি বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনটি বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পাশাপাশি দিনের বেলাতেও নিজেদের ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা।

বেঙ্গল ট্রেডার্সের মালিক রেজাউল করিম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘চোরেরা টিন কেটে দোকানের ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এক মাসে একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের প্রশ্ন—দিনের ব্যস্ততা আর রাতের নিরাপত্তা, কোনোটিই কি এখন রাজারহাটে চোরদের নাগালের বাইরে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পুরো পর্তুগাল দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে পুরো পর্তুগাল দল

ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটি ব্যতিক্রমী আয়োজনের পরিকল্পনা করছে পর্তুগাল ফুটবল দল। পরবর্তী ম্যাচে, যা ডেনমার্কের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে, পর্তুগালের সমস্ত খেলোয়াড় কিংবদন্তি এই ফরোয়ার্ডের বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করবেন। ম্যাচের সপ্তম মিনিটেও রোনালদোর সম্মানে বিশেষ আয়োজন থাকবে। জাতীয় দলের সদস্য হিসেবে তাঁর বিদায়ের পর এই উদ্যোগটি গ্রহণ করছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

ডায়েরিও দে নোতিসিয়াস (DN) নামক পর্তুগিজ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দলের জ্যেষ্ঠ খেলোয়াড় বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস এবং ব্রুনো ফার্নান্দেস কোচিং স্টাফ এবং ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনা করে এই সম্মাননা আয়োজনের সিদ্ধান্তে যুক্ত ছিলেন। তবে অনুষ্ঠানের বিস্তারিত বিষয় এখনও প্রকাশ করা হয়নি। শনিবার ১৪ নভেম্বর ব্রাগায় অনুষ্ঠিত হতে যাওয়া ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে দর্শকপূর্ণ স্টেডিয়ামে রোনালদোকে বিশেষ সম্মান জানানো হবে।

জাতীয় দলের সদস্য হিসেবে রোনালদোর বিদায়ের পর থেকেই তাঁকে যথাযথ সম্মান প্রদানের প্রতিশ্রুতি দিয়ে আসছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেছিলেন, পর্তুগিজ ফুটবলে রোনালদোর অবদানের প্রতিদান কোনো সম্মাননাই যথাযথভাবে দিতে পারবে না। তবে তাঁর অর্জন এবং উত্তরাধিকার উদ্‌যাপনে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

রোনালদো পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৩৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি করেছেন ১৪৬ গোল, যা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে। ২০১৯ সালে জেতে উয়েফা নেশনস লিগের শিরোপাও। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য রেকর্ড গড়ে বিদায় নিচ্ছেন।

রোনালদোর বিদায়ের পর তাঁকে ছাড়া নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি শুধুমাত্র নেশনস লিগের আরেকটি লড়াই নয়, বরং পর্তুগিজ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে স্মরণ করার একটি উপলক্ষও। ৭ নম্বর জার্সিতে পুরো দলের মাঠে প্রবেশ সেই আবেগকে আরও বিশেষ করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘ চিত্রাঙ্কন, আবৃত্তি এবং নৃত্যের মতো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজনটি সংগঠনটির উল্লাপাড়া উপজেলা শাখা দ্বারা পরিচালিত হয়।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য, গান, বুদ্ধির পরীক্ষাসহ বেশকিছু প্রতিযোগিতা। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "শিশুদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শিশুদের পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তুলবে।"

তিনি প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শলকী রানী মন্তব্য করেন, "২৬ বছরের শিক্ষকতা জীবনে এমন সৃজনশীল আয়োজন আগে দেখেননি। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত কার্যকর। প্রতিবছর বিদ্যালয়ে এমন আয়োজন করা হলে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও অনুপ্রেরণা পাবে।"

তিনি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সংগঠনটির সহযোগিতা কামনা করেন।

বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা রবিউল আলম বলেন, ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসিন জানায়, "চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান ও নাচের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সে খুবই আনন্দিত।" চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ জাকিয়া খাতুন বলেন, "এত সুন্দর আয়োজন তার খুব ভালো লেগেছে। এ ধরনের অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়।"

সাংবাদিক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শলকী রানী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা রবিউল আলম, সাধারণ সম্পাদক শাহআলম সরকার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য শর্মিলা স্বপ্না, শামীমা আফরোজ, আলোমনি এবং সংগঠনের অন্যান্য সদস্য।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন। পুরস্কার পেয়ে শিশুদের উচ্ছ্বসিত দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%