ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

টেস্ট ক্রিকেটে ‘চা-বিরতি’ শুরু হয়েছিল যেভাবে


টেস্ট ক্রিকেটে ‘চা-বিরতি’ শুরু হয়েছিল যেভাবে

ক্রিকেট খেলা আবিষ্কারের সমস্ত কৃতিত্ব ইংল্যান্ডের ঝুলিতে থাকলেও, ক্রিকেটের অতি পরিচিত এবং জনপ্রিয় ঐতিহ্য ‘টি-ব্রেক’ বা ‘চা-বিরতি’ চালুর কৃতিত্ব কিন্তু ইংলিশদের নয়! প্রাথমিক যুগের টেস্ট ম্যাচগুলোতে কোনো চা-বিরতির আনুষ্ঠানিক নিয়মই ছিল না। তথ্য বলছে, ১৮৮১-৮২ সালের ঐতিহাসিক অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াই প্রথম এই চা-বিরতির প্রচলন করেছিল।

পরবর্তীতে ১৮৯৯ সালে অস্ট্রেলিয়া দল যখন ইংল্যান্ড সফরে যায়, তখন অজি অধিনায়ক জো ডার্লিং আনুষ্ঠানিকভাবে চা-বিরতির প্রস্তাব দেন। ইংরেজরা তার সেই ইচ্ছাকে সম্মান জানালেও শুরুতে কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিল। বিরতি দেওয়া হলেও খেলোয়াড়রা মাঠ ছেড়ে প্যাভিলিয়নে যেতেন না; বরং মাঠেই তাদের জন্য চা ও হালকা নাশতা নিয়ে আসা হতো। ১৯০২ সালের অ্যাশেজেও এই নিয়ম বহাল ছিল। তবে ১৯০৫ সালে প্রথমবারের মতো ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে চা পানের উদ্দেশ্যে মাঠ ছেড়ে প্যাভিলিয়নে যাওয়ার সুযোগ পান। যদিও এর পরও বেশ কিছু বছর মাঠে বসে চা খাওয়ার ছবি ও ঐতিহ্য দেখা গেছে।

তবে চা-বিরতির সূচনা নিয়ে ক্রিকেট ইতিহাসে আরেকটি আকর্ষণীয় তথ্যও প্রচলিত আছে। টেস্ট খেলুড়ে দেশ না হলেও স্কটল্যান্ডের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ। ধারণা করা হয়, উনিশ শতকের শেষ দিকে স্কটিশ ম্যাচগুলোতে চা পানের চল শুরু হয়। ১৮৯২ সালের মে মাসে গ্লাসগোর টিটউডে নর্থাম্বারল্যান্ড ও গ্লাসগো অ্যান্ড ডিস্ট্রিক্টের মধ্যকার ম্যাচে মধ্যাহ্নভোজের পর প্রথম চা-বিরতির লিখিত প্রমাণ মেলে।

আরও পড়ুন: ঢাকা ক্লাবের ৮৩ রানের জয়, গুলশানকে উড়িয়ে দিল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

সময়ের বিবর্তনে টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটেও ঢুকে পড়েছিল এই ঐতিহ্য। ইংল্যান্ডে অনুষ্ঠিত ৬০ ওভারের প্রথম তিনটি বিশ্বকাপসহ তৎকালীন ওয়ানডে ম্যাচগুলোতে দুইবার বিরতি দেওয়া হতো—প্রথম ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতি এবং দ্বিতীয় ইনিংসে চা-বিরতি। অবশ্য আধুনিক ওয়ানডেতে দুই ইনিংসের মাঝে দীর্ঘ বিরতি রাখায় এই নিয়ম আর উঠে গেছে। বর্তমানে চা-বিরতি মূলত পাঁচ দিনের টেস্ট ক্রিকেটেরই অবিচ্ছেদ্য অংশ।

কালের পরিক্রমায় চায়ের মেন্যুতে এসেছে বৈচিত্র্য। এখন আর শুধু এক কাপ চায়ে সীমাবদ্ধ থাকে না এই বিরতি। বিভিন্ন পুষ্টিকর খাবার, স্যান্ডউইচ ও হরেক পদের নাশতার ব্যবস্থা করা হয় এবং অনেক সময় বিশ্বখ্যাত শেফদের দায়িত্ব দেওয়া হয় ক্রিকেটারদের খাবার তৈরির।

খেলোয়াড়দের এই বিরতির খাদ্যাভ্যাস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ইংল্যান্ডের তারকা ব্যাটার অলি পোপ একবার এক সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানিয়ে বলেছিলেন, ‘অনেকে হয়তো চা পছন্দ করেন, তবে আমি সাধারণত স্যান্ডউইচের সঙ্গে কফি খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

আরও পড়ুন: মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিটির আহ্বায়ক হলেন নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


কমিটির আহ্বায়ক হলেন  নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,

সরকার দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য একটি আট সদস্যের কমিটি গঠন করেছে। নতুনভাবে গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৩ অক্টোবর এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগামী দুই মাসের মধ্যে তারা এ বিষয়ে সুপারিশ প্রদান করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক।

কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকারের নেতৃত্বে ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনা কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


ডেপুটি স্পিকারের নেতৃত্বে ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনা কমিটি গঠন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) দ্বারা প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট (e-JSP)’ এর দ্রুত এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় সংসদে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্দেশনার ভিত্তিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সভাপতি করে সংসদ সদস্যদের নিয়ে এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংসদ সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম, সংসদ সদস্য সাঈদ আল নোমান, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং সংসদ সদস্য আন্না মিন্জ। এই নবগঠিত কমিটির সচিব হিসেবে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

গঠিত কমিটির মূল কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রজেক্ট’ শীর্ষক আধুনিকায়নের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি দেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ই-পার্লামেন্ট গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় যাবতীয় বাস্তবায়ন কার্যক্রম পরিচালনার অধিকার এই কমিটিকে দেওয়া হয়েছে। এ ছাড়া, ই-পার্লামেন্ট প্রকল্পের কাজ সুষ্ঠু ও মসৃণভাবে এগিয়ে নেওয়ার স্বার্থে কমিটি চাইলে প্রয়োজন অনুসারে পরে আরো সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেবে না স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেবে না স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের বদলি ও পদায়নে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধা, যোগ্যতা ও পছন্দকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি উল্লেখ করেছেন, চিকিৎসকদের বদলি ও পদায়ন অটোমেশন পদ্ধতিতে করা হবে। এই পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক হস্তক্ষেপ, পক্ষপাতিত্ব কিংবা ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত ইনস্টিটিউট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অটোমেশন পদ্ধতিতে ৮৭ জন চিকিৎসককে তাঁদের পছন্দ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হচ্ছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এখানে ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক বিবেচনা কিংবা অন্য কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই।

তিনি জানান, অটোমেশন পদ্ধতির কার্যকারিতা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এটি একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে চায়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ হাজার চিকিৎসক কর্মরত রয়েছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চিকিৎসকদের বদলি ও পদায়ন করা হলেও অতীতে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়ে, এ ক্ষেত্রে দলীয়করণ, দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন না করে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়ায় স্বাস্থ্যব্যবস্থা সংকটের মুখে পড়েছিল। অতীতে স্বাস্থ্য খাতের দুর্নীতি ও ভঙ্গুর অবস্থার চিত্র সংবাদমাধ্যমেও বারবার উঠে এসেছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্কুলে যাওয়ার পথে কাদাপানি পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে বাঁশবাগানে নিয়ে এ অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। আগের দিনের বৃষ্টিতে স্কুলে যাওয়ার রাস্তার পাশে পানি জমে থাকায় শিশুটিকে পার করে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কথা বলে আকিদুল। পরে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর শিশুটি রক্তাক্ত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকেরা তার শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে শিশুটির কাছ থেকে ঘটনার কথা জেনে পরিবারের সদস্যদের খবর দেন তাঁরা। এরপর তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরদিন, ২১ জুন, শিশুটির বাবা শংকর কুমার মণ্ডল বাদী হয়ে আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচার চলাকালে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%