ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই


নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই জানিয়েছে, তাদের সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বৃহস্পতিবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এদিকে মার্কিন সরকার এটির ব্যাপক পরিসরে প্রকাশের অনুমোদন দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৫.৬ সিরিজ এবং অ্যানথ্রপিকের মিথোস সিরিজসহ সর্বাধুনিক এআই মডেলগুলো নিয়ে গবেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, এসব মডেল সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার ক্ষেত্রে নজিরবিহীন সক্ষমতা অর্জন করেছে, যা সাইবার হ্যাকারদের অপব্যবহারের সুযোগ করে দিতে পারে।

এ কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় ওপেনএআই জুনের শেষ দিকে জানায়, ওয়াশিংটনের অনুরোধে তারা জিপিটি-৫.৬ এর প্রিভিউ সংস্করণ সীমিত সংখ্যক বিশ্বস্ত মার্কিন অংশীদারের জন্য উন্মুক্ত করেছিল।

আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

বৃহৎ ভাষা মডেল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল) হলো সেই প্রযুক্তি, যার ওপর চ্যাটবটসহ বহু এআই টুল পরিচালিত হয়। বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের সক্ষমতা এ প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য।

জিপিটি-৫.৬ সিরিজে তিনটি সংস্করণ রয়েছে। ‘সোল’ হচ্ছে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ মডেল, ‘টেরা’ দৈনন্দিন কাজের জন্য মধ্যম ক্ষমতার সংস্করণ এবং ‘লুনা’ দ্রুতগতির ও তুলনামূলক কম খরচের সংস্করণ।

সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওপেনএআই জানায়, ‘জিপিটি-৫.৬ সোল, টেরা ও লুনা- তিনটিই বৃহস্পতিবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রিভিউ সুবিধাও সম্প্রসারণ করা হচ্ছে।’ তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা এবং কোম্পানির সঙ্গে সরকারি কর্মকর্তাদের একাধিক বৈঠকের পর ট্রাম্প প্রশাসন জিপিটি-৫.৬ এর ব্যাপক উন্মুক্তকরণের অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সউদী আরব ও কাতারের সহায়তা চায় বাংলাদেশ

তবে এএফপির প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মডেলটি ব্যাপকভাবে উন্মুক্ত করার বিষয়টি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন নয়। তিনি জানান, ওপেনএআই স্বেচ্ছায় তাদের মডেল পর্যালোচনার জন্য সরকারের কাছে জমা দিয়েছিল।

উন্নত এআই মডেল নিয়ে বিতর্ক ক্রমশ আরও শক্তিশালী হয়ে ওঠা এআই মডেল বাজারে ছাড়ার বিষয়ে হোয়াইট হাউসের ভেতরেও মতপার্থক্য রয়েছে। একদল কর্মকর্তা এ খাতে সরকারের সীমিত হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে আরেকদল জাতীয় নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওপেনএআইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। গত সপ্তাহে অ্যানথ্রপিক জানায়, ওয়াশিংটন তাদের সবচেয়ে শক্তিশালী ফেবল-৫ ও মিথোস-৫ মডেলের প্রকাশসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় সেগুলোর ব্যবহার ধীরে ধীরে পুনরায় চালু করা হবে।

মিথোস বাজারে আসার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এআই কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণের পরিবর্তে কম বিধিনিষেধের পক্ষেই ছিল, যাতে যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় চীনের চেয়ে এগিয়ে থাকতে পারে।

আরও পড়ুন: দুর্গাপূজার ছুটিতে সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি

তবে বর্তমানে হোয়াইট হাউসের এক নির্বাহী আদেশের আলোকে কোন ধরনের এআই মডেলের ওপর নতুন নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হবে, সে বিষয়ে সরকার মানদণ্ড নির্ধারণ করছে।

ওপেনএআই জুনে জানিয়েছিল, ‘আমরা মনে করি না, এ ধরনের সরকারি পর্যালোচনা প্রক্রিয়াই দীর্ঘমেয়াদে নিয়মিত পদ্ধতি হওয়া উচিত। এতে ব্যবহারকারী, ব্যবসা প্রতিষ্ঠান এবং যাদের এসব উন্নত প্রযুক্তি প্রয়োজন, তারা সেরা সরঞ্জাম থেকে বঞ্চিত হন।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভবিষ্যতে নতুন মডেল উন্মুক্ত করার জন্য একটি পুনরাবৃত্তিযোগ্য কাঠামো তৈরিতে তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ করছে, যা সাইবার নিরাপত্তাবিষয়ক নির্বাহী আদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

ওপেনএআই জানিয়েছে, ‘টেরা’ মডেলটি সবার জন্য উন্মুক্ত হলে এর ব্যবহারমূল্য জিপিটি-৫.৫ এর তুলনায় অর্ধেক হবে। অ্যানথ্রপিক ও গুগলের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে গ্রাহক ধরে রাখার কৌশল হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজস্থানে বাস খাদে পড়ে ৮ নিহত, ১৭ আহত

ওপেনএআই এবং অ্যানথ্রপিক—উভয় প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে গোপনীয়ভাবে প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) নথি জমা দিয়েছে। প্রায় এক ট্রিলিয়ন ডলার মূল্যায়নকে সামনে রেখে তারা শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


আর্জেন্টিনা-মিশর ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত শিক্ষার্থী

পিরোজপুরের নেছারাবাদে আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচকে ঘিরে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে, যেখানে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। এই সংঘর্ষে মো. জিসান নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার আরামকাঠী ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় এই ঘটনা তৎকালীন সময়ে ঘটে।

আহত জিসান জানিয়েছেন, শান্তিরহাট বাজারে সুমনের সেলুনের সামনে তার কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখতে বসেছিলেন। খেলার শুরুর মুহূর্তে মিশর যখন দুই গোল করে, তখন সেখানে থাকা কয়েকজন ব্রাজিল সমর্থক আর্জেন্টিনা সমর্থকদের দিকে বিদ্রূপ করতে শুরু করেন। সেই সময়, আর্জেন্টিনা সমতায় ফিরলে আর্জেন্টিনা সমর্থকেরাও পাল্টা হাস্যরস করতে শুরু করেন। এর ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

জিসান দাবি করেছেন, একপর্যায়ে তার পাশে থাকা আর্জেন্টিনা সমর্থক মো. সাকিব নামে এক কিশোরকে ডেকে নিয়ে কয়েকজন ব্রাজিল সমর্থক ধাক্কাধাক্কি শুরু করে। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খেলা শেষে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন রাজিব, রাব্বি, শাওনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে তাকে পাশের একটি খালে ফেলে দেওয়া হয়।

জিসানের মা সালমা বেগম বলেন, “আমার ছেলে খেলা দেখে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।” পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, খেলা চলাকালে মিশরের গোলের পর কয়েকজন ব্রাজিল সমর্থক উল্লাস করতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি পরে শান্ত হয়ে গিয়েছে, কিন্তু খেলা শেষে বাড়ি ফেরার পথে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে গুরুতর কেউ আহত হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও সহিংসতায় রূপ না নিক, সে বিষয়ে সকলকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি পাচারের অভিযোগ, থাই নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি পাচারের অভিযোগ, থাই নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর এবং পাচারের অভিযোগে এক থাই নাগরিক ও দুই নারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) কেলান্তানের সেশন আদালতে বিচারক নিক হাবরি নিক মুহাম্মদের আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠ করে শোনানো হয়। তবে মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় আসামিদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি গ্রহণ করা হয়নি।

আদালত সূত্রে জানা গেছে যে, গত ১১ জুন সকাল ৮টার দিকে কেলান্তান রাজ্যের মাচাং জেলার কামপুং সুঙ্গাই মাস এলাকার তামান দেসা মাসের একটি বাড়ি থেকে অবৈধভাবে আটক অবস্থায় ১০ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মানবপাচার ও অভিবাসী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে থাই নাগরিক মুহাম্মাদ আমিরুল আইলেহ (৩০), মুহাম্মাদ আরিফ আবদ হালিম (২২), মোহামাদ হাজরান মোহা দাউদ (৩৪), মোহা শামসুরি ইউসুফ (৪৫), নোরাজালিনা মোহামাদ (৪০) এবং নুর আলিয়া নাতাশ্যা আব্দুল রহমান (২০) অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া একই মামলার আরেক অভিযুক্ত ওয়ান মোহা জুলফাদলি ওয়ান হাসান (৩৭) বর্তমানে পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭ (অ্যাক্ট ৬৭০)-এর ২৬এ ধারা এবং দেশটির দণ্ডবিধির ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করছেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুর কামিলাহ চে ইব্রাহিম। আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে আগামী ২৬ জুলাই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার জোহর রাজ্যে ৩৫ জন বাংলাদেশিসহ মোট ১৫৫ বিদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


মালয়েশিয়ার জোহর রাজ্যে ৩৫ জন বাংলাদেশিসহ মোট ১৫৫ বিদেশি আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ৩৫ জন বাংলাদেশি সহ মোট ১৫৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশের কর্তৃপক্ষ।

এ অভিযানটি মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার সময় জোহর বাহরুরের পান্দান পাইকারি বাজারের কাছাকাছি এলাকায় পরিচালিত হয়, যেখানে জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) একসাথে কার্যকরী হয়।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে, জোহর অভিবাসন বিভাগ জানিয়েছে যে, দীর্ঘমেয়াদী গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিদেশিদের পরিচালিত বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ চিরুনি অভিযান এটি পরিচালিত হয়।

অভিযানের সময় আটক করা সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং অন্যান্য ভ্রমণ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়েছে। শেষে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ থেকে ৪৯ বছরের মধ্যে ১৫৫ জন বিদেশিকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৫৬ জন ইন্দোনেশিয়ান, ৩৯ জন মিয়ানমারের নাগরিক, ৩৫ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, একজন ভিয়েতনামী এবং একজন চীনা নাগরিক রয়েছেন, এছাড়াও মিয়ানমারের একজন শিশু আটক হয়েছে। মহিলা হিসেবে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন মিয়ানমারের এবং একজন ভিয়েতনামী নাগরিক রয়েছেন।

এদিকে, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া কিংবা সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগে দুই জন মালয়েশীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জোহর অভিবাসন বিভাগ জানিয়েছে যে আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেটিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য আটজন সাক্ষীর কাছে সমন জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, জোহর রাজ্যের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অভিবাসন রোধে গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান আরও জোরদার করা হবে। একই সময়ে, অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও প্রশাসন সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%