ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নৌ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর


নৌ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেছেন, দেশের নৌ ও শিপিং খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের নৌ খাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও অবকাঠামোর কোনো অভাব নেই। এখন প্রয়োজন এসব প্রতিষ্ঠানকে একত্রিতভাবে কাজে লাগিয়ে সম্ভাবনাময় এই খাতকে আরও উন্নত করা।

আজ সকালে চট্টগ্রামের জলদিয়াস্থ বাংলাদেশ মেরিন একাডেমিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬ ও বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

বাংলাদেশ মেরিন একাডেমি, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) এবং বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিএমএএএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, সমুদ্রভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক দেশ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান তৈরি করেছে। বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতাকে অতিক্রম করে কোথায় অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, বর্তমান বিশ্বের প্রায় ৮০০ কোটি মানুষের অর্থনীতি ও বাণিজ্য সমুদ্রপথ নির্ভর। অথচ এই বিশাল কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত দক্ষ জনশক্তি তুলনামূলকভাবে খুবই কম। তাই মেরিটাইম সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এই খাতে আরও বিনিয়োগ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞ জনশক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও মনোযোগ থাকবে।

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, পিসিটি, এনসিটি, লালদিয়া ও বে টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশি-বিদেশি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে মোংলা বন্দর ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলেও বিনিয়োগ বাড়ছে।

তিনি বলেন, এসব বিনিয়োগের সুফল পেতে হলে সেবা ও দক্ষতার মানও সমানভাবে বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী।

আরও পড়ুন: ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাতে ৪ জন আহত

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারি এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবি এম শামীম।

অনুষ্ঠানের প্রথম পর্বে গার্ড অব অনার, প্যারেড পরিদর্শন, বর্ণাঢ্য র‌্যালি, বেলুন উড়ানো ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তি, সরকারি কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ক্যাডেট ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এবং স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতির প্রয়োজনীয়তা এবং কাঠামোর সঠিক পরিকল্পনা ছিল না।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে সর্বাধিক বরাদ্দ প্রদান করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে সুব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি নতুন ডাক্তার নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং যন্ত্রপাতি ক্রয়ের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পদোন্নতি ও পদায়নে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি এবং চিকিৎসকদের গবেষণায় আরও শক্তিশালী ভূমিকা রাখার অনুরোধ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত ফ্যাসিস্ট শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতা-কর্মী ও তাঁর নিজের চিকিৎসায় আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ড্যাব-এর প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বর্তমানে দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, এসব ঘটনার ফলে চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সাক্ষাৎকালে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান এবং সকল অংশীজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যখাতের বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলাম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে, যিনি দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, আদালত আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ রিমান্ডের আদেশ প্রদান করেন।

পুলিশ ইতোমধ্যে এমপি গাজী নজরুল ইসলামকে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বৃহস্পতিবার আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামির জিজ্ঞাসাবাদে জানা গেছে যে মৃত নারী খুবই আবেগী ছিলেন। আসামি জানায়, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে এবং অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এবং মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য আসামিকে পুনরায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

এর আগে, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মৃত মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরে বাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর, গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিনের রিমান্ড এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর, এই মামলায় গ্রেপ্তারের পর মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা ও সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


মক্কা ও সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য বিপদের কারণে একাধিক সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই সতর্কতাগুলি প্রকাশ করা হয়।

সতর্কতার আওতায় রয়েছে পবিত্র নগরী মক্কা, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক, লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ এলাকা।

সৌদি আরবের এই অঞ্চলে বিপজ্জনক পরিস্থিতির সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দা এবং সেখানে অবস্থানরত সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট নেওয়ার জন্য বলা হয়েছে।

মক্কা ও জেদ্দার মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের সতর্কতা জারি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মক্কা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নগরী, যেখানে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। অন্যদিকে, জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগরের উপকূলের গুরুত্বপূর্ণ শহর ও বন্দর এলাকা।

এদিকে, সতর্কতার আওতায় থাকা তাবুক ও তাইফও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অঞ্চল। ফলে একাধিক স্থানে একসঙ্গে সতর্কতা জারি করায় স্থানীয়ভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে প্রকাশিত এসব সতর্কতার পেছনে ঠিক কী ধরনের সম্ভাব্য ঝুঁকি রয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। সতর্কতার ধরন ও সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপলেজায় শামীম পহলানকে ‘মূর্তিমান আতঙ্ক’ বলছেন স্থানীয়রা: ৩০ বছরের ব্যবসা উচ্ছেদ ও চাঁদা দাবির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সাপলেজায় শামীম পহলানকে ‘মূর্তিমান আতঙ্ক’ বলছেন স্থানীয়রা: ৩০ বছরের ব্যবসা উচ্ছেদ ও চাঁদা দাবির অভিযোগ

৩০ বছরের মাংস ব্যবসায়ীদের উচ্ছেদের অভিযোগের পর সামনে এলো মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে আহত করার মামলা ও সরকারি চাল নিয়ে অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নম্বর সাপলেজা বাজারে দীর্ঘদিনের মাংস ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ, অর্থ দাবির অভিযোগ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগকে ঘিরে শামীম পহলানকে নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অতীতে ওঠা অভিযোগ ও মামলার তথ্যও সামনে এসেছে। এসব বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়দের একটি অংশ।

তালাশ বিডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সাপলেজা বাজারে দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে শামীম পহলানের বিরোধের সূত্র ধরে অর্থ দাবির অভিযোগ ওঠে। ভুক্তভোগী ব্যবসায়ীদের একজন ইদ্রিস হাওলাদার দাবি করেছেন, তাঁর কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে প্রতিটি গরু জবাইয়ের জন্য প্রতিদিন ১০ হাজার টাকা দেওয়ার চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাঁর।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, পরবর্তীতে তাঁদের দীর্ঘদিনের ব্যবসা থেকে সরে যেতে হয় এবং একই স্থানে নতুন মাংসের দোকান চালু করা হয়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—দীর্ঘদিনের ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার প্রকৃত কারণ কী এবং একই স্থানে নতুন ব্যবসা পরিচালনার সুযোগ কীভাবে তৈরি হলো?

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা করেছিলেন এবং বিষয়টি নিয়েই তাঁদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনায় মামলার কপি তালাশ বিডির কাছে**

শামীম পহলানকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিক আব্দুস কুদ্দুস খানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় করা মামলা।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পক্ষের তথ্য অনুযায়ী, ঈদুল ফিতরের চাঁদরাতে আব্দুস কুদ্দুস খানকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে পিরোজপুরে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় শামীম পহলানের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলার এজাহারের কপি তালাশ বিডির কাছে সংরক্ষিত রয়েছে। মামলার নথিতে ঘটনার বিষয়ে বাদীপক্ষের অভিযোগ এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য রয়েছে।

ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতের নির্দেশনার পর মঠবাড়িয়া থানায় মামলাটি গ্রহণ করা হয়েছে। তবে মামলাটির বর্তমান তদন্ত-অবস্থা, পরবর্তী আইনগত কার্যক্রম এবং আদালতে এর অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, কোনো মামলায় কারও বিরুদ্ধে অভিযোগ থাকা এবং আদালতে সেই অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। মামলার চূড়ান্ত দায়-দায়িত্ব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।


শামীম পহলানকে ঘিরে স্থানীয় পর্যায়ে সরকারি চাল চুরি বা আত্মসাতের অভিযোগের কথাও সামনে এসেছে। স্থানীয় কয়েকজনের দাবি, সরকারি চাল সংক্রান্ত অনিয়মের বিষয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তবে সরকারি চাল সংক্রান্ত অভিযোগের সুনির্দিষ্ট নথি, তদন্ত প্রতিবেদন কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য এখনো তালাশ বিডির হাতে আসেনি। ফলে এ অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।

সরকারি চালের বিষয়টি নিয়ে কোনো মামলা, প্রশাসনিক তদন্ত বা সরকারি তদন্ত প্রতিবেদন রয়েছে কি না—তা জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তথ্য যাচাই করছে তালাশ বিডি।


স্থানীয় কয়েকজনের অভিযোগ, শামীম পহলান বিএনপির নাম ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

তবে শামীম পহলানের বিএনপিতে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি রয়েছে কি না কিংবা দলীয়ভাবে তাঁর কোনো দায়িত্ব বা সাংগঠনিক অনুমোদন আছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্যও গুরুত্বপূর্ণ। কারণ কোনো ব্যক্তির কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সম্পৃক্ততা রয়েছে কি না, সেটি দলীয় নথি ও দায়িত্বশীল নেতাদের বক্তব্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।


সাপলেজা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে আহত করার মামলার তথ্য, সরকারি চাল নিয়ে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগসহ সামগ্রিক বিষয়টি জনস্বার্থে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালের নজরে এনেছে তালাশ বিডি।

তালাশ বিডির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ খুদে বার্তার মাধ্যমে সংসদ সদস্যকে বিষয়টির বিস্তারিত জানানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি তাঁর নজরে আনা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকৃত ঘটনা যাচাই করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সাপলেজা বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের প্রকৃত কারণ কী, অর্থ দাবির অভিযোগের সত্যতা আছে কি না, অসুস্থ গরুর অভিযোগের বিষয়ে কোনো সরকারি পরীক্ষা হয়েছিল কি না, একই স্থানে নতুন দোকান কীভাবে চালু হলো, মাদ্রাসা শিক্ষককে আহত করার মামলার বর্তমান অবস্থা কী এবং সরকারি চাল সংক্রান্ত অভিযোগের পেছনে কোনো নথি বা তদন্ত রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

তাই অভিযোগ-পাল্টা অভিযোগের বাইরে গিয়ে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ, প্রাণিসম্পদ দপ্তর ও অন্যান্য কর্তৃপক্ষের নথি যাচাই করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%