ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইস্তাম্বুলে সিংহ আতঙ্কে চ্যাম্পিয়নস লীগ ম্যাচ বাতিলের শঙ্কা


ইস্তাম্বুলে সিংহ আতঙ্কে চ্যাম্পিয়নস লীগ ম্যাচ বাতিলের শঙ্কা

চ্যাম্পিয়নস লিগের গালাতাসারাই ও অ্যাস্টন ভিলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তুরস্কের ইস্তাম্বুলে অপ্রত্যাশিত নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। র‍্যামস পার্ক স্টেডিয়ামের কাছাকাছি, মাত্র ১০ মাইল দূরে, একটি সিংহের সন্ধান পাওয়ার পর দেশটির পুলিশ সেটিকে ধরার জন্য অভিযান শুরু করেছে। এই পরিস্থিতির কারণে মঙ্গলবারের ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের সারিয়ের জেলায় সিংহটি দেখা যাওয়ার পর তুর্কি পুলিশ একটি বড় ধরনের অভিযান শুরু করেছে। প্রাণীটিকে খুঁজে বের করার জন্য প্রায় ৭০ জন জরুরি উদ্ধারকর্মী এবং সাতটি ড্রোন মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সিংহটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং দ্রুত সেটিকে ধরার চেষ্টা করছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর, চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে গালাতাসারাই ও অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এখন আয়োজকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভার্সটাপেনের সঙ্গে দ্বন্দ্ব নতুন করে জ্বলে উঠেছে

সিংহের উপস্থিতির কারণে তৈরি হওয়া পরিস্থিতি অ্যাস্টন ভিলার ইস্তাম্বুল সফরের পূর্বের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। যদিও ম্যাচটি বাতিল বা স্থগিত করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এ ঘটনার মধ্যে একটি অদ্ভুত কাকতালীয় বিষয় রয়েছে। গালাতাসারাইয়ের প্রতীক ও ডাকনামের সঙ্গে সিংহের সরাসরি সম্পর্ক রয়েছে। একইভাবে, অ্যাস্টন ভিলারের ক্লাব ক্রেস্টেও সিংহের প্রতিকৃতি রয়েছে। দুই দলের প্রতীকী প্রাণীটি এবার তাদের মাঠের লড়াইয়ের আগে বাস্তব নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সরাসরি স্থান পেতে দুই দলই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই মাঠের লড়াইয়ের আগে ইস্তাম্বুলের এই অপ্রত্যাশিত পরিস্থিতি ম্যাচটির আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

আরও পড়ুন: ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবানা আজমি: 'আমি বোরকা পরি না, তবে মানা করলে ৩টি পরব'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


শাবানা আজমি:

পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার জন্য কোনো নির্দেশনা নেই। বরং নারী ও পুরুষ উভয়কেই শালীনতা রক্ষা করার কথা বলা হয়েছে। এই মন্তব্যটি করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

সম্প্রতি উষা কাকাড়ের সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে ইসলাম ধর্মের হিজাব ও বোরকা পরা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গে আলোচনা করেন শাবানা। তিনি নিজে ধর্মীয় আচার পালন করেন না, তবে সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম হিসেবে মনে করেন।

পবিত্র কোরআনে হিজাব বা বোরকা সম্পর্কে কী বলা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে শাবানা বলেন, “কোরআনের কোথাও এমন বলা নেই যে আপনাকে এভাবে বোরকা পরতে হবে। কোরআনে শুধু বলা হয়েছে, আপনার চোখে শালীনতা থাকতে হবে। এই শালীনতা নারী ও পুরুষ উভয়ের জন্য।”

ধর্মীয় শিক্ষার ভুল ব্যাখ্যার জন্য কিছু মধ্যস্থতাকারীকে দায়ী করেন শাবানা। তার মতে, এসব ব্যক্তি কোরআনে নারীদের পর্দা করা বাধ্যতামূলক বলে দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

নিজে বোরকা না পরলেও অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি বোরকা পরি না। কিন্তু কেউ যদি আমাকে বলে বোরকা পরতে পারবে না, তাহলে আমি তিনটি বোরকা পরব। আমাকে বলার তুমি কে? তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও চলতে পারে না।”

এটি প্রথম নয়, এর আগে হিজাব নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন শাবানা। ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের সময়ও তিনি সরব হয়েছিলেন। সে সময় উদুপি শহরের একটি কলেজে হিজাব পরার কারণে ছয় ছাত্রীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় মন্তব্য করেছিলেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সাহস দেখাতে চাইলে আফগানিস্তানে বোরকা না পরে সাহস দেখান। নিজেকে বন্দি না করে মুক্ত হতে শিখুন।”

এর জবাব দিয়েছিলেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঙ্গনার মন্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, “আমি ভুল না হলে আমাকে শুধরে দেবেন, আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র। আর আমার সর্বশেষ জানা মতে, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।”

শাবানার স্বামী ও কবি-গীতিকার জাভেদ আখতারও হিজাব পরার চর্চার বিরোধিতা করেছেন। তবে হিজাব নিয়ে আপত্তি তোলা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ধর্মনিরপেক্ষতার কথা বলেও এসব গোষ্ঠী নিজেদের অবস্থানে দ্বৈত নীতি অনুসরণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছরে ১৭ মাসে হাফেজ হলেন রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


১১ বছরে ১৭ মাসে হাফেজ হলেন রাকিব

১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম মাত্র ১৭ মাসের মধ্যে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গত ২০ নভেম্বর, তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার পিতা মোহাম্মদ নবি হুসেন। গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে অবস্থিত।

রাকিবুলের হিফজের শিক্ষক হলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্র সাধনা ও পরিবারের সহযোগিতার মাধ্যমে মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্য অর্জন করেছে সে।

জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ভুল বিচার, ১৮ বছর পর প্যারোলে মুক্ত বাদল ফরাজী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ভারতে ভুল বিচার, ১৮ বছর পর প্যারোলে মুক্ত বাদল ফরাজী

ভারতের দিল্লিতে হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাসূত্রে জানা গেছে, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় ভারত থেকে বাংলাদেশে আসা বাদল ফরাজীর পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজালকেও একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন ও কারা সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। এরপর বাংলাদেশে তার মুক্তির বিষয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে বাদল ফরাজী গ্রেপ্তার হন। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় তাকে বাদল সিং নামে শনাক্ত করে অমর কলোনি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শুরু থেকেই বাদল ফরাজী দাবি করে আসছিলেন যে, তিনি ওই হত্যা মামলার আসামি নন। কিন্তু ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার সময় বাদল ফরাজী পড়াশোনা চালিয়ে যান। কারাগারে থেকেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন।

২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। তবে দেশে ফিরেও দীর্ঘদিন মুক্তি পাননি তিনি।

বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাসও লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।

কারাগারে থাকতেই বাদল ফরাজীর বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভার্সটাপেনের সঙ্গে দ্বন্দ্ব নতুন করে জ্বলে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ভার্সটাপেনের সঙ্গে দ্বন্দ্ব নতুন করে জ্বলে উঠেছে

ম্যাক্স ভার্সটাপেন এবং জর্জ রাসেলের পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। লাস ভেগাস গ্রাঁ প্রির অনুশীলনে দুই চালকের গাড়ির সংঘর্ষের পর উত্তেজনা রেসের পরও থামেনি। তাঁদের বিরোধ কটাক্ষ ও পাল্টা বক্তব্যের মাধ্যমে নতুন মাত্রা পেয়েছে। তবে মার্সিডিজের রাসেলের জন্য এবারের দ্বন্দ্বের সময়টা বিশেষভাবে কঠিন—২০২৬ মৌসুমে সতীর্থ কিমি অ্যান্টোনেলির কাছে পিছিয়ে পড়েছেন তিনি, হারিয়েছেন শিরোপার লড়াইও।

লাস ভেগাস গ্রাঁ প্রির শেষ অনুশীলন পর্বে ঘটনাটি শুরু হয়। দুজনই দ্রুতগতির ল্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রেড বুলের ভার্সটাপেন কৌশলে মার্সিডিজের রাসেলের কাছ থেকে ট্র্যাক পজিশন কেড়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল আবার সামনে যাওয়ার চেষ্টা করলে দুজনের গাড়ির মধ্যে হালকা সংঘর্ষ ঘটে।

রাসেলের দাবি, চালকদের মধ্যে অলিখিত যে সমঝোতা রয়েছে, ভার্সটাপেন সেটি ভঙ্গ করেছেন। পরে দুই চালককে স্টুয়ার্ডদের সামনে হাজির হতে হয়। তদন্ত শেষে ভার্সটাপেনকে সতর্ক করা হয়।

এর আগে মেক্সিকো সিটি গ্রাঁ প্রির অনুশীলনেও রেসিং বুলসের লিয়াম লসনের সঙ্গে একই ধরনের ঘটনায় জড়িয়েছিলেন ভার্সটাপেন। সে ঘটনায় দুজনকেই এক ধাপ করে গ্রিড পেনাল্টি দেওয়া হয়েছিল।

লাস ভেগাসের ঘটনার পর স্কাই ইতালিকে রাসেল বলেন, ‘কেউ ল্যাপ শুরু করতে যাচ্ছে—এমন অবস্থায় তাকে অতিক্রম করা যাবে না, এমন কোনো নিয়ম নেই। কিন্তু এভাবে করলে আপনি ওই চালকের ক্ষতি করছেন। সে সপ্তাহের পর সপ্তাহ অনেক চালকের সঙ্গে এমনটা করে, আর সবাই তা মেনে নেয়।’

ভার্সটাপেনের আচরণের প্রতিবাদ করে রাসেল আরও বলেন, ‘আমি কাউকে আমার সঙ্গে এমন আচরণ করে চলে যেতে দেব না, যেন সে সবার চেয়ে বড় বা ভালো। ওই ব্যক্তির বিরুদ্ধে কাউকে না কাউকে দাঁড়াতেই হবে।’

রেসের পরও থামেনি কথার লড়াই

লাস ভেগাসে যোগ্যতা নির্ধারণী পর্বের ফল অনুযায়ী, ভার্সটাপেন পোল পজিশন থেকে এবং রাসেল দ্বিতীয় স্থান থেকে রেস শুরু করেন। রেসের বড় একটি অংশজুড়ে দুজনের মধ্যে লিডের লড়াই চলে। তবে শেষ দিকে মার্সিডিজ সতীর্থ অ্যান্টোনেলির পেছনে পড়ে যান রাসেল। তাঁকে অতিক্রমের চেষ্টা করতে গিয়ে বাধা বা দেয়ালে ধাক্কা খান তিনি।

ঘটনাটি পেছনের আয়নায় দেখে ভার্সটাপেনকে টিম রেডিওতে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা যায়। রেস জয়ের পরও থামেনি তাঁর কটাক্ষ। সংবাদ সম্মেলনে রাসেলকে উদ্দেশ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন বলেন, ‘ট্র্যাকের বাইরে সে অনেক কথা বলে। সত্যি বলতে, আমার তাতে কিছু যায় আসে না। সে আমার পর্যায় থেকে এতটাই নিচে যে তাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করাটাও অর্থহীন।’

রাসেলের দুর্ঘটনা দেখে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভার্সটাপেন বলেন, ‘কর্মফল কখনো কখনো দারুণভাবে ফিরে আসে। আয়নায় যখন দেখলাম কী ঘটছে, তখন সত্যিই আমার ভালো লেগেছিল। মনে হচ্ছিল, আমার দিনটা আরও ভালো হয়ে গেল। আর যখন প্রথম হয়ে ফিনিশ করলাম, তখন দিনটা পুরোপুরি সম্পূর্ণ হলো।’

শৈশব থেকে শুরু দ্বন্দ্ব

ভার্সটাপেন এবং রাসেলের বয়সের ব্যবধান পাঁচ মাসেরও কম। দুজনই ছোটবেলা থেকে কার্টিংয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে ফর্মুলা ওয়ানে তাঁদের দ্বন্দ্ব বড় আকার নেয় ২০২৩ সালের আজারবাইজান গ্রাঁ প্রির স্প্রিন্টে। প্রথম ল্যাপের কয়েকটি বাঁকে দুজনের গাড়ির সংঘর্ষ হয়। রেস শেষে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ভার্সটাপেন রাসেলকে পরেরবার একই আচরণের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেন। পরে তাঁকে ‘প্রিন্সেস জর্জ’ বলেও কটাক্ষ করেন।

২০২৪ সালের কাতার গ্রাঁ প্রিতে ভার্সটাপেনের গ্রিড পেনাল্টির পেছনে রাসেলের ভূমিকা ছিল বলে মনে করেন ডাচ চালক। এরপর ভার্সটাপেন জানান, রাসেলের প্রতি তাঁর সব শ্রদ্ধা হারিয়ে গেছে। আবুধাবিতে মৌসুমের শেষ রেসের আগে রাসেলও পাল্টা আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ভার্সটাপেন তাঁকে দেয়ালে ধাক্কা দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং বছরের পর বছর ধরে অন্য চালকদের সঙ্গে বুলির মতো আচরণ করছেন। ভার্সটাপেন এসব অভিযোগের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে রাসেলকে ‘লুজার’ ও ‘ব্যাকস্ট্যাবার’ বলে আখ্যা দেন।

২০২৫ সালের স্প্যানিশ গ্রাঁ প্রিতেও তাঁদের মধ্যে ট্র্যাকে সংঘর্ষ ঘটে। নিজের দল রেড বুলের নির্দেশে রাসেলকে জায়গা দিতে গিয়ে ক্ষুব্ধ ভার্সটাপেন ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়িতে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। স্টুয়ার্ডরা তাঁকে ১০ সেকেন্ডের পেনাল্টি দেন। পরে নিজের আচরণকে ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা চাইলেও রাসেলের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি তিনি।

রাসেলের কঠিন মৌসুমে নতুন চাপ

এবারের দ্বন্দ্বের সময়টা রাসেলের জন্য আরও অস্বস্তিকর। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্সিডিজে প্রথম চার মৌসুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। দল শিরোপার উপযোগী গাড়ি তৈরি করতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কাজে লাগাতে পারবেন—এমন বিশ্বাসও প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়ে।

কিন্তু ২০২৬ মৌসুমে নিয়মকানুনে বড় পরিবর্তনের পর মার্সিডিজ যখন শিরোপার উপযোগী গাড়ি তৈরি করেছে, তখন অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকা সতীর্থ অ্যান্টোনেলিই শিরোপা জিতে নিয়েছেন। মৌসুমজুড়ে নিজের পারফরম্যান্সের ঘাটতি নিয়ে একাধিকবার অনিশ্চয়তা প্রকাশ করেছেন রাসেল। শেষ পর্যন্ত নতুন প্রজন্মের গাড়ির সঙ্গে মানিয়ে নিতে নিজের ড্রাইভিং স্টাইল পরিবর্তনের প্রয়োজনীয়তাও অনুভব করেছেন তিনি।

মেক্সিকোতে অ্যান্টোনেলি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর রাসেলের হতাশা এতটাই স্পষ্ট ছিল যে দলের প্রধান টোটো উলফ তাঁকে দ্রুত সার্কিট ছাড়ার অনুমতি দেন। উলফ পরে জানান, রাসেল তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এবারের মৌসুমে চালকদের চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে নেমে গেছেন রাসেল। অন্যদিকে, শেষ ছয় রেসের চারটিতে জিতে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পথে এগিয়ে আছেন ভার্সটাপেন। টানা নয়টি রেসে পডিয়ামে থাকা ডাচ চালক এবং অ্যান্টোনেলি—দুজনই এখন রাসেলের জন্য বড় প্রতিদ্বন্দ্বী।

কাতার ও আবুধাবিতে কী হবে?

২০২৬ মৌসুমের দুই শিরোপার নিষ্পত্তি হয়ে যাওয়ায় কাতার ও আবুধাবি গ্রাঁ প্রিতে ভার্সটাপেন-রাসেলের দ্বন্দ্ব বাড়তি মনোযোগ পাবে। মৌসুমের শেষ তিন রেসে ভালো ফল করে আত্মবিশ্বাস নিয়ে ২০২৭ সালে প্রবেশ করাই রাসেলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে ভার্সটাপেনের সঙ্গে নতুন করে বাকযুদ্ধে জড়িয়ে নিজের ওপর বাড়তি চাপও তৈরি করেছেন তিনি। দুই চালকের মধ্যে উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি হতে পারে আবুধাবিতে। কারণ, মৌসুমের শেষ রেসে চালকদের একসঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার একটি প্রচলন রয়েছে। ২০২৪ সালে তীব্র বাকবিতণ্ডার কয়েক দিন পর সেই নৈশভোজে রাসেলের পাশে বসার প্রস্তাব দিয়েছিলেন ভার্সটাপেনও।

রাসেল অবশ্য লাস ভেগাসে ভার্সটাপেনের মন্তব্যের পর সহজে পিছু হটতে চাইবেন না। দুই চালক বৃহস্পতিবার কাতার গ্রাঁ প্রির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানেই বোঝা যাবে, তাঁদের দ্বন্দ্ব আরও বাড়ে, নাকি পরিস্থিতি শান্ত করার কোনো উদ্যোগ দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%