ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু


২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশু মারা গেছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর ফলে গত ১৫ মার্চ থেকে চলতি মৌসুমে ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর প্রাণহানি ঘটেছে।

বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ জনে দাঁড়িয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৯৪ জন। সব মিলিয়ে গত ৮৭ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৬৬ হাজার ৯৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ৮৫৩ জনসহ এখন পর্যন্ত মোট ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুরিকাঘাত, ভাঙচুর ও লুপাটের ঘটনায় অভিযুক্ত আলীর শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ছুরিকাঘাত, ভাঙচুর ও লুপাটের ঘটনায় অভিযুক্ত আলীর শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দা আলহাজ মোঃ আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার সড়কসংলগ্ন খরবোনা ফুটপাতে দাঁড়িয়ে আয়োজিত মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
তারা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আলহাজ মোঃ আনারুল ভান্ডারী। তিনি অভিযোগ করেন, গত (৩১ মে) দিবাগত রাত ১টার দিকে স্বেচ্ছাসেবক দলের রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক মোঃ শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে।
তিনি আরও বলেন, একই রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও ডাকাডাকি করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আনারুল ভান্ডারী অভিযোগ করেন, হামলাকারীরা তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল করে বিক্র করা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, চলতি মাসের গত (৭ জুন) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও লিখিত বক্তব্যের মাধ্যমে একই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী আনারুল ভান্ডারী।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। যতদ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


প্রাথমিকে আসছে নতুন কারিকুলাম, দক্ষ শিক্ষক বাড়াতে গুরুত্ব প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের আধুনিক চিন্তাধারার মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিকে ২০২৭-২৮ সালে নতুন কারিকুলামের আলোকে পাঠদান করা হবে। এক্ষেত্রে দক্ষ শিক্ষকের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে হওয়া বৈঠকে প্রতিমন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে। এতে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন।

প্রাথমিকের জন্য নতুন কারিকুলামের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষার সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব বিষয়ে একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে গড়ে উঠবে। ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই লক্ষ্যে এখনই সমন্বিত প্রস্তুতি নিতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা চাই আপনাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিতে পারেন। সে লক্ষ্যে কীভাবে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া যায়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষকতা-সম্পর্কিত প্রস্তুতি যুক্ত করা যায় এবং কীভাবে যৌথভাবে দক্ষ শিক্ষক তৈরি করা যায় সেসব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, আমরা চাই সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া উল্লেখ্য যে, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই এ ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ শাজাহানপুরে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ শাজাহানপুরে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র নিহত ১, আহত ১০

 

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র চাঁপাইনবাবগঞ্জ: নিহত ১, আহত ১০
বল্লমের আঘাতে প্রাণ গেল যুবকের, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নে মাদক চোরাকারবার নিয়ে আয়োজিত এক গ্রাম্য সালিশে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দুর্লভপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।
বিরোধের সূত্রপাত ও সংঘর্ষ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক চোরাকারবারিদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ধরিয়ে দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। তবে সালিশ বৈঠক চলাকালেই দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনা থেকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। হতাহতের বিবরণ সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর জখম হন ইব্রাহিম। স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি ও পুলিশি অ্যাকশন
ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান:
"ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই সহিংসতার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লর্ডসের পিচে ইতিহাসে প্রথম ডিমেরিট পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


লর্ডসের পিচে ইতিহাসে প্রথম ডিমেরিট পয়েন্ট

বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যু লর্ডস স্টেডিয়াম এবার ভিন্ন কারণে শিরোনামের আলোচনায় এসেছে। দুই শতাব্দীর ইতিহাসে প্রথমবারের মতো লর্ডসের পিচ নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি এবং লর্ডসকে একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে।

গত সপ্তাহে লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ইংল্যান্ড ১১৫ রানে জয়লাভ করে। তবে ম্যাচের ফলের তুলনায় পিচের আচরণের বিষয়ে আলোচনা বেশি হয়েছে। প্রথম দিন থেকেই অতিরিক্ত সুইং এবং বলের মুভমেন্ট দেখা যায়, ফলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে পড়ে।

ম্যাচের পুরো সময়কালে দুই দলের মধ্যে ৪০টি উইকেট পড়ে মাত্র ৯৯৬ বলের মধ্যে, যা লর্ডসের ১৪০ বছরের ইতিহাসে এক বিরল ঘটনা। প্রথম দিনে ১৬ উইকেট এবং দ্বিতীয় দিনে ১৭ উইকেট পড়ে যায়। এই বিষয়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও অসন্তোষ প্রকাশ করেন।

ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রাফট পিচটিকে 'অসন্তোষজনক' হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, পিচটি শুরু থেকেই অতিরিক্তভাবে বোলারদের সাহায্য করেছে, বিশেষ করে সিম ও সুইংয়ের কারণে ব্যাটিং কঠিন হয়ে পড়েছে।

এটি ঘটনার পর আইসিসি লর্ডসকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে। তবে মাঠের দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বিষয়টি মেনে নিয়েছে।

এই ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর পর্যন্ত লর্ডসের রেকর্ডে থাকবে। আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো মাঠ পাঁচ বছরে ছয়টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেখানে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ হয়ে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%