০৯:২৭ পি.এম
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) আয়োজনে এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬’-এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়।
এই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা হয়। এরপর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব সম্পন্ন হয়।
গত ১৪ আগস্ট দেশের চারটি বিভাগে স্থানীয় পর্যায়ে এই অলিম্পিয়াডের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন, যার মধ্যে বাছাই পর্বে অংশ নেন প্রায় ৬০০ জন। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত শীর্ষ ৫০ জন শিক্ষার্থী ঢাকায় আয়োজিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলবের্তো জোভানেত্তি বক্তব্য দেন। তিনি বলেন, "মানবাধিকার রক্ষার জন্য কোনো বিশেষ পেশাজীবী হওয়ার অপেক্ষায় থাকার প্রয়োজন নেই; নিজ পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের মর্যাদা এবং অধিকারকে সম্মান জানানোর মধ্য দিয়েই প্রত্যেকে মানবাধিকারের পক্ষে কাজ করতে পারে।"
অনুষ্ঠানের সকালের পর্বে গুম সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বক্তব্য রাখেন। তিনি তরুণদের মাঝে মানবাধিকারের সর্বজনীন মানবিক মর্যাদা, সমতা ও ন্যায়বিচারের চেতনা জাগ্রত করার ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বাস্তব জীবনে মানবাধিকার মূল্যবোধের প্রয়োগ ঘটানোর আহ্বান জানান।
এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম তরুণদের মধ্যে ন্যায়বিচার, সহনশীলতা ও বৈষম্যবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: দিল্লিতে জাতীয় পতাকা হাতে মিছিলের প্রস্তুতিতে অভিজিৎ দীপকেকে আটক
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান ও এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের পর সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন