ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী


এবার বল হাতে চমক দেখালেন সূর্যবংশী

ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের প্রতিভার ঝলক দেখালেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বাঁহাতি স্পিনে মাত্র চার বলের ব্যবধানে তুলে নেন দুটি উইকেট।

উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় কিছু করতে না পারলেও বল হাতে দ্রুতই ম্যাচে প্রভাব ফেলেন সূর্যবংশী। তার প্রথম শিকার কিশান লিনডো। একটু ফুলার লেংথের বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শটের চেষ্টা করেন তিনি। তবে ব্যাটে ঠিকমতো সংযোগ না হওয়ায় বল উঠে যায় পয়েন্টে, যেখানে সহজ ক্যাচ নেন ফিল্ডার।

এর মাত্র তিন বল পরই আবার সাফল্যের দেখা পান সূর্যবংশী। তুলনামূলক দ্রুতগতির একটি বলে প্রতিপক্ষ ব্যাটারকে চাপে ফেলেন তিনি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপার ঈশান কিশানের হাতে। পেছনে দাঁড়িয়ে থাকা কিশান সেটি নিরাপদে তালুবন্দি করলে একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তরুণ এই স্পিনার।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

এর আগে পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন সূর্যবংশী। শুরুটাও ছিল আগ্রাসী। মাত্র ছয় বলে ৮ রান করেন তিনি, যেখানে ছিল দুটি বাউন্ডারি। তবে ভালো শুরু পেলেও ইনিংসটি বড় করতে পারেননি।

নতুন মৌসুমের শুরুতেই দলীপ ট্রফির মতো দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে খেলছেন সূর্যবংশী। টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে তার এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এর পাশাপাশি মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি, যা তার প্রতি দলের আস্থারই প্রমাণ।

আইপিএল ও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন সূর্যবংশী। এবার বল হাতে এক ওভারে দুই উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তার প্রতিভা শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়।

বোলিং ভবিষ্যতে তার নিয়মিত অস্ত্র হয়ে উঠবে কি না, তা এখনই বলার সময় হয়নি। তবে দলীপ ট্রফিতে বল হাতে এই ঝলক দেখিয়ে ১৫ বছর বয়সী সূর্যবংশী যে নিজের ক্রিকেটীয় দক্ষতার নতুন একটি দিক তুলে ধরলেন, তা বলাই যায়।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে বড় সুখবর

প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক পদে বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজারের বেশি শূন্য প্রধান শিক্ষক পদ পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে, যা দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে উঠেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠ পর্যায়ে গ্রেডেশন তালিকা তৈরির কাজ বর্তমানে চলছে।

 

তালিকা যাচাই-বাছাই ও অভিযোগ নিষ্পত্তির পর তা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হবে। পিএসসির অনুমোদন পাওয়া গেলে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এ প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, ‘মামলার জটিলতা ছিল।

 

সেই মামলার জটিলতা নিষ্পত্তি হয়েছে। এখন মাঠ পর্যায়ে পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা তৈরি করা হচ্ছে। বাকি কাজ শিগগিরই শেষ হবে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে দীর্ঘদিন ধরে বড় ধরনের শূন্যতা বিদ্যমান রয়েছে।

 

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি নিয়ে আইনি জটিলতার কারণে এসব পদে বড় পরিসরে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছিল না।

২০১৩ সালে সারাদেশে বিপুলসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসব বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার পর তাদের চাকরিকাল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেয়। এসংক্রান্ত বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিধান চ্যালেঞ্জ করে আদালতে মামলা হলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া আটকে যায়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের ২ জুলাই আপিল বিভাগ জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি সংক্রান্ত বিধানের বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

 

এর ফলে হাইকোর্টের রায়ের কারণে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটে এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির পথ খুলে যায়।

তবে আদালতের রায়ের পর সরাসরি পদোন্নতি দেওয়া হচ্ছে না। প্রথমে জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশন তালিকা তৈরি করা হবে। এরপর তালিকা নিয়ে কোনো আপত্তি বা অভিযোগ থাকলে তা নিষ্পত্তির সুযোগ দেওয়া হবে।

মীর আব্দুল আউয়াল আল মেহেদী বলেন, ‘গ্রেডেশন তালিকা আমরা অনলাইনে উন্মুক্ত করে দিয়েছি। এখন বিভিন্ন ইউনিটে এটি প্রস্তুত করা হচ্ছে। তালিকা তৈরির পর একটি নোটিশ দেওয়া হবে।’

তিনি জানান, তালিকা নিয়ে অভিযোগ জানানোর জন্য ৩০ কর্মদিবস সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে কোনো অভিযোগ না এলে তালিকাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের মাধ্যমে তা পিএসসিতে পাঠানো হবে। পিএসসির অনুমোদন পাওয়া গেলে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।

বর্তমান নিয়োগবিধি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার বিধান রয়েছে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতাসহ নির্দিষ্ট যোগ্যতা পূরণের শর্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চার খুন : আদালতে সীমান্তের জবানবন্দি, নজরদারিতে শ্মশানকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


রংপুরে চার খুন : আদালতে সীমান্তের জবানবন্দি, নজরদারিতে শ্মশানকর্মী

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির বন্ধু সীমান্ত চন্দ্র দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

সীমান্ত চন্দ্র দাস নগরের মাছুয়াপাড়া এলাকার সুবাস চন্দ্র দাসের ছেলে। তিনি এ মামলায় গ্রেফতার প্রধান দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের ওসি জিন্নত আলী বলেন, মুগ্ধ ও সিদ্ধার্থের দেওয়া তথ্যের সঙ্গে সাক্ষী সীমান্তের জবানবন্দির মিল রয়েছে। হত্যাকাণ্ডের রাতে আসামিরা সীমান্তের বাসায় গিয়ে মাদক সেবন করেছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। সীমান্তও আদালতে একই তথ্য জানিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এর আগে, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশের কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের রাতে ওই দুই আসামি সীমান্তের বাসায় গিয়ে মাদক সেবন করেছিল।

এদিকে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নগরীর দখিগঞ্জ শ্মশানের এক কর্মীর ওপর নজরদারি রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে আপাতত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

তদন্ত কর্মকর্তা জিন্নত আলী বলেন, শ্মশানকর্মীকে নজরদারিতে রাখা হয়েছে। মামলার বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে পুলিশ বাড়ির তালা ভেঙে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে। গণপতি চক্রবর্তীর মরদেহ ছিল ছাদে, প্রীতিলতার মরদেহ সিঁড়িতে, মেয়ের মরদেহ সিঁড়ির কাছে এবং ছেলে প্রিয়মের মরদেহ দোতলার শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন রবিবার ভোরে মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে ও নগরীর সিটি বাজারের মাছের দোকানের কর্মচারী মুগ্ধ দাস (২৩) এবং বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেফতার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল ব্যান্ডরোল ব্যবহারে মানিকগঞ্জে বিউটি টোব্যাকো সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


নকল ব্যান্ডরোল ব্যবহারে মানিকগঞ্জে বিউটি টোব্যাকো সিলগালা

মানিকগঞ্জের বিউটি টোব্যাকো সিলগালা করা হয়েছে নকল ব্যান্ডরোল ব্যবহার ও মজুদের অভিযোগে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একই সঙ্গে, কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানা সিলগালা করা হয়েছে।

অভিযানের সময় ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট ও ১৩ হাজার অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল জব্দ করা হয়। এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এসবের মাধ্যমে প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা শুল্ক-করসহ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের মানিকগঞ্জ কার্যালয়ের যৌথ দল শিবালয়ের বিউটি টোব্যাকো কম্পানিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে কিং ব্ল্যাক, ডি অ্যান্ড জি, ডলার, সেনর গোল্ড ও বার্বি ব্র্যান্ডের মোট ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট এবং ১৩ হাজার পিস অব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

 

নকল কি না তা যাচাইয়ের জন্য ১২ আগস্ট নমুনা গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডে পাঠানো হয়। পরীক্ষার পর গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটি জানায়, ডলার ব্র্যান্ডের সিগারেটের গায়ে ব্যবহৃত স্ট্যাম্প ব্যান্ডরোল এবং জব্দ করা অব্যবহৃত ব্যান্ডরোল নকল।

এনবিআর জানায়, জব্দ করা ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেটের মধ্যে ৯০ হাজার শলাকায় নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি ১৩ হাজার পিস অব্যবহৃত ব্যান্ডরোলও নকল হিসেবে শনাক্ত হয়।

 

এসবের মাধ্যমে শুল্ক-করসহ প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। নকল ও অবৈধ ব্যান্ডরোল মজুদ ও ব্যবহার করে শুল্ক-কর ফাঁকির অভিযোগে বিউটি টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫এ, ২৫বি, ২৫ডি ও ২৫ই ধারায় মামলা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) শিবালয় থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ২১।

মামলা দায়েরের পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

 

এনবিআর জানিয়েছে, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, মজুদ ও বিপণন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তামাক খাতে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


‘প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে’

বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, যেখানে সারের ডিলার নেই, সেখানে ডিলার নিয়োগ দেওয়া হবে। কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়, সে ব্যবস্থা করা হবে। 

তিনি বলেন, সোলার প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বয়স্ক ভাতা ও কৃষক কার্ডসহ সব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%