ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিরোজপুরে নির্মাণসামগ্রীবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


পিরোজপুরে নির্মাণসামগ্রীবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

পিরোজপুরের সদর উপজেলায়, বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের একজন চালক নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত নজরুল শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত ছত্তার শেখের পুত্র।

আরও পড়ুন: কালিয়াকৈরে অনন্ত গ্রুপের ৩ কারখানা খুলেছে, শ্রমিকরা কাজে ফিরছেন

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এই ঘটনায় তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন, রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বরিশালে অবৈধ ইটভাটার সংখ্যা বৈধের চেয়ে বেশি, কাঠ পোড়ানোর অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ এম


এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা

এস্তোনিয়া, ড্রোন নির্মাতা একটি প্রতিষ্ঠানে সন্দেহভাজন অন্তর্ঘাতমূলক হামলার জন্য রাশিয়াকে দায়ী করে আগামী ১ ডিসেম্বর থেকে দেশটির সঙ্গে সকল সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দিয়েছে। রবিবার (১৫ নভেম্বর) এই সিদ্ধান্তের বিষয়টি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা।

এস্তোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তালিনের উত্তরে ভিমসি এলাকায় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের চেষ্টা করার ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে প্রতিষ্ঠানটির ভবনে বিস্ফোরণ ঘটানোর এবং আগুন দেওয়ার পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ হামলার নির্দেশ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ দিয়েছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এ ঘটনার প্রেক্ষিতে বলেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সীমান্ত পারাপারের সুযোগ ব্যবহার করে এস্তোনিয়ার জনগণের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এ ধরনের ঝুঁকি কমানো যায়। এ পদক্ষেপের মাধ্যমে দেশের প্রতিরক্ষা শিল্প ও সক্ষমতার ওপর হামলা যে গ্রহণযোগ্য নয়, সে বার্তাও দেওয়া হবে।

এদিকে, এস্তোনিয়ার সীমান্ত বন্ধের পরিকল্পনার সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা রুশবিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ হবে।

তবে, মস্কো ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। অন্যদিকে, এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, রাশিয়াকে বুঝতে হবে যে এস্তোনিয়ার বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিণতি রয়েছে। তবে সীমান্ত কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়ার সঙ্গে রাশিয়ার বর্তমানে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি সীমান্ত ক্রসিং চালু রয়েছে। এসব পথ দিয়ে পথচারী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় বসে থাকবে না তেহরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় বসে থাকবে না তেহরান: উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি

ইরান নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে কঠোর সতর্কতা জারি করেছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, তেহরান ওয়াশিংটনের হামলার জন্য অপেক্ষা করবে না।

রোববার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে ঘারিবাবাদি এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রথম আক্রমণের জন্য তেহরান অপেক্ষা করবে না, বরং পাল্টা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেবে। ঘারিবাবাদি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার আড়ালে সময়ক্ষেপণ করে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে পারে।

উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধের স্থায়ী অবসান না হলে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) প্রবেশের অনুমতি দেবে না বিপ্লবী গার্ড বাহিনী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রথমে প্রয়োজনীয় নিশ্চয়তা প্রদান করতে হবে।

ঘারিবাবাদি অভিযোগ করেছেন, গত দেড় বছরে অন্তত তিনবার যুক্তরাষ্ট্র অসৎ মনোভাব প্রদর্শন করেছে।

এদিকে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করায় দুই দেশের মধ্যে ভঙ্গুর কূটনৈতিক সম্পর্কের ভেঙে পড়ার আশঙ্কা বেড়ে গেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের স্ট্রাইক গ্রুপ। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় বর্তমানে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী একসঙ্গে অবস্থান করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক টাইমসের পূর্ববর্তী প্রতিবেদনে জানানো হয়েছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এবার মার্কিন কর্মকর্তার বক্তব্যে রণতরীটির ওই অঞ্চলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হলো।

এদিকে, রোববার (১৫ নভেম্বর) ইরান দ্বিতীয়বারের মতো বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে। এতে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দেশটিতে হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা থমকে থাকার মধ্যেই নতুন করে এই উত্তেজনা ছড়াল।

এর আগে শুক্রবার বাহরাইন অভিমুখে উড়ে আসা ইরানের দুটি ড্রোন মার্কিন বাহিনী প্রতিহত করে।

তবে রণতরী মোতায়েনের বিষয়ে পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে রণতরিটি ঠিক কখন ওই অঞ্চলে পৌঁছাবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় নতুন করে উত্তেজনা বাড়ছে।

তবে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের খবর সামনে এলেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।

সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওই দাবি নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর ‘নিছক জল্পনা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন

২০২৪ সালের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্ক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে ইরাকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব রাজনীতির একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ট্রাম্পের সেই সক্ষমতা রয়েছে যার মাধ্যমে তিনি ইরানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’ তিনি আশা প্রকাশ করেন যে, এর ফলে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, বরং সমগ্র বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

নিজার আমেদি আরও বলেন, তিনি চান যে ট্রাম্প নির্বাচিত হওয়ার সময়কার তার প্রথম প্রতিশ্রুতিতে ফিরে যান। তার সেই প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধের অবসান ঘটানো—এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বিশ্বের অন্য যেকোনো প্রান্তের যুদ্ধের জন্যও।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত ও যুদ্ধ দ্রুত বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%