শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
১২:৪৭ পি.এম
যুক্তরাষ্ট্রের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগের বিশেষ দূত হিসেবে দায়িত্বের মেয়াদ সমাপ্ত হয়েছে। তবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন ভূমিকায় কাজ করছেন। বর্তমানে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, নোয়েমের বিশেষ দূত হিসেবে দায়িত্বের মেয়াদ গত মাসে শেষ হয়েছে। তিনি এখন আর ওই পদে নেই। তবে তিনি ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ উদ্যোগ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করছেন।
‘শিল্ড অব দ্য আমেরিকাস’ ট্রাম্প প্রশাসনের অধীনে গঠিত একটি উদ্যোগ। এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, মাদক চক্রের বিরুদ্ধে অভিযান এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে সমন্বয় বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে এটি।
গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে নোয়েমের বিশেষ দূত হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপরও তিনি উদ্যোগটি নিয়ে বিভিন্ন কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ করেন।
গত ২২ সেপ্টেম্বর ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সঙ্গে বৈঠক করেন নোয়েম। ওই সময় ইকুয়েডর সরকার তাঁকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এর বিশেষ দূত হিসেবে পরিচয় করিয়ে দেয়। এছাড়া ট্রাম্পের আয়োজনে জোটের নেতাদের একটি বৈঠকে অংশ নেন তিনি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট নোয়েমের কাজের প্রশংসা করেন। ট্রাম্প বলেন, “ক্রিস্টি নোয়েমকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সত্যিই দারুণ কাজ করেছেন।”
এর আগে গত মার্চে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়ার পর নোয়েমকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’-এর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পরিচালনায় তাঁর ভূমিকা এবং উপদেষ্টা কোরি লেভানডস্কির প্রভাব নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার কারণে তাঁকে ওই পদ থেকে সরানো হয়।
বিশেষ দূতের দায়িত্ব পাওয়ার পর মার্চ মাসেই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পাঁচটি দেশ সফর করেন নোয়েম। সফরের বেশিরভাগ সময় তিনি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সফরকালে বিভিন্ন ছবিতে লেভানডস্কিকে নোয়েমের সঙ্গে দেখা গেলেও পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দপ্তরটিতে লেভানডস্কির কোনো আনুষ্ঠানিক পদ ছিল না।
বিশেষ দূত হিসেবে নোয়েমের প্রকাশ্য কার্যক্রম তুলনামূলকভাবে সীমিত ছিল। এর মধ্যে গত ২৫ মার্চ ইকুয়েডরের রাজধানী কিটোতে প্রেসিডেন্ট নোবোয়ার সঙ্গে বৈঠক, সেপ্টেম্বরে ওয়াশিংটনে ইকুয়েডর ও কলম্বিয়ার কূটনীতিকদের সঙ্গে আলোচনা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার বিষয়গুলো উল্লেখযোগ্য। তথ্যসূত্র: সিবিএস নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের একটি কারখানা বিশ্বের সেরা নতুন স্থাপনার স্বীকৃতি অর্জন করেছে, যা সবুজ পরিবেশ, পুকুরপাড়ের পথ এবং গাছপালায় ঢাকা দেয়ালসহ নান্দনিক নকশার জন্য পরিচিত। রংপুরের সাততলা গালিচা তৈরির কারখানা গ্রিন ফিল্ড ফ্যাক্টরি যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা-RIBA) আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার লাভ করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এ পুরস্কারের বিচারকেরা কারখানাটির নকশাকে ‘নীরব নম্রতার কাজ’ (work of quiet humility) হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, কর্মীদের জীবনমান এবং প্রকৃতির সঙ্গে কাজের পরিবেশের সংযোগ তৈরি করার বিষয়টি এই স্থাপনাকে বিশেষ করে তুলেছে।
১ লাখ ৪৪ হাজার বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে নির্মিত কারখানাটির নকশা করেছেন বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। স্থপতিরা বাংলার ঐতিহ্যবাহী বাড়ির নকশা থেকে অনুপ্রেরণা গ্রহণ করেছেন, যেখানে সাধারণত উঠান ও পুকুর থাকে। সেই ভাবনা থেকেই কারখানাটিতে রয়েছে সবুজ বাগান, গাছপালায় ঘেরা বারান্দা, পুকুরপাড়ের পথ এবং গাছে ঢাকা দেয়াল।
নান্দনিক নকশার পাশাপাশি, প্রায় ৫ হাজার কর্মীর জন্য সুযোগ-সুবিধা রাখার বিষয়টিও বিচারকদের প্রশংসা অর্জন করেছে। উল্লেখযোগ্যভাবে, কারখানাটির অধিকাংশ কর্মী নারী।
কর্মীদের জন্য ছাদে শিশুদের যত্ন নেওয়ার কেন্দ্র, চিকিৎসাসেবা এবং অবসর সময়ে একসঙ্গে বসার ছায়াঘেরা জায়গা রয়েছে। প্রবেশপথে স্থাপন করা হয়েছে এক নারীর বড় ভাস্কর্য, যা নারীর ক্ষমতায়ন ও শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে।
রিবার বিচারক দল গত সেপ্টেম্বর মাসে কারখানাটি পরিদর্শন করেন। সংস্থাটি জানিয়েছে, কর্মীরা কাজের সময়ের বাইরেও পরিবারের সদস্যদের নিয়ে কারখানার বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহার করেন। বিচারকদের মতে, এই প্রকল্প কারখানার নকশা ও পরিচালনার ক্ষেত্রে একটি বিকল্প দৃষ্টান্ত তৈরি করেছে।
নকশাবিদ আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ এম. খন্দকার পুরস্কার ঘোষণার আগে এক বিবৃতিতে বলেন, তিনি দেখাতে চেয়েছেন, শিল্পকারখানাও মানুষের যত্ন নিতে পারে, অনুপ্রেরণা জোগাতে পারে এবং প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, যারা একটি কারখানায় কাজ করেন, তাদের জন্য কারখানাটিকে প্রথমে একটি বাড়ি হিসেবে নকশা করা হলে কেমন হয়—এই সহজ প্রশ্নটি সামনে রেখেছিলাম। প্রতিটি উঠান, বাগান, জলাধার ও ছায়াঘেরা বারান্দা সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে।
কারখানাটি পরিচালনা করে কারুপণ্য রংপুর লিমিটেড। প্রতিষ্ঠানটি হাতে তৈরি গালিচার পাশাপাশি দরজার সামনে ও গোসলখানায় ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের মাদুরও তৈরি করে।
কেন গুরুত্বপূর্ণ এই স্বীকৃতি?
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ বস্ত্রপণ্য উৎপাদনকারী দেশ। তবে দেশের কারখানাগুলোর কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।
২০১৩ সালে ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ধসে প্রায় ১ হাজার ১০০ মানুষ নিহত হন। ভবনটিতে পোশাক কারখানা ছিল। ভবনে ফাটল দেখা দেওয়ার পরও শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করার অভিযোগ ওঠে। এ ঘটনা কারখানার নিরাপত্তা ও শ্রমিকদের অধিকার নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করে।
রিবার মতে, গ্রিন ফিল্ড ফ্যাক্টরির নকশায় কর্মীদের সুস্থতা ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারখানাটিতে শ্রমিক, ব্যবস্থাপক ও মালিকদের জন্য একই প্রধান প্রবেশপথ রাখা হয়েছে। বাংলাদেশে অনেক বড় কারখানায় শ্রমিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আলাদা প্রবেশপথ থাকার প্রচলন রয়েছে। পুরস্কারের বিচারক দলের প্রধান বিজয় জেয়েন (jury chair, Bijoy Jain) একই প্রবেশপথকে সবার জন্য সমান মর্যাদার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
২০১৬ সালে চালু হওয়া রিবার আন্তর্জাতিক পুরস্কার সাধারণত দুই বছর পরপর দেওয়া হয়। স্থাপত্যে নতুন চিন্তা, উদ্ভাবনী নকশা ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
এবার চারটি স্থাপনা চূড়ান্ত তালিকায় ছিল। বাংলাদেশের গ্রিন ফিল্ড ফ্যাক্টরির পাশাপাশি ঢাকার জলবায়ু উপযোগী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও তালিকায় জায়গা পেয়েছিল। বাকি দুটি স্থাপনা বেলজিয়ামে অবস্থিত—একটি ষাটের দশকের একটি দপ্তর ভবন সংস্কার করে তৈরি করা হয়েছে, অন্যটি একটি শিল্পকলা প্রতিষ্ঠানের সম্প্রসারিত ভবন।
২০২৪ সালে স্পেনের বার্সেলোনায় ছয়তলা কাঠের সামাজিক আবাসন প্রকল্প এ পুরস্কার জিতেছিল। এর আগের বিজয়ীদের মধ্যে রয়েছে ব্রাজিলের গ্রামীণ এলাকার একটি বিদ্যালয়, পেরুর একটি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বন্যাপ্রবণ প্রত্যন্ত অঞ্চলে নির্মিত একটি হাসপাতাল।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের প্রেক্ষিতে গ্রেপ্তার হওয়া কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সদর থানাকে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার সদর ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরীর আদালতে আইনজীবী রাশেদ নিশ্চিত করেন যে রাজু তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজারে নিয়ে গিয়েছিল এবং সেখানে ধর্ষণ করেছে। তাজমিনের বয়সের বিষয়টি জানানোর পর আদালত ধর্ষণ মামলা দায়েরের নির্দেশ দেয়। এর পর একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আইনজীবী রাশেদ বলেন, "তাজমিনকে যদি রাজু কক্সবাজারে না আনতো, তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না।" তিনি আরও জানান, কিশোরীকে মিথ্যে তথ্য দিয়ে ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই বিষয়টি তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে এবং বিবেকের তাড়নায় তিনি মামলাটি দায়ের করেছেন।
আদালতের এই নির্দেশের ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হওয়ায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার পথ তৈরি হয়েছে। এখন তদন্তে কী তথ্য উঠে আসে, সেটিই গুরুত্বপূর্ণ। এর আগে তাজমিন হত্যাকাণ্ড ঘিরে একের পর এক ঘটনায় নতুন প্রশ্ন তৈরি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, তারা সরকার পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। তার এই মন্তব্যের মাধ্যমে বিক্ষোভকারীদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা এবং সিজেপির অভিজিৎ দীপকের পাশে বসে প্রশান্ত ভূষণ বলেন, “হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই।”
প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে লখনৌয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীদের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
রাজনাথ সিং বলেন, “তারা (বিক্ষোভকারী গোষ্ঠীগুলো) বিশৃঙ্খলার রাজনীতিতে দেশের তরুণদের হাতের পুতুলে পরিণত করতে চেয়েছে। বাংলাদেশে যা ঘটেছিল, সেই আদলে তারা ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা করছে।”
তিনি আরো বলেন, বিক্ষোভকারীদের একজন সংবাদ সম্মেলনে প্রকাশ্যে জানিয়েছেন, সরকার পরিবর্তনের ক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আরেকজন নির্দ্বিধায় সরকার পতনের ডাক দিয়েছেন। এসব বক্তব্যের মাধ্যমে তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও সতর্ক করেন রাজনাথ সিং। তিনি বলেন, “রাহুল গান্ধী ও তার সহযোগীদের বুঝতে হবে, গণতন্ত্র বিশৃঙ্খলা ছড়ানো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করা কিংবা ভারতের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার কোনো ছাড়পত্র নয়।”
প্রশান্ত ভূষণের বক্তব্যের পর বিজেপিও বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছে। দলটির অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সামনে রেখে আসলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করছেন রাহুল গান্ধী ও তার অনুসারীরা।
সূত্র: এনডিটিভি
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "আমি ভোটে জিতেছি, তার মধ্যে বেশির ভাগই ভোট ছিল হিন্দু সম্প্রদায়ের। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের।"
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, "আমরা গত সাত মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তারা তা করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করব, একজন সরকারপ্রধান পূজাম-পে ঘুরে বেড়াবেন। বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।"
ইকবাল হাসান মাহমুদ বলেন, "শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।"
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু সহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ