১০:০১ এম
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংলিশ জায়ান্ট চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে নিয়ম ভঙ্গের দায়ে। জরিমানা ছাড়াও ব্লুজদের ওপর টানা দুই ট্রান্সফার উইন্ডোর জন্য নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
স্বস্তির খবর হলো, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার, এফএ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ শাস্তির বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, তারা একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের মাধ্যমে চেলসির বিরুদ্ধে উত্থাপিত ৭৪টি অভিযোগের সত্যতা প্রমাণিত করেছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চেলসির ৬ পয়েন্ট কাটা হতে পারে, কিন্তু আপিলের কারণে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এখন পয়েন্ট কর্তনের বদলে স্থগিত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
ঘটনা শুরু হয় গত বছরের সেপ্টেম্বরে। ফুটবল এজেন্ট, মধ্যস্থতাকারী এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের অনৈতিক বিনিয়োগ সম্পর্কিত একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে এফএর কাছে। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সংঘটিত এসব অনিয়মের সিংহভাগ চেলসির সাবেক রুশ মালিক রোমান আব্রামোভিচের মেয়াদের সময় ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে ঘটে।
শুনানির আগেই চেলসি তাদের ৭৪টি অনিয়মসমূহ স্বীকার করে নিলে স্বাধীন কমিশন প্রথমে ১ কোটি পাউন্ড জরিমানা এবং স্থগিত ৬ পয়েন্ট কাটার সিদ্ধান্ত দেয়। কিন্তু পরে আপিল বোর্ড পয়েন্ট কাটার ওই রায় বাতিল করে রেখে দেয় দুই ট্রান্সফার উইন্ডোর নিষেধাজ্ঞার রায়। এফএ জানিয়েছে, এই অনিয়মের সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।
২০২২ সালে আব্রামোভিচের মালিকানা বদলের পর বিষয়টি প্রথম সামনে আসে। নতুন মালিকানা প্রতিষ্ঠান ‘ব্লুকো’ দায়িত্ব গ্রহণের সময় পূর্বের আর্থিক অনিয়মগুলি শনাক্ত করে এবং গোপন না রেখে স্বেচ্ছায় প্রিমিয়ার লিগ, এফএ এবং উয়েফাকে বিস্তারিত জানায়।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
এফএ এর বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় চেলসি স্বস্তি প্রকাশ করেছে। লন্ডনের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, তারা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শুরু থেকেই পূর্ণ সহযোগিতা করেছে এবং তদন্তের স্বার্থে স্বেচ্ছায় হাজার হাজার নথিপত্র প্রদান করেছে। এ বিষয়ে পূর্বে উয়েফা ও প্রিমিয়ার লিগের সঙ্গেও ইতিবাচক সমঝোতায় পৌঁছেছিল ব্লুজরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন