শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৫ পি.এম
নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি হলরুমে ২৪ সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে ২৫ টি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সুলতান আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ। এ সময় আলোচনায় অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, এবং সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ আহসান হাবীব প্রমুখ।
সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোসা. নাসরিন (৩০) নামের এক নারীর মৃত্যু ঘটেছে। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, নাসরিনকে ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে ৪৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৪০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ২৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ জন কমেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ এ বিষয়ে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪০ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, "আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।" তিনি উল্লেখ করেছেন, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী সর্বাগ্রে অবস্থান করছে।
শুক্রবার, নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াতের আয়োজনে দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের সঙ্গে আচরণে সদা সম্মান প্রদর্শন করা এবং নৈতিক মানে সংবর্ধিত হওয়ার নীতিই হলো কৌশল। তাই সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক-মানবিক কর্মকাণ্ড বৃদ্ধি করে জনসম্পৃক্ততা অর্জনের পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তামুক্ত থেকে ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আয়োজিত এ শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পোরশায় নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে স্থানীয় যুবসমাজ, এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর সকালে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুজ্জামান ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে বিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন। পরে সেখানে তিনি ওই ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে জানালে তা তাদের সহপাঠীসহ অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলস্বরূপ, ওই শিক্ষকের শাস্তি দাবি করে স্থানীয়রা প্রধান শিক্ষকসহ অন্যদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ না থাকায় তাৎক্ষণিকভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, আইন অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান দুই দেশের সম্পর্কের বিকাশ ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, তাদের সময় থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তি সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের কল্যাণে এই ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় নেতা বাংলাদেশ ও কুয়েতের জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ