ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী নুরুল হক


মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী নুরুল হক

পটুয়াখালী, ২৭ নভেম্বর, ২০২৬ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক মন্তব্য করেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

তিনি আজ দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদ হাসান মৃধা।

আরও পড়ুন: ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে, হাসপাতাল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। ক্রীড়ার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে চারটি মাঠ সংস্কার করা হচ্ছে। এছাড়া, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন ও জনগণ তা প্রতিহত করবে।

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার আলীপুর ও রণগোপালদী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ্ আলম শানু, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত প্রমুখ।

আরও পড়ুন: আজ টিভিতে নিউজিল্যান্ড-ভারতের টেস্ট ম্যাচসহ বড় দলগুলোর খেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুজিবনগরে খেলার মাঠে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


মুজিবনগরে খেলার মাঠে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য

মেহেরপুরের একটি ফুটবল মাঠে চলছে একটি হাইভোল্টেজ ম্যাচ, যেখানে দর্শক ও নিরাপত্তাকর্মী সকলেই বলের দিকে নজর দিয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কয়েকজন মোটরসাইকেল ছিনতাইকারী তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারা দুটি সুজুকি বাইক চুরি করে নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের ফুটবল খেলার মাঠে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন গ্রামবাসীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা চলছিল। খেলায় অংশগ্রহণ করেছিল ইসলামপুর ও ভবানীপুর গ্রামের দল। হাজার হাজার দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। যখন সবাই খেলার দিকে মনোযোগী ছিল, তখন তিন যুবক দুটি মোটরসাইকেলের তালা ভেঙে নিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মো. সুজনের, যিনি মেহেরপুর জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার মোটরসাইকেলটি সুজুকি ব্র্যান্ডের। অপর মোটরসাইকেলটির মালিক বিশ্বনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রূপচাঁদ।

ঘটনার পর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

এদিকে টুর্নামেন্ট কমিটির সূত্রে জানা গেছে, মোটরসাইকেল মালিকদের কাছে গাড়ি রাখার টোকেন থাকায় তাদের গাড়ি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যথায়, সমপরিমাণ অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ: স্ক্যানের আগে যাচাই করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


কিউআর কোডের আড়ালে প্রতারণার ফাঁদ: স্ক্যানের আগে যাচাই করুন

রেস্টুরেন্টের খাবারের মেন্যু দেখা, দোকানে বিল পরিশোধ করা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে নিবন্ধন—প্রায় সব ক্ষেত্রেই কিউআর (QR) কোডের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বাংলা কিউআর, ব্যাংকিং সেবা ও মোবাইল আর্থিক লেনদেনে এই প্রযুক্তির ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এতে সময় ও ভোগান্তি কমছে, তবে সাইবার প্রতারণার আশঙ্কাও বাড়ছে।

কিউআর কোড ব্যবহারের অন্যতম ঝুঁকি হলো, স্ক্যান করার আগে এর ভেতরে থাকা তথ্য বা ওয়েবসাইটের ঠিকানা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায় না। দেখতে একই রকম হলেও কোনো কোড আপনাকে নিয়ে যেতে পারে প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটে, আবার অন্যটি হতে পারে প্রতারকদের তৈরি ভুয়া লিংক। এমনকি আসল কিউআর কোডের ওপর নকল কোড বসিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। তাই কিউআর কোড ব্যবহারের আগে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

কোডের ওপর কোনো নকল স্টিকার রয়েছে কি না দেখুন। প্রতারকেরা অনেক সময় দোকান, রেস্টুরেন্ট কিংবা পার্কিংয়ের স্থানে থাকা আসল কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দেয়। ফলে গ্রাহক টাকা পরিশোধ করতে গিয়ে অজান্তেই প্রতারকের অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারেন।

এ ধরনের বিপদ এড়াতে স্ক্যান করার আগে কোডটি ভালোভাবে পরীক্ষা করা উচিত। এর ওপর নতুন কোনো স্টিকার লাগানো হয়েছে কি না কিংবা কোডটি অস্বাভাবিকভাবে স্থাপন করা হয়েছে কি না, তা খেয়াল করুন। সন্দেহ হলে নিজে থেকে লেনদেন না করে প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মীর কাছে বিষয়টি নিশ্চিত হয়ে নিন।

এছাড়া কিউআর কোড স্ক্যান করার পর সরাসরি লিংকে প্রবেশ না করে প্রথমে ওয়েব ঠিকানাটি যাচাই করা জরুরি। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার প্রকৃত ওয়েবসাইট কি না, তা নিশ্চিত হতে হবে। প্রতারকেরা অনেক সময় আসল ওয়েবসাইটের নামের বানানে সামান্য পরিবর্তন এনে নকল সাইট তৈরি করে। মনে রাখতে হবে, ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটি যে আসল, এমন নিশ্চয়তা নেই।

পেমেন্টের আগে প্রাপকের নাম ও টাকার পরিমাণ মিলিয়ে নিন। বাংলা কিউআরসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় টাকা পাঠানোর আগে প্রাপকের নাম দেখার সুযোগ রয়েছে। তাই লেনদেন সম্পন্ন করার আগে টাকার পরিমাণের পাশাপাশি প্রাপকের পরিচয়ও যাচাই করতে হবে।

পেমেন্টের পর্দায় দোকান বা প্রতিষ্ঠানের পরিবর্তে অপরিচিত কোনো ব্যক্তির নাম দেখা গেলে লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলে সঠিক পেমেন্ট অ্যাকাউন্ট নিশ্চিত করুন।

একইভাবে কোনো কিউআর কোড স্ক্যান করার পর খোলা ওয়েবসাইটে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ডের তথ্য কিংবা আর্থিক হিসাবের গোপন তথ্য চাইলে সতর্ক হোন। বিশেষ করে অপরিচিত লিংকের মাধ্যমে এসব তথ্য চাওয়া হলে তা এড়িয়ে চলাই নিরাপদ।

পুরস্কার ও পার্সেলের প্রলোভনে পা দেবেন না। এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইলে পাঠানো কিউআর কোডের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটতে পারে। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, টাকা ফেরত পাওয়ার প্রলোভন কিংবা জরুরি তথ্য যাচাইয়ের কথা বলে ব্যবহারকারীকে দ্রুত কোড স্ক্যান করতে বাধ্য করার চেষ্টা করে প্রতারকেরা।

এছাড়া পুরস্কার জেতার দাবি, কুরিয়ার পার্সেল ছাড়ানোর জন্য অর্থ পরিশোধ কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত পাওয়ার প্রলোভন দেখিয়েও ফাঁদ তৈরি করা হয়। এ ধরনের বার্তা পেলে তাড়াহুড়ো করে কোনো কোড স্ক্যান করবেন না। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ অথবা গ্রাহকসেবা নম্বরে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করুন।

শুধু কিউআর কোড স্ক্যান করলেই কি ফোন হ্যাক হতে পারে? কিউআর কোড স্ক্যান করলেই সাধারণত স্মার্টফোন হ্যাক হয়ে যায় না। তবে স্ক্যানের মাধ্যমে কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য দিলে কিংবা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

তাই অপরিচিত পোস্টার, লিফলেট, দেয়াল কিংবা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে সেটি স্ক্যান করা উচিত নয়। বিশেষ করে অচেনা কোনো লিংক থেকে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

ভুল করে সন্দেহজনক কোড স্ক্যান করলে কী করবেন? কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করার পর যদি কোনো ব্যক্তিগত তথ্য না দেন, অর্থ লেনদেন না করেন কিংবা কোনো অ্যাপ ইনস্টল না করেন, তাহলে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবপেজটি বন্ধ করে দিন।

তবে স্ক্যানের পর পাসওয়ার্ড বা গোপন তথ্য দিয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য প্রকাশ হয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করুন। আর কোনো সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করা হলে সেটি সরিয়ে ফোনের নিরাপত্তাব্যবস্থা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করুন।

প্রযুক্তির ব্যবহার সহজ করতে কিউআর কোডের বিকল্প নেই। তবে অসতর্ক ব্যবহারে এই সুবিধাই হয়ে উঠতে পারে প্রতারণার হাতিয়ার। তাই স্ক্যান করার আগে কোডের উৎস, ওয়েবসাইটের ঠিকানা এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রাপকের পরিচয় যাচাই করলেই অনেক অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়ানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বিমানবন্দরের ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


নতুন বিমানবন্দরের ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা আরোপ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য সরকার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের একটি চুক্তি সম্পাদনের পথে রয়েছে। এই চুক্তির আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি প্রতিষ্ঠানগুলোর হাতে থাকবে। তবে, এই চুক্তির একটি শর্ত নিয়ে আলোচনা চলছে। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার অনুমতি থাকবে না সরকারের। নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।

তৃতীয় টার্মিনাল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে। সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়ামে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কম্পানি, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ জাপানি অপারেটর এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ, এককালীন অর্থের পরিমাণ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।

রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাসে রাজস্বের ১৩.৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২.১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে, বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকেও আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।

তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২.৫০ ডলার বা প্রায় এক হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এই ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, “আমাদের বিমান চলাচল খাতে সবকিছুর চার্জ এমনিতেই তুলনামূলকভাবে অনেক বেশি, এরপর যদি এমবারকেশন দুই-তিন গুণ বেড়ে যায়, সেটা তো শেষ পর্যন্ত যাত্রীর ভ্রমণ খরচের ওপরই পড়বে। এখানে আমরা অনেক শর্ত মেনে নিচ্ছি—নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে বলেই আমি মনে করি।”

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন রেগুলেটরি ফি নির্ধারণের ক্ষেত্রে আইকাওয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এয়ারলাইনসের পাশাপাশি যাত্রীরাও এর অংশীজন। কিন্তু ফি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না।

তার মতে, এই ফি তিন গুণ বাড়লে বিশেষ করে প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় বাড়বে। টার্মিনালের কারণে সৃষ্ট বাড়তি খরচ যাত্রীদের ওপর চাপানো হচ্ছে।

তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় একটি অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

বর্তমানে শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বছরে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে নতুন টার্মিনালে এই ব্যবসার একটি বড় অংশ অন্য অপারেটরের কাছে যাওয়ার বিষয়টি রাষ্ট্রীয় সংস্থাটির আয়ের ওপর প্রভাব ফেলতে পারে।

বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলাম মনে করেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে বঞ্চিত করা হলে রাষ্ট্রীয় সংস্থাটি বড় ব্যবসা হারাবে। তবে বিমানের সেবার মানও উন্নত করতে হবে।

তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে এক হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে মাত্র ২.৪ শতাংশ। গত অর্থবছরে বেবিচকের আয় ছিল তিন হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরো প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় পাঁচ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।

আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের সীমিত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বেবিচক সূত্র জানায়, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতা। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনালটি চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্তগুলো নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয় কেমন হবে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

তার মতে, বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়লেও স্লট বরাদ্দ নির্ভর করবে বোর্ডিং ব্রিজ, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা ও বিমানবন্দরের সক্ষমতা বাড়বে। তবে ১৫ বছরের পরিচালন চুক্তি, ১০০ কিলোমিটার এলাকায় নতুন বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞা, যাত্রীদের বাড়তি মাশুল এবং ঋণ পরিশোধের চাপ—এসব শর্তের আর্থিক প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম ও রাজস্ব আয়ের ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হলো গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হলো গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শতাব্দীপ্রাচীন জলপাই বাগানগুলো ইসরাইলের সামরিক আগ্রাসনে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কৃষিজমিতে ব্যাপক বুলডোজার অভিযান চালিয়ে ইসরাইলি সেনাবাহিনী হামাসের সুড়ঙ্গ ও রকেট উৎক্ষেপণস্থল খুঁজে বের করার দাবি করেছে। তাদের দাবি, এসব জমিতে হামাসের সামরিক স্থাপনা লুকিয়ে রাখা হয়েছে।

এই ধ্বংসযজ্ঞের ভয়াবহ প্রভাব পড়েছে দীর্ঘ সময় ধরে এসব জমিতে চাষাবাদ করে আসা ফিলিস্তিনি পরিবারগুলোর ওপর। বহু পরিবারের জীবিকা এবং শত বছরের পারিবারিক ঐতিহ্য একসঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে।

একটি পরিবারের সদস্য জাহের কাশকো। তাদের পাঁচ দুনাম আয়তনের জলপাই বাগান প্রায় ২০০ বছর ধরে বংশপরম্পরায় তাদের মালিকানায় ছিল। বাগানটিতে ৪০টি পরিণত জলপাই গাছ ছিল, যা ভালো মৌসুমে প্রায় ১২ টন জলপাই উৎপাদন করত।

কিন্তু বর্তমানে সেই বাগানের অস্তিত্ব কার্যত হারিয়ে গেছে। এলাকাটি ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘রেড জোনের’ অন্তর্ভুক্ত হওয়ায় পরিবারের সদস্যদের সেখানে প্রবেশের সুযোগ নেই।

ইসরাইলি অভিযানে জাহের কাশকোর পরিবারের ১৫০ সদস্য নিহত হয়েছেন। ফলে শুধু তাঁদের শতাব্দীপ্রাচীন জলপাই বাগানই নয়, পুরো পরিবারটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

গাজার জলপাই বাগানগুলো ফিলিস্তিনিদের কাছে শুধুমাত্র কৃষিজমি বা আয়ের উৎস নয়, বরং এগুলো পারিবারিক ঐতিহ্য, শিকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই বাগানগুলোর ধ্বংসের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ফিলিস্তিনিদের জীবনযাত্রা ও ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তথ্যসূত্র: ইয়েনি সাফাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%