ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে রেখেছে


পেন্টাগন ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ আটকে রেখেছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দেওয়া পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৬০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন প্রক্রিয়া আটকে রেখেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপীয় অস্ত্রাগার থেকে সরবরাহ করার কথা ছিল এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা এই প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আটকে থাকা এই চালানের মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পিএসি-২ (PAC-2) এবং পিএসি-৩ (PAC-3) মডেলের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

শুধুমাত্র ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং প্যাট্রিয়ট সিস্টেমের ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন প্রক্রিয়াও বিলম্বিত করছে পেন্টাগন। যদিও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই চুক্তির জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছেন, তবে পরবর্তীতে তা মার্কিন আন্ডার সেক্রেটারি (অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট) মাইকেল ডাফির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

কিয়েভ দীর্ঘদিন ধরেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কথা জানাচ্ছে। এর আগে ১৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ইউক্রেনের মজুত থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সম্পূর্ণরূপে ফুরিয়ে গেছে।

পরবর্তীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলে কেনা ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের 'প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট' (PURL) কর্মসূচির আওতায় কিয়েভকে অগ্রাধিকার ভিত্তিতে সামরিক সরঞ্জাম দেওয়ার কথা থাকলেও, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিয়ট এবং নাসামস (NASAMS) আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্র সরবরাহ এক মাস পিছিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামাজন যুক্তরাজ্যে ২০২৭ সালে গাড়ি বিক্রি শুরু করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


অ্যামাজন যুক্তরাজ্যে ২০২৭ সালে গাড়ি বিক্রি শুরু করবে

মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি কেনাবেচার সেবা চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৭ সালের শুরুতে দেশটিতে ‘অ্যামাজন অটোস’ নামের সেবা চালু করার পরিকল্পনা করছে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে সেবাটির প্রথম সম্প্রসারণ হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই সেবার মাধ্যমে ক্রেতারা অ্যামাজনের যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে নতুন এবং ব্যবহৃত গাড়ি খুঁজে দেখতে পারবেন। শুরুতে গাড়ি সরবরাহকারী অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই যুক্ত থাকবে। তাদের বিভিন্ন বৈদ্যুতিক, হাইব্রিড এবং পেট্রলচালিত মডেল পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে আইওনিক ৩, আইওনিক ৫, কোনা এবং আই২০।

অ্যামাজন যুক্তরাজ্যের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টু মোটরসের মাধ্যমে ব্যবহৃত গাড়ি বিক্রিরও পরিকল্পনা করেছে। ভবিষ্যতে আরো গাড়ি নির্মাতা এবং বিক্রেতা প্রতিষ্ঠানকে এই সেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ক্রেতারা অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ির মডেল, বৈশিষ্ট্য এবং নির্ধারিত দাম দেখতে পারবেন। তারা পছন্দের গাড়ি বেছে নিয়ে সেটি সংরক্ষণ করতে পারবেন এবং নিজের পুরনো গাড়ির সম্ভাব্য মূল্যও জানতে পারবেন। গাড়ি কেনার জন্য অর্থায়নের সুযোগও তারা খতিয়ে দেখতে পারবেন।

তবে পুরো কেনাকাটার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে না। অ্যামাজনের ওয়েবসাইটে গাড়ি পছন্দ ও সংরক্ষণের পর চূড়ান্ত কেনাকাটা সংশ্লিষ্ট ডিলারশিপে সম্পন্ন করতে হবে। গাড়ির দাম নির্ধারণের দায়িত্বও বিক্রেতাদের হাতে থাকবে।

২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ‘অ্যামাজন অটোস’ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরে দেশটির ১৫০টির বেশি শহরে এই সেবা ছড়িয়ে পড়ে। এবার যুক্তরাজ্যে কার্যক্রম শুরুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে অ্যামাজনের অনলাইন গাড়ি বিক্রির উদ্যোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে বেশি থাকার অস্বস্তিতে ফেলেছেন নিত্যা মেনন!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


জনসমক্ষে বেশি থাকার অস্বস্তিতে ফেলেছেন নিত্যা মেনন!

দক্ষিণী সিনেমার অত্যন্ত মেধাবী ও জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কানমানি’ এবং ‘তিরুচিত্রাম্বালাম’-এর মতো সিনেমাতে যার প্রাণবন্ত অভিনয় কোটি দর্শককে মুগ্ধ করেছে, সেই অভিনেত্রী পর্দার বাইরে ক্যামেরা ও মানুষের অতিরিক্ত নজরদারিতে ভীষণ অস্বস্তি অনুভব করেন।

সম্প্রতি, তিনি একটি পডকাস্টে নিজের স্বভাব ও ক্যারিয়ার নিয়ে অকপট স্বীকারোক্তি প্রদান করেছেন।

গোপীনাথের পডকাস্টে আলাপচারিতার সময় নিত্যা জানিয়েছেন, তারকাখ্যাতির এই ঝলমলে জগৎ এবং সারাক্ষণ মানুষের নজরে থাকার বিষয়টি তার স্বভাবের সঙ্গে ঠিক যায় না।

অভিনেত্রীর ভাষায়, “আমি যদি অন্য কোনো পেশা বেছে নিতাম, ধরুন যোগব্যায়ামের শিক্ষক হতাম তবে জীবনটা অনেক বেশি আরামদায়ক হতো। কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তো নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলা। জনসমক্ষে থাকা বা অতিরিক্ত মানুষের নজরে থাকা আমাকে অস্বস্তিতে ফেলে, আর এই অস্বস্তিকে জয় করাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

নিজের এই লাজুক স্বভাবের পেছনের গল্প তুলে ধরে নিত্যা বলেছেন, “আমি যখন একদম ছোট ছিলাম, তখন কেউ আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে আমি তাকে ওখান থেকে চলে যেতে বলতাম। ছোটবেলার সেই লাজুক স্বভাব আজও রয়ে গেছে।”

নিত্যার মতে, এই অস্বস্তি আসলে মানুষের নিজের ভেতরের আত্মমর্যাদা ও আত্ম-বিচারের অনুভূতি থেকে তৈরি হয়, যা কাটিয়ে ওঠা জরুরি।

১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা নিত্যা মালায়ালাম, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় সমানতালে দাপট দেখিয়ে চলেছেন।

আগামী ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি থ্রিলার সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্রে’। বিবেক ওবেরয় ও আশিস বিদ্যার্থীর সঙ্গে এই সিনেমাতে পরকীয়া, প্রতারণা এবং স্বামী-স্ত্রীর বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্পে দেখা যাবে নিত্যা মেননকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেপ্তার, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা

হোসেনপুর উপজেলার পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় হোসেনপুর থানায় অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক এবং ওসি (তদন্ত) শেখ তাজউদ্দীন আহমেদ এই তথ্য প্রকাশ করেন।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার উল্লেখ করেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে হোসেনপুর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে পৌর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটককৃতদের বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, হোসেনপুর পৌর সদরে কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় কিশোররা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। উপজেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজ এবং পৌর সদরের রাস্তাগুলোতে তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের উত্ত্যক্তের (ইভটিজিং) কারণে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এসব কিশোর গ্যাংকে কঠোরভাবে দমন করার নির্দেশনা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়েছে, যা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবার এবং আহতদের পুনর্বাসনে সহায়ক হবে।

বুধবার দুপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত চেক বিতরণ অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএ'র সরকারি পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিআরটিএর মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।

সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে তিনি সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। স্বামীর মৃত্যুর পর পরিবার চালানো, দৈনন্দিন খরচ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সরকারের দেওয়া ৫ লাখ টাকা তার পরিবারকে কিছুটা স্বাবলম্বী হতে সাহায্য করবে। এই অর্থ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী।

একইভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা স্বাভাবিক জীবন ফিরে পাননি। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন। চিকিৎসা ও সংসারের খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। সরকারের দেওয়া ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে বলে জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেলে পরিবারটি শুধু আর্থিক সংকটে পড়ে না, সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়ে ওঠে আরও কঠিন। এই বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ বলে তিনি মনে করেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন ও নতুন করে জীবন শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%