১০:২৩ এম
যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলের ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
আটক হওয়া ইউনুস আলী, যিনি ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আরও পড়ুন: হুমায়ুন কবিরের বক্তব্যে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
অভিযোগ সূত্রে জানা যায়, আজ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান তার বাবা ইউনুস আলী। সেখানে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে ঢুকে ইউনুস আলী তাকে চড় মারেন। পরে অন্য শিক্ষকেরা এসে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন