শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪১ এম
নির্যাতন, কারাবরণ, দুর্বিষহ প্রবাসজীবন; কোনো কিছুই তারেক রহমানকে দমাতে পারেনি। দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকলেও বিএনপির তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ অটুট ছিল।
নিয়মিত রাজনৈতিক পরিকল্পনা ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। এরপর তিনি রাজসিক প্রত্যাবর্তন ঘটান।
লাল-সবুজের গাড়িতে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে বেড়িয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে এনে দিয়েছেন ভূমিধস বিজয়।
বিশ্লেষকদের মতে, নেতৃত্বের সক্ষমতার প্রমাণ তিনি দিয়েছেন। তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দল ও সরকারের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করতে পারলে বরণীয় শাসক হিসেবে নিজের অবস্থান তৈরি করার সুযোগ তার জন্য অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুমিনের জীবন কেবল আশা-আকাঙ্ক্ষা ও কল্পনার ভিত্তিতে গড়ে ওঠে না; বরং ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে তার জীবন নির্মিত হয়। অবাস্তব ও ভিত্তিহীন আকাঙ্ক্ষা নিঃস্ব ও নিঃসম্বল মানুষের মূলধন হয়ে দাঁড়ায়। এই আকাঙ্ক্ষাগুলোর মাধ্যমে তারা নিজেদের সময় কাটায় এবং এগুলো উপভোগ করেই জীবন অতিবাহিত করে। [ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.), মাদারিজুস সালিকিন : ৩/৪৯৪]
ইসলাম এমন অলীক আকাঙ্ক্ষা থেকে সতর্ক করেছে, যেগুলো কেবল স্বপ্ন ও কল্পনার ওপর নির্ভরশীল—যার সঙ্গে কোনো কাজ, প্রচেষ্টা কিংবা সাধনা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘বিষয়টি তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয় এবং আহলে কিতাবের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয়। যে মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে।’(সুরা আন-নিসা, আয়াত : ১২৩)
এই আয়াতের ব্যাখ্যায় শায়খ ইবনু সাদি (রহ.) উল্লেখ করেন, ‘আকাঙ্ক্ষা হলো এমন কিছু মনের কল্পনা, যার সঙ্গে কোনো আমল বা কাজের সম্পর্ক নেই। কারণ আমলই দাবির সত্যতা প্রমাণ করে অথবা তা মিথ্যা বলে প্রতিপন্ন করে।’ (তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ইবনু সাদি, পৃষ্ঠা-২০৫)
পূর্বসূরি মুসলিম মনীষীরা এ ধরনের আকাঙ্ক্ষার ব্যাপারে অনেক সতর্ক করেছেন। কারণ এই আকাঙ্ক্ষাগুলো মানুষের দৃঢ় সংকল্পকে দুর্বল করে দেয় এবং তাকে চেষ্টা-সাধনা ছাড়াই কল্পনার জগতে বসবাস করতে অভ্যস্ত করে তোলে।
ইসলামের চোখে নিষিদ্ধ আকাঙ্ক্ষা
১. কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন তার ওপর আপতিত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই কিছু বলতে হয়, তাহলে সে যেন বলে—হে আল্লাহ! যত দিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর, তত দিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দান করুন।’ (বুখারি, হাদিস : ৬৩৫১)
ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, এই নিষেধাজ্ঞা তখন প্রযোজ্য, যখন বিপদটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের হয়। কিন্তু যদি দ্বিনের ক্ষেত্রে ফিতনা বা বিপর্যয়ের আশঙ্কা থাকে, তাহলে মৃত্যু কামনা করা বৈধ।(তাফসিরুল কোরআনিল আজিম, ইবনু কাসির ৪/৪১৬)
২. শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কোরো না; বরং আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। আর যখন তাদের মুখোমুখি হবে, তখন ধৈর্য ধারণ করো।’ (বুখারি, হাদিস : ২৯৬৫)
৩. পাপ ও অশ্লীল কাজের আকাঙ্ক্ষা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চোখও জিনা (ব্যভিচার) করে, অন্তরও জিনা করে। চোখের জিনা হলো (হারাম বস্তুর প্রতি) দৃষ্টিপাত করা। আর অন্তরের জিনা হলো (হারাম কাজের) আকাঙ্ক্ষা করা। অতঃপর লজ্জাস্থান সেটিকে বাস্তবে রূপ দিয়ে সত্য প্রমাণ করে অথবা তা থেকে বিরত থেকে মিথ্যা প্রমাণ করে।’ (বুখারি, হাদিস : ৬২৪৩)
সুতরাং মানুষের অন্তরে পাপের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, রাসুলুল্লাহ (সা.) তাকে অন্তরের জিনা ও অশ্লীলতার অন্তর্ভুক্ত করেছেন।
৪. অন্যের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামত নিজের জন্য কামনা করা : আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা এমন বিষয়ে আকাঙ্ক্ষা কোরো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৩২)
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর (রহ.) বলেন, ‘বিভিন্ন নামে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিপ্লব ও প্রচারণার সৃষ্টি হয়েছে, তার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহ যেসব নিয়ামত ও শ্রেষ্ঠত্ব এক শ্রেণির মানুষকে অন্য শ্রেণির ওপর দান করেছেন, সেগুলো নিজের জন্য কামনা করা।’ (আত-তাহরির ওয়াত-তানভির, ইবনু আশুর : ৫/৩১)
অতএব অবাস্তব ও নিষিদ্ধ আকাঙ্ক্ষায় সময় নষ্ট না করে আমাদের উচিত বৈধ ও কল্যাণকর লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব মনে করছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী বছর পর্যন্ত চলতে পারে। সামরিক বিপর্যয় এবং সৌদি ভূখণ্ডে হামলার মধ্যেও দেশটি অভিযান অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে। রিয়াদ আগামী ছয় মাসের মধ্যে স্থলযুদ্ধে অগ্রগতি অর্জনের পর হুতিদের সঙ্গে আলোচনায় বসতে চায়। বুধবার রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন। সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সেনাপ্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বরে ট্রাম্পের কাছে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক সহায়তা চেয়েছিলেন সৌদি যুবরাজ। যদিও সরাসরি হামলায় যুক্তরাষ্ট্র সম্মতি না দিলেও গোয়েন্দা তথ্য বিনিময় ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে হুতিরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে। একই সঙ্গে তারা সরকারি বাহিনীর অস্থায়ী রাজধানী এডেনের উত্তরে তাইজ শহর অবরুদ্ধ করে রেখেছে।
এ পরিস্থিতিতে বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও ইয়েমেন। এডেন রক্ষার পাশাপাশি পূর্বাঞ্চলে অভিযান জোরদারের পরিকল্পনাও রয়েছে। সৌদি আরব ইতোমধ্যে নেতৃত্বাধীন জোটের কমান্ডার পরিবর্তন করেছে। ইয়েমেনের সরকারও সামরিক নেতৃত্বে রদবদলের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হুতিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, আর্থিক কেন্দ্র এবং দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত ও আভা শহরকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে। একই দিন সৌদি বিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলেও খবর এসেছে।
ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হুতিদের বিরুদ্ধে ৭০০টির বেশি বিমান ও স্থল অভিযান চালিয়ে ১৪২ জন কমান্ডার ও যোদ্ধাকে হতাহত করেছে তারা।
অন্যদিকে, জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর পর তিন লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে প্রায় এক লাখ ৭৪ হাজার শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, আগস্টে শুরু হওয়া সংঘাতের সর্বশেষ পর্যায়ে নিহতের সংখ্যা দুই হাজার ২৬০ এবং আহত ১০ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন সিনেটে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই প্রস্তাবটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৫১-৪৮ ভোটে বাতিল করা হয়। এর ফলে রিপাবলিকান সিনেটররা ট্রাম্পের প্রতি ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করলেন।
এই প্রস্তাবটি ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় উত্থাপন করা হয়েছিল। এতে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন সেনাদের সংঘাত থেকে সরিয়ে নেয়া অথবা যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা আরোপ করা হবে। গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে এই প্রস্তাবটি পাস হয়েছিল।
বৃহস্পতিবারের ভোটে তিন রিপাবলিকান সিনেটর, সুসান কলিন্স, লিসা মারকোস্কি ও র্যান্ড পল, ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেননি। মার্কিন সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে। গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে। যদিও এবারের প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সুযোগ ছিল না; এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ হিসেবেই উত্থাপন করা হয়েছিল।
এদিকে, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে। এদের মধ্যে ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৫১ শতাংশ রিপাবলিকান রয়েছেন।
অন্যদিকে, ইউগভের এক জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের ভোট দেয়ার ক্ষেত্রে ৪৪ শতাংশ মার্কিন নাগরিকের অনীহা রয়েছে। বিপরীতে, মাত্র ১৩ শতাংশ জানিয়েছেন, যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের প্রতি তাদের সমর্থন বাড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নসংলগ্ন গ্যারেজের সামনে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। বাসটি পুড়ে যাওয়ার ফলে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
মামলায় উল্লেখিত ১৭ আসামির মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের দুই ছেলে, মাহমুদুর রহমান ও মাহবুবুর রহমান। এছাড়া শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, থানা তাঁতী লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন, আওয়ামী লীগ নেতা জালাল ওরফে টায়ার জালালসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় আরও কয়েকজনও মামলায় আসামি হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবু কাউছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ