মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে আন্দোলন চলছে। মঙ্গলবার সকাল থেকে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। ফলে শ্রমিকদের কয়েক দফা সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুর বাগান এলাকায় এই ঘটনাগুলি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কিছু পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাঁদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায়ও শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে, যেখানে পুলিশ ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, "আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।" তিনি আরও জানান, সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে, সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভের পর বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী পোশাকশ্রমিকেরা। ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বেলা সোয়া ১২ টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার ও আশুলিয়া ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে শিল্পাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তৈমুর বলেন, "শিল্পাঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোন প্রকার নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় পটুয়াখালী জেলার ৮২টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাঙ্গাবালী উপজেলার ০৩ নম্বর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেবার মান ও দক্ষতায় জেলার ৮২টি ইউনিয়ন পরিষদকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ।
এ অর্জনের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এ সম্মাননা ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জনের এ স্বীকৃতি ভবিষ্যতে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজ, দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে এসডিএফের পরিত্যক্ত ভবনগুলো এখন মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাদের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এসডিএফের উদ্যোগে জমি কিনে মালিকানিক দিন ভবন নির্মাণ করে পাঁচ টাকার সমিতি ঘর বসানো হয়েছিল। বাকেরগঞ্জের ১৪ নং নিয়ামতি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডেই এই এসডিএফের পরিত্যক্ত ভবনগুলো রয়েছে। কিছুদিন কার্যক্রম চলার পর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশালের বাকেরগঞ্জের ১১ নং ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। বাগবাড়ি সংলগ্ন রাস্তার পাশেই এই সমিতি ঘরের অবস্থান। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই ওই সমিতি ঘরে শুরু হয় মাদক সেবনকারীদের জমজমাট আড্ডা ও মাদক বেচাকেনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বহিরাগতদের আনাগোনাও বাড়তে থাকে।
এলাকাবাসী জানান, দিনে-রাতে সেখানে মাদক সেবন ও কেনাবেচা চলায় সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পান। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের মধ্যে আতঙ্ক বেশি। পরিত্যক্ত ভবনগুলো মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থানে পরিণত হয়েছে।
এলাকাবাসীর দাবি, পরিত্যক্ত সমিতি ঘরগুলো হয় পুনরায় সামাজিক কাজে ব্যবহার করা হোক, না হয় ভেঙে ফেলা হোক। একই সঙ্গে বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যেন ওই স্থানগুলোতে নিয়মিত টহল জোরদার করে এবং মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। মাদকমুক্ত নিরাপদ বাকেরগঞ্জ গড়তে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তরুণদের অগ্রাধিকারমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যৌথ গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন-আইজিসি ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এনএসইউ ক্যাম্পাসের উপাচার্যের সম্মেলনকক্ষে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশের অগ্রগতিতে তরুণ ও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের তরুণ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারাই বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের মূল প্রাণশক্তি।’ তিনি মন্তব্য করেন যে, আইজিসি ফাউন্ডেশন ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যকার কৌশলগত এই অংশীদারির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে জাতীয় নীতিনির্ধারণ ও দেশ গঠনের মূলধারায় যুক্ত করার একটি সরাসরি মাধ্যম তৈরি হলো।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ দেশে উপযুক্ত সুযোগ তৈরির মাধ্যমে মেধা পাচার রোধে এই অংশীদারত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আইজিসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটিকে একসঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে আমরা “তরুণদের নেতৃত্বে তরুণদের জন্য” উদ্ভাবনের একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলছি।’ তিনি এই উদ্যোগের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন যে, মেধাবীদের বিদেশে চলে যাওয়ার পেছনের ‘পুশ ফ্যাক্টর’ বা তাড়নাগুলোকে দেশের ভেতরে শক্তিশালী ‘পুল ফ্যাক্টর’ বা আকর্ষণ দিয়ে প্রতিস্থাপন করা। এর মাধ্যমে দেশে সঠিক সুযোগ তৈরি করে বাংলাদেশের ‘ব্রেইন ড্রেইন’ বা মেধা পাচারকে স্থায়ী ‘ব্রেইন গেইন’ বা মেধা সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।
আইজিসি ও এনএসইউর মধ্যে একাডেমিক বিনিময় এবং জ্ঞান আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক হান্নান চৌধুরী। তিনি বলেন, এর ফলে এনএসইউর শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, এনএসইউর সহ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী এবং সময় নিউজের এডিটর ও আইজিসি ফাউন্ডেশনের উপদেষ্টা পর্ষদের সদস্য ইমামুল হক শামীম।
এই চুক্তির আওতায় তরুণদের ক্ষমতায়নকে কেন্দ্র করে যৌথ একাডেমিক উদ্যোগ ও প্রকাশনা এগিয়ে নিতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৯৭ জনকে পৃথক ৮ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : কৃষি বিপণন অধিদপ্তর
পদের সংখ্যা : ০৮টি
লোকবল নিয়োগ : ৯৭ জন
পদের নাম : মাঠ ও বাজার পরিদর্শক
পদের সংখ্যা : ৫টি
বেতন : ২৪,৩০০-৫৯,৭০০ টাকা (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কৃষিতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
পদের নাম : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ৯টি
বেতন : ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সাটিফিকেট।
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা : ১টি
বেতন : ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি।
পদের নাম : হিসাবরক্ষক
পদের সংখ্যা : ৩টি
বেতন : ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
পদের নাম : গাড়িচালক (ভারী)
পদের সংখ্যা : ১টি পদ
বেতন : ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বৈধ ড্রাইভিং লাইসেন্সেসহ ভারি যানবাহন চালনায় পারদর্শী।
পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা : ৩৯টি
বেতন : ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের সার্টিফিকেট।
পদের নাম : ক্যাশিয়ার
পদের সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার চালনায় দক্ষতা।
বেতন : ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম : অফিস সহায়ক
পদের সংখ্যা : ৩৮টি
বেতন : ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা কৃষি বিপণন অধিদপ্তরের এই https://dam.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ