০২:৪৯ পি.এম
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করতে কাজ করছে। সাধারণ রোগীদের জন্য বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে মানসম্মত এবং আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে চিকিৎসার জন্য কাউকে রাজধানীতে আসতে না হয়, সেই লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউট রিচ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য এ বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্য সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
আরও পড়ুন: আইনমন্ত্রী: আইনজীবীর শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে। তবে চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীদের যাতে দেশে সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাওয়া যায় এবং চিকিৎসার উদ্দেশ্যে কাউকে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিং তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন