বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৮ পি.এম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপাচার্য সংবাদ সম্মেলনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জড়িয়ে থাকা মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আত্মদানকারী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য উল্লেখ করেন, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সংকট ও অচলাবস্থা বিদ্যমান ছিল। দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে উদারভাবে গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা হয়েছে এবং ধাপে ধাপে সমাধানের মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
উপাচার্য আরও জানান, শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ, শহীদ আবু সাঈদের স্মরণে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম, আন্তর্জাতিক সেমিনার, প্রশাসনিক সংস্কার ও ডিজিটালাইজেশন, দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্স, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
আগামী দিনের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, একাডেমিক ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, উন্নত আবাসিক, পরিবহন ও শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি ও পাঠাগার সুবিধা নিশ্চিতকরণ, গবেষণার মান বৃদ্ধি, ডিজিটাল ও ভাষাগত দক্ষতা এবং পেশাগত উন্নয়নের জন্য কোর্স চালু, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং প্রশাসনিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও আধুনিক ব্যবস্থাপনা আরও সম্প্রসারণ করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, আসুন, আমরা সবাই মিলে জ্ঞান, গবেষণা, উদ্ভাবন, মানবিক মূল্যবোধ ও দক্ষতার সমন্বয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও শক্তিশালী একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ছাড়া ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের সংবাদ প্রকাশের ঘটনায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আলমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘Jagannath University’-তে জবি ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, উপাচার্যের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় আবরণে বিতর্কিত করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেজে একটি রাজনৈতিক দলের কর্মসূচির শিরোনাম প্রচার করায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং প্রশাসন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থী। এটি অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বর্ণিত অসদাচরণের জন্য কেন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর জবি ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের সংবাদ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিশিয়াল পেজ থেকে পোস্টটি সরিয়ে নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা জোটের পরিধি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। নতুন যেকোনো দেশ, যারা অভিন্ন নীতিতে বিশ্বাসী, তাদের জন্য এই জোটে যোগ দেওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সামরিক বাহিনী এই তথ্য প্রকাশ করেছে।
পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, এই চুক্তি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এটি প্রতিবেশী ইরানসহ অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানের দীর্ঘমেয়াদী দ্বি-পাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানান, তিন দেশের অভিন্ন নীতি হচ্ছে অন্য কোনো দেশে আগ্রাসন না করা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। সম্মিলিত প্রতিরোধের মূলনীতির ভিত্তিতে এই জোট গঠিত হয়েছে। নতুন অংশীদার হিসেবে যারা এই নীতিগুলো সমর্থন করবে, তাদের জন্য যোগ দেওয়ার সুযোগ থাকবে। তবে নতুন দেশ যুক্ত করার সময় ও প্রক্রিয়া চূড়ান্ত করবেন তিন দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তান সেনাবাহিনী এটিকে সামগ্রিক কোনো মুসলিম সামরিক জোট হিসেবে উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি আরও বলেন, এই চুক্তিকে মূলত একটি আঞ্চলিক স্থিতিশীলতার জোট হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা ত্রিদেশীয় সম্পর্ককে এখন একটি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক কাঠামো দেওয়া হয়েছে।
অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে এই চুক্তির ফলে ইরানের সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন সৃষ্টি হবে না। তারা উল্লেখ করেছে, প্রতিটি দেশের সঙ্গে পৃথক ও স্বাধীন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়। ঠিক যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রভাব চীন বা ইরানের সম্পর্কের ওপর পড়ে না। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতা প্রক্রিয়ায় পাকিস্তান সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছে। পাকিস্তান চায় আলোচনা ও কূটনীতির মাধ্যমে অঞ্চলটিতে স্থায়ী শান্তি ফিরে আসুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বিশেষ অভিযানে যাওয়ার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ফাঁড়ির ইনচার্জ (আইসি) সহ পুলিশের একাধিক সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) এবং শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান (৩৫)। তবে আহত অন্যান্য পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ বাজার এলাকায় একটি চিহ্নিত সন্ত্রাসী দল রাতে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় পুলিশ আরেকটি বিশেষ অভিযানে যাওয়ার পথে সন্ত্রাসীরা অতর্কিতে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আইসি মিজানুর রহমান বুকে গুরুতর আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়দের মতে, হামলার নেতৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক, যিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বেই পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর বন্দর জোনের এডিসি সোহেল পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
আহত আইসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ‘অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুঁড়ে মারেন। আমি বুকে আঘাত পাই, ওসি স্যারও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি।’ কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে ঘেরাও ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের ইট-পাটকেল ছুঁড়ে মারেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর দিকে আসা ড্রোন হামলার প্রেক্ষাপটে পাকিস্তান জানিয়েছে, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন।
খাজা আসিফ উল্লেখ করেন, মক্কা চুক্তির অংশীদার হিসেবে পাকিস্তান তাদের দায়িত্ব পালন করবে। তিনি মনে করেন, পবিত্র মক্কায় হামলার ঘটনা ঘটার কারণে চুক্তিটি সক্রিয় করার উপযুক্ত সময় এসেছে।
তিনি হুতি বাহিনীকে একটি কঠোর সতর্কবার্তা দেন এবং বলেন, যদি ভবিষ্যতে আবারও মক্কায় হামলার চেষ্টা হয়, তাহলে পাকিস্তান আর চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। ইসলামাবাদ ধর্মীয় ও পবিত্র স্থান রক্ষা করাকে তাদের পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কা নগরীর দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন এগিয়ে আসে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয়।
সৌদি আরব এই ড্রোন হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই অভিযোগ অস্বীকার করে জানান, তাদের লক্ষ্যবস্তু কেবল সৌদি আরবের সামরিক ও জ্বালানি খাত; তারা কখনও ধর্মীয় বা পবিত্র স্থাপনায় হামলা চালায় না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ