ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর ধর্ষণের অভিযোগ


বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর ধর্ষণের অভিযোগ

মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারীর দাবি, বর্তমানে সাত মাস বয়সি তার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু অভিযুক্ত বাহার মা-ছেলের জন্য কোনো খোঁজখবর নিচ্ছেন না এবং চিকিৎসার ব্যয়ও বহন করছেন না।

অভিযুক্ত মো. বাহার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে আইনি সহায়তার প্রয়োজন

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী প্রেস ক্লাবে গিয়ে ভুক্তভোগী নারী সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

তিনি জানান, বাহার তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুবাই নিয়ে যান। সেখানে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ে না করেও দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে বিষয়টি গোপন রাখতে তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ এক বন্ধুকে দেখতে বাহার তাকে বাংলাদেশে নিয়ে আসেন। দেশে ফেরার পর বাহার তাকে তার বাগেরহাটের বাড়িতে পাঠিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করে দেন।

ভুক্তভোগী জানান, চলতি বছরের মার্চ মাসে তার সন্তানের জন্ম হয়। বর্তমানে সন্তানের অসুস্থতার কারণে তিনি চিকিৎসার ব্যয় বহনে চরম আর্থিক সংকটে পড়েছেন।

তিনি অভিযোগ করেন, বাহারের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি মা ও সন্তানের কোনো দায়িত্ব নিচ্ছেন না। এর আগে ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বাহার ওষুধ খাইয়ে তার গর্ভের আরেকটি সন্তান নষ্ট করে দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, তিন আসামির রিমান্ড মঞ্জুর

ভুক্তভোগী আরও দাবি করেন, সুবর্ণচরে বাহারের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তাকে হত্যার জন্য ৪ লাখ টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ কারণে নিরাপত্তার আশঙ্কায় বর্তমানে তিনি বাগেরহাটে বাবার বাড়িতে অবস্থান করছেন।

তিনি বলেন, "আমি আমার সন্তানের বাবার স্বীকৃতি চাই। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হোক। সত্য প্রকাশ পাক। আমার সন্তান যেন ভবিষ্যতে বাবার পরিচয় নিয়ে কোনো সংকটে না পড়ে, সেটিই আমার দাবি। আমি ন্যায়বিচার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি।"

ভুক্তভোগী জানান, বাহার লোক মারফত তাকে ১২ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন। তবে সন্তানের দায়িত্ব নিতে তিনি রাজি হননি। এ বিষয়ে কোনো লিখিত সমঝোতা বা অর্থ লেনদেন হয়েছে কিনা- প্রশ্ন করলে তা অস্বীকার করেন ওই নারী।

এদিকে, বাহারের প্রথম স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার না করে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, তার স্বামীর সঙ্গে সম্পর্কের জন্য ওই নারীই দায়ী এবং এসব অভিযোগের কারণে তার সংসারে সমস্যা তৈরি হচ্ছে। এ বিষয়ে তিনি সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আরও পড়ুন: স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মী স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি

বাহারের প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সম্পর্কে শুনেছেন বলে জানান। তবে ঘটনার বিস্তারিত তথ্য তাদের জানা নেই বলে দাবি করা হয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তারা ঘটনার নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রবাসী বাহারের সঙ্গে মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী বর্তমানে সন্তানের ভবিষ্যৎ, পিতৃপরিচয় ও চিকিৎসা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ফরিদপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখের মৃত্যুদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

গাজীপুর মহানগরীর পুবাইলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কের মেঘডুবি এলাকার কালি ফ্যাক্টরির কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর কন্যা। তাঁর স্বামী মনির হোসেন। তাঁরা গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকায় মোস্তফা নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।

আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায় শিশু ইয়ামনিও।

পুবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত মা-মেয়ের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের হাইকমিশনারের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


পাকিস্তানের হাইকমিশনারের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের বৈঠক

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ আজ (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, হাইকমিশনার ইমরান হায়দার হুমায়ুন কবীরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠকের সময় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সহযোগিতার সার্বিক অগ্রগতি ও গতিধারা সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি, পারস্পরিক জনসংযোগ (people-to-people exchanges) এবং কানেক্টিভিটি সহ বিভিন্ন খাতে এই সহযোগিতার বিষয়গুলো আলোচনা করা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও সুদৃঢ় করার জন্য দুই পক্ষ বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক বিষয়গুলোতে তারা নিজ নিজ মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে মার্কিন বিমান নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


জাতিসংঘে মার্কিন বিমান নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অভিযোগ

জাতিসংঘের দরবারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান চলাচল ব্যাহত ও ফ্লাইট বাতিল হওয়ার ঘটনায়। দেশটি জানিয়েছে, ওয়াশিংটনের বেআইনি বিধিনিষেধের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা (IRNA)-র বরাতে জানা গেছে যে, বেসামরিক বিমান চলাচল খাতের বৈধ অধিকার রক্ষা এবং যুক্তরাষ্ট্রের অবৈধ বিধিনিষেধ মোকাবিলায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দাখিল করেছে তেহরান। উল্লেখ্য, কানাডার মন্ট্রিয়লে অবস্থিত আইসিএও হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বজুড়ে বেসামরিক বিমান চলাচলের সার্বিক মান নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আবুজর শিরুদি বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমাদের বিমান খাতের অধিকার রক্ষায় আমরা আইসিএও-তে অভিযোগ পেশ করেছি। একইসঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি পৃথক নালিশ দায়ের করা হয়েছে।"

সম্প্রতি মার্কিন প্রশাসন ইরানের বিমান চলাচলের ওপর নতুন করে একাধিক বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি, বিশ্বের আন্তর্জাতিক সংস্থা ও বিমান পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেওয়া হয় যে, ইরানি বিমানসংস্থাগুলোর সঙ্গে কাজ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার ফলেই সম্প্রতি আন্তর্জাতিক রুটে একাধিক ইরানি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ দূর্বলতা, রপ্তানি ঘাটতিতে চাষীদের সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ দূর্বলতা, রপ্তানি ঘাটতিতে চাষীদের সংকট

দেশে আলুর উৎপাদন গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ চাহিদাকে ছাড়িয়ে যাচ্ছে। এর ফলে মাঠে বাম্পার ফলন হলেও বাজারে দরপতন এবং রপ্তানি ব্যর্থতায় চাষীরা সমস্যায় পড়ছেন। আলুচাষীদের সংকট কোনোভাবেই মিটছে না। খোঁজ নিয়ে জানা যায় যে ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার টন আলু উৎপাদিত হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। দেশের বার্ষিক চাহিদা বিভিন্ন সংস্থার হিসাবে প্রায় ৮০/৯৫ লাখ টন। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে আলুর চাহিদা প্রায় ৮৯ লাখ টন। ফলে গত মৌসুমে উদ্বৃত্ত ছিল আনুমানিক ২০-২৬ লাখ টন আলু। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যে দেখা যায় যে ২০২৬ সালে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদিত হয়েছে এবং চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ টন উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ উৎপাদন কমলেও উদ্বৃত্তের সমস্যা এখনও বিদ্যমান।

দেশের আলুর বড় অংশ উৎপাদন হয় উত্তরের রাজশাহী ও রংপুর বিভাগে। ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী ও রংপুর বিভাগ মিলে প্রায় ৮৭ লাখ ৯৮ হাজার ১৮৮ টন আলু উৎপাদিত হয়েছে, যা জাতীয় উৎপাদনের প্রায় ৭৬ শতাংশ। চলতি ২০২৫-২৬ মৌসুমে এই দুই বিভাগে প্রায় ৮৪ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

রংপুর বিভাগে চলতি মৌসুমে উৎপাদন হয়েছে ৫১ লাখ ৭৮ হাজার ৫৪৯ টন, যা গত মৌসুমে ৫৫ লাখ ৫৯ হাজার ৭৩৯ টন ছিল। যদিও উৎপাদন কিছুটা কমেছে, রংপুর এখনও জাতীয় উৎপাদনে সবচেয়ে বড় অবদানকারী অঞ্চল। অন্যদিকে রাজশাহী বিভাগেও উৎপাদন ব্যাপক। রাজশাহী জেলায় ২০২৪-২৫ মৌসুমে ১০ লাখ ৩০ হাজার ৫১৭ টন আলু উৎপাদিত হয়েছিল, যেখানে জেলার বার্ষিক চাহিদা মাত্র ১ লাখ ১৩ হাজার ১৪৫ টন। ফলে স্থানীয় চাহিদার তুলনায় বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থেকে যায় এবং তা দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করতে হয়।

রাজশাহী ও রংপুরে চাহিদা কত?

বিভাগভিত্তিক সরকারি আলু-চাহিদার পৃথক হিসাব না থাকায় ২০২২ সালের জনসংখ্যার অনুপাতে জাতীয় চাহিদা ৮৯ লাখ টন ধরে আনুমানিক হিসাব করলে, রাজশাহী বিভাগের ২.০৩ কোটি জনসংখ্যার বিপরীতে প্রায় ১১.০ লাখ টন আলুর চাহিদা রয়েছে। রাজশাহী ও রংপুর মিলিয়ে লক্ষ্যমাত্রার অংশ হিসেবে রংপুর বিভাগ ১.৭৬ কোটি জনসংখ্যার বিপরীতে ৫১.৮ লাখ টন আলু উৎপাদন করে। রাজশাহী ও রংপুর বিভাগের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার বিপরীতে চাহিদা প্রায় ২০.৫ লাখ টন, উৎপাদন হয় প্রায় ৮৪ লাখ টন আলু।

এক বিঘা জমির আলু উৎপাদনে খরচ কত?

চলতি মৌসুমে উত্তরাঞ্চলে এক বিঘা আলু উৎপাদনে খরচ অঞ্চল ও জাতভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। মাঠপর্যায়ের হিসাবে অনেক এলাকায় ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। এর মধ্যে বীজে ২৫-৩০ হাজার, সার ও কীটনাশকে ১৫-১৮ হাজার, শ্রমে ১২-১৫ হাজার এবং সেচ ও অন্যান্য খরচে আরও ১৩-১৭ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। তবে সব এলাকায় খরচ একরকম নয়। জয়পুরহাটে ২০২৫-২৬ মৌসুমে কৃষি বিভাগের হিসাবে বিঘাপ্রতি উৎপাদন খরচ প্রায় ৪১ হাজার টাকা পর্যন্ত উঠেছে। রাজশাহীর বিভিন্ন এলাকায় কৃষকের হিসাবে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত খরচের কথাও এসেছে। ফলন ভালো হলে এক বিঘায় প্রায় ৭৫-৮৫ মণ পর্যন্ত আলু পাওয়া যায়। কিন্তু বাজারে ১৫/২০ টাকা কেজি দরে বিক্রি হলে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় প্রায় ৭০ হাজার টাকা। ফলে একই পরিমাণ টাকা খরচের বিপরীতে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত লোকসান হতে পারে।

আলু রপ্তানির বিপুল  সম্ভাবনা

বাংলাদেশের আলু রপ্তানির বাজার বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশ থেকে ৬২ হাজার ১৩৫ টন আলু রপ্তানি হয়েছে, যা আগের কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বাংলাদেশের আলুর বাজার হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, শ্রীলঙ্কা, ওমান, কানাডা ও মালদ্বীপের মতো দেশ রয়েছে।

তবে উৎপাদনের তুলনায় রপ্তানি এখনও অত্যন্ত কম। এর অন্যতম কারণ হচ্ছে রপ্তানিযোগ্য মানের জাত, রোগমুক্ত আলু, মানসম্মত প্যাকেজিং, ফাইটোস্যানিটারি সনদ, ট্রেসেবিলিটি, পরীক্ষাগার সুবিধা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরবরাহ-যোগাযোগের দুর্বলতা। সরকারি কৃষি বিষয়ক বিশ্লেষণেও আলুর গুণগত বৈচিত্র্য, অতিরিক্ত আর্দ্রতা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে দুর্বল সংযোগকে রপ্তানির বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার ক্ষেত্রে অতীতে ব্রাউন রট রোগ শনাক্ত হওয়ার পর বাংলাদেশি আলুর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালে তা প্রত্যাহার হয়। এ ঘটনা দেখিয়েছে যে রপ্তানি বাড়াতে হলে উৎপাদন থেকে প্যাকিং ও রপ্তানি পর্যন্ত রোগমুক্ততা, ট্রেসেবিলিটি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনা শক্তিশালী করা জরুরি।

উত্তরাঞ্চলের সুবিধা হলো এখানে দেশের সবচেয়ে বড় আলু উৎপাদন অঞ্চল অবস্থিত। বিশেষ করে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী এলাকায় বড় আকারে আলু উৎপাদিত হয়।

কিন্তু উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংরক্ষণ ও রপ্তানি অবকাঠামো নেই। কৃষি তথ্য সার্ভিসের বিশ্লেষণেও উত্তরাঞ্চলে রপ্তানির জন্য প্লাগিং/প্যাকিং স্টেশন, রপ্তানি-উপযোগী কুলিং জোন এবং আধুনিক কোল্ড-চেইন গড়ে তোলার প্রয়োজনের কথা বলা হয়েছে।

দেশে হিমাগার সংখ্যা কত ?

কৃষি বিপণন অধিদপ্তরের ২০২৩ সালের তথ্য অনুযায়ী ৪০টি জেলা থেকে সংগৃহীত হিসাবে দেশে ৩৬৫টি চালু হিমাগার ছিল এবং মোট ধারণক্ষমতা ছিল প্রায় ৩০ লাখ ১৩ হাজার টন। তবে ২০২৬ সালে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাবে দেশে ৩৫১টি হিমাগারে প্রায় ৩৪ লাখ টন আলু সংরক্ষণ করা হয়েছে। সংখ্যা কম হলেও কিছু নতুন/বর্ধিত ধারণক্ষমতা যুক্ত হওয়ায় মোট সক্ষমতার হিসাব ভিন্ন হয়েছে।

রাজশাহী ও রংপুর বিভাগে ২০২৬ সালের সাম্প্রতিক কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে ১২৬টি হিমাগার, এর মধ্যে ১২০টি সচল রয়েছে। জেলাভিত্তিক সংখ্যানুপাতে রাজশাহীতে ৪০, বগুড়ায় ৫২, জয়পুরহাট ২২, নওগাঁয় ১০, নাটোরে ৩, পাবনায় ২, সিরাজগঞ্জে ১, চাঁপাইনবাবগঞ্জ ১টি সহ মোট ১২৬ টি হিমাগার রয়েছে। রাজশাহী জেলার ৩৮টি সচল হিমাগারের মোট ধারণক্ষমতা ৪ লাখ ৩৩ হাজার ২৫০ টন বলে তথ্য পাওয়া গেছে।

রংপুর বিভাগে ১১৫টি হিমাগার এবং মোট ধারণক্ষমতা প্রায় ১১ লাখ ২৯ হাজার ৩৫ টন বলে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে ২০২৬ সালের প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি মৌসুমের ৫১ লাখ ৭৮ হাজার ৫৪৯ টন উৎপাদনের বিপরীতে এই ধারণক্ষমতা মাত্র প্রায় ২২ শতাংশ। অর্থাৎ রাজশাহী ও রংপুর—দুই বিভাগে যাচাই করা সাম্প্রতিক হিসাবে মোট ২৪১টি হিমাগার রয়েছে।

সংকটের মূল কোথায়?

আলু খাতে বর্তমান সংকটকে মোটামুটি পাঁচ ভাগে দেখা যায়। এগুলো হল চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন, অপর্যাপ্ত ও অসম বণ্টনের হিমাগার, রপ্তানি বাজার সীমিত, রপ্তানিযোগ্য মান ও ফাইটোস্যানিটারি ব্যবস্থাপনার ঘাটতি এবং কৃষকের উৎপাদন খরচের তুলনায় মাঠ পর্যায়ে অনাকাংখিতভাবে কমে যাওয়া। রংপুরে চলতি মৌসুমের উৎপাদনের মাত্র প্রায় ২২ শতাংশ হিমাগারে রাখার সক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞ ও কৃষি খাতসংশ্লিষ্টদের প্রস্তাব অনুযায়ী উৎপাদন অঞ্চলভিত্তিক পরিকল্পনা, রপ্তানিযোগ্য জাতের সম্প্রসারণ, কৃষক পর্যায়ে মানসম্মত বীজ, আধুনিক ছোট ও মাঝারি কোল্ড স্টোরেজ, রপ্তানি-প্যাকিং কেন্দ্র এবং পরীক্ষাগার সুবিধা বাড়ানো জরুরি।

বিশেষ করে উত্তরাঞ্চলে রাজশাহী-বগুড়া-জয়পুরহাট-রংপুর-দিনাজপুর অঞ্চলে একটি সমন্বিত পটেটো এক্সপোর্ট প্রসেসিং সেকসন গড়ে তোলা গেলে উৎপাদন, সংরক্ষণ, বাছাই, প্যাকিং ও রপ্তানি একই সরবরাহশৃঙ্খলের মধ্যে আনা সম্ভব হতে পারে। পাশাপাশি নেপাল, ভুটান, ভারতীয় উত্তর-পূর্বাঞ্চল, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারকে লক্ষ্য করে চুক্তিভিত্তিক উৎপাদন বাড়ানো যেতে পারে।

দেশে আলু খাতে মূল সমস্যা উৎপাদনের ঘাটতি নয়; বরং উৎপাদন, সংরক্ষণ, বাজার ও রপ্তানির মধ্যে সমন্বয়ের অভাব। দেশে যখন চাহিদার চেয়ে ২০ লাখ টনের বেশি আলু উদ্বৃত্ত থাকে, তখন সেই উদ্বৃত্তকে মূল্য সংযোজন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির মাধ্যমে কাজে লাগানোই বড় চ্যালেঞ্জ।

উত্তরাঞ্চল এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ দেশের প্রায় তিন-চতুর্থাংশ আলু উৎপাদনকারী রাজশাহী ও রংপুর অঞ্চলেই অবস্থিত। কিন্তু হিমাগার, কোল্ড-চেইন, রপ্তানি মান, প্যাকেজিং ও আন্তর্জাতিক বাজার-সংযোগ উন্নত না হলে বাম্পার ফলন কৃষকের জন্য লাভের বদলে লোকসানের কারণ হয়েই থাকবে বলে মনে করেন আলুচাষী, হিমাগার মালিক ও ব্যবসায়ী এবং রংপুর বিভাগের রপ্তানির সাথে জড়িতরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%