ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক আটক


ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক আটক

পটুয়াখালীর বাউফলে ধর্ষণের পর এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাব্বির খান ওরফে রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাব্বিকে একমাত্র আসামি করে বাউফল থানায় মামলা করেছেন। ঘটনার পরই ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মো. সাব্বির খান ওরফে রাব্বি উপজেলার উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে। জন্মগতভাবেই সে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানো হয়। পরে সুস্থ না হওয়ার কারণে পটুয়াখালী সদরের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবার কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতস্তত করে ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে মুখ бেঁধে ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনার পর আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হওয়ার বিষয়টি আদালতে এজাহারে উল্লেখ করেন বাদী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামি গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে আগামীকাল বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে ইরান ফুটবল দলকে ঘিরে তৈরি হওয়া ভিসা ও যাতায়াত জটিলতার সমাধান করা হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর আগের দিনই ইরান দল যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে।

ম্যাচের দিনই দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং ম্যাচ শেষে দ্রুত বের হয়ে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটির সত্যতার কথা বুধবার (১০ জুন) স্পষ্ট করে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কারভাবে জানিয়েছে, মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেস ক্যাম্প করা ইরান দল প্রতিটি ম্যাচের ঠিক আগের দিন ভেন্যুর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে। মূলত খেলোয়াড়দের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনার বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ যাতায়াত ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এই গ্রুপের বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম ও মিশর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের ছায়া সরকার ও বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


জামায়াতের ছায়া সরকার ও বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের

জামায়াতে ইসলামীর ‘ছায়া সরকার’ ও ‘ছায়া বাজেট’ উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এই প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট এবং দ্বিতীয় সচিব (রাজনৈতিক) কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে অংশ নেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর।

সাক্ষাৎকালে তারা আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী অবস্থান, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, অভিবাসন প্রক্রিয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বলেন, বাণিজ্য ও বিনিয়োগ আগামী দিনে আরো সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন এবং সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম এবং এ দেশের সামগ্রিক উন্নয়নে যুক্তরাজ্যের ধারাবাহিক অবদানের প্রশংসা করেন।

অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট প্রণয়নের মতো গঠনমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেই জানানো হয়েছে। তিনি উল্লেখ করেছেন, উপজেলা এবং জেলা পর্যায়ে তিন স্তরের ভ্যাকসিনের মজুত রাখা হয়েছে।

বুধবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। অধিবেশনে নেতৃত্ব দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কুকুরের কামড়ানো রোগীর ভ্যাকসিনের ডোজ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জিরো আওয়ার (শূন্য ঘণ্টা) থেকে ১৮ দিন পর্যন্ত পরপর চারটি ডোজ দিতে হয়। সারা বাংলাদেশের তিন স্তরে স্টক (মজুদ) আমরা রেডি রেখেছি। শুধু এটিই নয়, প্রত্যেকটা ভ্যাকসিনের মজুত রয়েছে। উপজেলা লেভেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন আছে। আমাদের জেলাগুলোতেও স্টক রাখা হয়েছে।’

জরুরি পরিস্থিতিতে স্টক শেষ হলে কী করণীয়, সে বিষয়ে পরিষ্কার নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো উপজেলায় দেখা যায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, তবে পাশের উপজেলা থেকে ইমিডিয়েটলি ইউএইচএফপিও-দের সংগ্রহ করতে হবে। সেটারও যদি শেষ হয়ে যায়, জেলা থেকে নেবে।’

ডিসিদের তাৎক্ষণিক ভ্যাকসিন কেনার নির্দেশনার বিষয়ে তিনি জানান, ‘জেলার মজুতও যদি শেষ হয়ে যায়, ডিসি সাহেব অ্যাট দ্য স্পট (তাৎক্ষণিকভাবে) সেই ভ্যাকসিন কিনে দেবেন; যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্ট্রাল (কেন্দ্র) বা সিএমএসডি থেকে ভ্যাকসিন সরবরাহ করি।’

সংসদ সদস্য ও দেশবাসীকে আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চার স্তরে আমরা মজুত রেখেছি। সংসদ সদস্যকে আমি নিশ্চয়তা প্রদান করছি, ইনশাআল্লাহ এই আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের টিকার কোনো অভাব হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান শাহর মৃত্যুর একদিন আগে কি ঘটেছিল?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


সালমান শাহর মৃত্যুর একদিন আগে কি ঘটেছিল?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর ঘটনাটি নতুন মোড় নিল। গত বছর আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অমর নায়ক সালমান শাহের মৃত্যুর পর আজও তাকে ভুলতে পারেননি ভক্তরা। সেই সাথে তার স্মৃতি নিয়ে বেঁচে আছেন তার প্রিয়জনেরা। যাদের সঙ্গে কাজ করেছেন সেইসব নির্মাতারাও সালমানের জীবন্ত স্মৃতি বুকে নিয়ে স্মৃতিকাতর হন।

সালমান শাহের মৃত্যু নিয়ে গত বছর সংবাদ মাধ্যমে কথা বলেন নির্মাতা রেজা হাসমত। তিনি সালমান শাহের মৃত্যুর আগের দিনের কথা তুলে ধরেন।

রেজা হাসমতের সিনেমা ‘প্রেম পিয়াসী’। এই সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ ও শাবনূর। অন্যান্য চরিত্রে ছিলেন আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।

সালমান শাহ তার মৃত্যুর একদিন আগে ডাবিংয়ের কাজ করতে শুটিং সেটে এসেছিলেন। রাত ১০টার দিকে তিনি তার বাবা এবং স্ত্রী সামিরাকে নিয়ে সেখানে যান। নির্মাতা বলেন, ‘একজন মানুষ যদি জানেন যে আগামীকাল আমার শেষ দিন, তাহলে সে কীভাবে এতো স্বাভাবিক থাকতে পারে? সালমান সেদিনও সেটে এসে হাসি ঠাট্টায় মেতে ছিল আমাদের সঙ্গে।’

নির্মাতা আরও জানিয়েছেন, ‘সালমানের বাসায় আমার দাওয়াত ছিল পরের দিন। সকালে উঠে আমি রেডি হয়েছিলাম, তখনই ফোন এলো সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। আমি ভেবেছিলাম গাড়ি অ্যাক্সিডেন্ট। কিন্তু পরে জানলাম সে আর পৃথিবীতে নেই।’

এবার সালমান শাহর মৃত্যুর কারণ উদঘাটনের জন্য ঢাকার সিএমএম আদালত তার লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন। লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। তার আগে ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%