০৭:১০ পি.এম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শিকারিদের কবল থেকে উদ্ধার করা ১০টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে, যা পাখির প্রতি ভালোবাসা ও জীববৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকারের প্রতিফলন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেয় ‘জীব ও বৈচিত্র্য সংরক্ষণ যুব সমাজ’ নামের একটি সংগঠন।
সংগঠনটির সদস্যরা জানান, গতকাল রোববার উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি-এলাহীনগর এলাকায় দুজন শিকারি ফাঁদ পেতে ঘুঘু পাখিগুলো ধরেছিলেন। খবর পেয়ে সংগঠনের সদস্যরা সেখানে গেলে শিকারিরা পাখিগুলো ফেলে পালিয়ে যান। পরে সেগুলো উদ্ধার করে প্রয়োজনীয় পরিচর্যা শেষে আজ অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: বৃদ্ধ প্রতিবন্ধীর দিকে সহায়তায় হাত বাড়ালেন জেলা প্রশাসক
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীব ও বৈচিত্র্য সংরক্ষণ যুব সমাজের সভাপতি এম সাঈদ হিরোন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনূর আক্তার বলেন, "প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য রাখতে পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। নির্বিচারে পাখি শিকার ও বন্য প্রাণী নিধন বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং শিকারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরজ সাঈদ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব আলম এবং আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৪২ হাজার ৫৬ শিক্ষার্থী অংশ নেবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন