ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি মন্তব্য করেন, এ গণঅভ্যুত্থান একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করেছে।

মন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখন সমৃদ্ধি ও গণতন্ত্র একসঙ্গে চায়। আমরা বিশ্বাস করি, এই গণঅভ্যুত্থান একটি মৌলিক পরিবর্তনের সূচনা করেছে।’

আজ সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আহমেদ আযম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন ছিল না; এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রেরণা নিয়ে দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও তিনি নিরলসভাবে দিকনির্দেশনা দিয়েছেন।

গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের ফলেই এই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে।

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে আযম খান বলেন, ‘সংকীর্ণ ব্যক্তিস্বার্থে জাতিকে বিভক্ত করবেন না। দেশের মানুষ একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। কেউ যদি পতিত ফ্যাসিবাদী শাসনের মতো আচরণ করে, জনগণ তা মেনে নেবে না।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তিনি আরও উল্লেখ করেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বক্তব্য দেন। তিনি তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ কখনও বিস্মৃত হবে না।

তিনি মন্তব্য করেন, ‘আন্দোলনের সময় সংঘটিত সকল নৃশংসতার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না।’

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ল আটাবোঝাই ট্রাক, প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ল আটাবোঝাই ট্রাক, প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

গোপালগঞ্জে একটি আটাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের উপর পড়ে সুরাইয়া বেগম (২৬) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায়।

নিহত সুরাইয়া বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান, যিনি তামিম নামে পরিচিত, তার স্ত্রী। তিনি সেখানে ভাড়া থাকতেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর-ট-১১-৬১১০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের উপর উল্টে পড়ে। এই দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া, যিনি ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

এছাড়া তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২৩১ জন। বুধবার (৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল চার ফিলিস্তিনির মরদেহ গ্রহণ করেছে। নিহতদের মধ্যে দুজন আগের হামলায় আহত হয়ে পরে মারা যান। এর পাশাপাশি ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে একজন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত এবং আহতদের পরিচয় বা হামলার স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি। তারা জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলি বাহিনী তা লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন।

এদিকে, গাজার বিভিন্ন এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা অনেক জায়গায় তাদের কাছে পৌঁছাতে পারছেন না, স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে।

ইসরায়েলি হামলায় গাজার ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ভূমিমন্ত্রী মিনু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী, ৫ আগস্ট, ২০২৬ : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসটিকে মহান মুক্তিযুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আজ বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শহীদদের পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কোনোভাবে তাঁদের অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সরকার শহীদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়নে এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তার দৃঢ় অববস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে দেশ গড়তে হবে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।

এছাড়াও বক্তব্য প্রদান করেন শহীদ সাকিব আঞ্জুমের বাবা মাইনুল হক, শহীদ আবু রায়হানের বাবা মুসলেম আলী ও শহীদ মিনারুলের স্ত্রী নুরেসান ও আহত জুলাই যোদ্ধারা।

শহীদের স্বজনরা তাঁদের বক্তব্যে বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। সেই সাথে শহীদ ও আহতদের পরিবারের পাশে সবসময় দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

আলোচনা সভায় অন্যান্য জুলাই যোদ্ধা ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারকে শুভেচ্ছা উপহার এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন। পরিদর্শনকালে, তিনি জাদুঘরের সংরক্ষিত একটি লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিতর্কিত ফোনালাপ শোনেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের প্রকৃত রূপ উন্মোচন করবে। আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বকে জাতীয় স্মৃতিতে ধারণ করার ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক উদ্যোগ। ফ্যাসিবাদের সময়ে গুম ও খুনকে স্বাভাবিক একটি বিষয় বানিয়ে ফেলা হয়েছিল।’

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময়, তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আলোকচিত্র, সংগৃহীত স্মারক, দলিলপত্র এবং শহীদদের স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে, গ্যালারিতে রক্ষিত লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড তিনি শোনেন।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে আন্দোলন ও গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা ও গবেষকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%