ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
এসিল্যান্ডের চ্যালেঞ্জ

একপয়সা ঘুস নিয়েছি, প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: এসিল্যান্ড আরাফাত


একপয়সা ঘুস নিয়েছি, প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: এসিল্যান্ড আরাফাত

লক্ষ্মীপুরের কমলনগরে ভুঁইফোড় পোর্টালের অনৈতিক দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসাইন একটি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যদি কর্মজীবনে সরকারি ফির বাইরে কারো কাছ থেকে এক টাকা ঘুস নেওয়া বা চাওয়ার প্রমাণ কেউ দিতে পারে, তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন।

রোববার সন্ধ্যায়, মো. আরাফাত হোসাইন তার পরিচালিত ‘এসিল্যান্ড কমলনগর’ (AC LAND Kamalnagar) ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টে এ মন্তব্য করেন। পোস্টটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। ফেসবুকে এই কর্মকর্তার প্রতি প্রশংসার ঝড় ওঠে। অনেকেই এই কর্মঠ এবং সৎ কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার বিস্তারিত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর একটি অনিবন্ধিত পোর্টালের কিছু ব্যক্তি কমলনগর উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড মো. আরাফাত হোসাইনের দপ্তরে যান। সেখানে জমিসংক্রান্ত একটি চলমান নামজারি মামলার বাদীর পক্ষে অবস্থান নিয়ে তারা অনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করেন। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে ওই ব্যক্তিরা নিজেদের বড় পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা চালালে এসিল্যান্ড দৃঢ়তার সঙ্গে এর প্রতিবাদ করেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সজীব নিহত, রায়হান আহত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিক পরিচয়ধারীদের অহংকারী আচরণের জবাবে এসিল্যান্ড স্পষ্ট জানিয়ে দেন, আইনকানুন ও বিধিমালার বাইরে কিছু করার সুযোগ নেই। ভিডিওর একপর্যায়ে, অনৈতিক চাপের মুখে সততার আত্মবিশ্বাস থেকে এসিল্যান্ড বলেন, "অফিসে কারো কাছ থেকে আমি টাকা নিয়েছি বা দাবি করেছি—এমন প্রমাণ কেউ করতে পারলে আমি চাকরি ছেড়ে দেব।"

এ বিষয়ে ভূমি কর্মকর্তা মো. আরাফাত হোসাইন তার পরিচালিত ‘এসিল্যান্ড কমলনগর’ (AC LAND Kamalnagar) ফেসবুক আইডিতে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানান, যোগদানের পর থেকেই ভূমি সেবাকে শতভাগ দালাল ও দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি পালন করছেন। সরকারি ফির বাইরে কেউ কোনো অবৈধ লেনদেন করেছে কিনা, শুনানিকালে তিনি নিজেই সেবাগ্রহীতাদের কাছে জানতে চান। এই অবস্থায় স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের প্রতিবাদে তিনি এ উন্মুক্ত চ্যালেঞ্জ দিয়েছেন।

স্থানীয় সচেতন মহল ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বিচারিক প্রক্রিয়া না মেনে সরকারি দপ্তরে হট্টগোল সৃষ্টি করা সম্পূর্ণ বেআইনি। নামজারি সংক্রান্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে বিধি অনুযায়ী আপিলের সুযোগ থাকা সত্ত্বেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন সৎ কর্মকর্তাকে সামাজিক ও মানসিকভাবে হেয় করার চেষ্টা তীব্র নিন্দনীয়।

আরও পড়ুন: রৌমারীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৪ সদস্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


মোল্লাহাটে শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

মোল্লাহাটের বাগেরহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে।

মৃত দুই বোন হলো দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা চাচাতো বোন হিসেবে পরিচিত। উভয়েই স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা স্থানীয়দের উদ্ধৃত করে জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে লামিয়া ও সামিয়া পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে চলে যায়। উল্লেখ্য, তারা কেউই সাতার জানত না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে একজন পানিতে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে পড়ে যায়। ফলে দুজনই পানিতে তলিয়ে যায়।

এসআই প্রসেন কুমার সানা বলেন, সকাল ৮টার দিকে একজন প্রতিবেশী মাছের ঘেরে সামিয়ার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়।

পরে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, দুই চাচাতো বোন প্রায় সমবয়সী হওয়ায় তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত এবং পরস্পরের সঙ্গে থাকত। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানা পুলিশ জানায়, স্বজনদের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় পাচারের সময় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


চুয়াডাঙ্গায় পাচারের সময় ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

চুয়াডাঙ্গার বিএডিসির গোডাউনে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার পাচারের সময় স্থানীয়দের দ্বারা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটিও আটক করা হয়েছে।

রোববার সকালে (১৩ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারসহ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ সরকারি সার বৈধ কাগজপত্র ছাড়াই অন্যত্র সরানো হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করে। আটককৃত ট্রাকের চালানে পণ্যের বিবরণে টিএসপি সার এবং পরিবহণের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালান কপির উল্লেখিত তথ্যের সঙ্গে আটক সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের। সার আটকের পর মিনারুল ইসলাম জানান, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। তিনি দাবি করেন, ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সার পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দকৃত সার এবং ট্রাক চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫২৪ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫২৪ জন গ্রেপ্তার

চট্টগ্রাম, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলার আওতায় গত ২৪ ঘণ্টায় ৫২৪ জনকে গ্রেপ্তার করেছে।

এ তথ্য আজ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৪ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন, পরোয়ানা মূলে ১১২ জন এবং সাজা পরোয়ানা মূলে ১১ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৫১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদক বহনকারী ও ৮৫ জন মাদকসেবীসহ মোট ১৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ৬২ হাজার ৯৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, ৩ বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে কারাদণ্ড এবং ৯ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিটারের ৮ শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য চীন যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


নিটারের ৮ শিক্ষার্থী প্রশিক্ষণের জন্য চীন যাচ্ছেন

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ : দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থীকে প্রি-ডিপারচার সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।

শনিবার রাজধানীর গুলশানে বিসিসিআই কার্যালয়ে এই প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করা হয়। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্য সচিব মন্তব্য করেন, "এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি বলেন, বেসরকারি খাতের নেতাদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ উদ্যোগ নিতে অন্য ব্যবসায়ী নেতাদেরও উৎসাহিত করবে।

এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "এ উদ্যোগ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টিতে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।"

তিনি আরও যোগ করেন, "এ ধরনের কর্মসূচি নীতিগত আলোচনা ও বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমাতেও কার্যকর ভূমিকা রাখবে।" বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা দক্ষ মানবসম্পদ, হাতে-কলমে শিক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশের ওপর ক্রমেই বেশি নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, "আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন ও হাতে-কলমে শিক্ষার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে চেম্বারের অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।"

বিশ্বের ৪৬টি দেশের শিল্পকারখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি পরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও আধুনিক উৎপাদন প্রযুক্তিসহ বৈশ্বিক সর্বোত্তম চর্চা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান চীনে প্রশিক্ষণ গ্রহণের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে। একই সঙ্গে চীনের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশে ফিরে তা বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উন্নয়ন ও আধুনিকায়নে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে এ উদ্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চীনে প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া নিটার শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%