ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম


অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, ২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

তিনি শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে এই মন্তব্য করেন। সমাবেশটি জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন: সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই

এ সময় হাসনাত কাইয়ূম আরও উল্লেখ করেন, "আপনারা নিজেদের অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যদি রাজনীতিতে ফিরতে চান তবে রাজনৈতিকভাবেই ফিরতে হবে, গুণ্ডামি করে রাজনীতিতে ফেরা যাবে না।"

এসকেডি/ আরটিভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জানান, অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে তাকে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। সেই সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর তিনি এ বিষয়ে পুলিশের কাছে দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে।

ওই নারী জানিয়েছেন, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তাই তিনি বর্তমানে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় যান। সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয় এবং এর ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তিনি দাবি করেন, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সোহেল এ কাজে সহযোগিতা করতেন এবং ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ পেলে সোহেল তাকে হুমকি দেন যে এর পরিণতি ভালো হবে না।

ওই নারীর অভিযোগ, ইফতেখারের বাবা ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।

তিনি আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন এবং পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।

জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর তিনি দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অভিযোগকারী দাবি করেন, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।

তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’

তিনি আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ২২ বছর বয়সী শাহরিয়ার নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার, ২১ নভেম্বর, দুপুর দুইটার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটককৃত শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে গিয়েছিলেন। এক পর্যায়ে পাথর সংগ্রহের সময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যান্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু শাহরিয়ারকে আটক করে বিএসএফ নিয়ে যায়।

এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া জানিয়েছেন, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এই কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে ঋণ দিচ্ছে

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের সম্প্রসারণের লক্ষ্যে ৫০০ কোটি টাকার ঋণ তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির আওতায় গ্রাহকরা বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ৬ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। সংস্থাটি আশা করছে, এর ফলে সারা দেশে ২১ হাজার গ্রাহক উপকৃত হবে। সম্প্রতি পিকেএসএফের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এই অর্থ সংস্থাটির ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে। এর ফলে ব্যক্তি, পরিবার এবং ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।

কর্মসূচির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং পিকেএসএফের ৯৬টি সহযোগী সংস্থার জন্য ঋণ মঞ্জুর ও অর্থ ছাড়ের কাজ শুরু হয়েছে। এসব সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে এই ঋণ সুবিধা পৌঁছানো হবে।

পিকেএসএফের হিসাব অনুযায়ী, এই তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এসব ব্যবস্থার মাধ্যমে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেলে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে। পিকেএসএফের পূর্বাভাস অনুযায়ী, এই উদ্যোগের ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

এছাড়া, সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি। বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিকল্প বিদ্যুৎ উৎস ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে।

কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পিকেএসএফ একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করেছে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ এবং সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনাগোদা নদীতে কচুরিপানার দখলে খেলার মাঠ, নৌযান চলাচল বন্ধে জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


ধনাগোদা নদীতে কচুরিপানার দখলে খেলার মাঠ, নৌযান চলাচল বন্ধে জনদুর্ভোগ

চাঁদপুরের মতলব উত্তরের কালীপুর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জমা হয়েছে, যার মধ্যে কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত ৩ কিলোমিটার অংশে নৌযান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পাশাপাশি কালীপুরা-মতলব নৌরুটেও ট্রলারসহ নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

নদীর দুই পাড়ে অবৈধ মাছ ধরার ঝাঁক ও ঝোপের মধ্যে কচুরিপানা আটকে ঘন স্তর তৈরি হয়েছে; কিছু স্থানে এর ওপর দিয়ে মানুষ হেঁটে পারাপারও করছে।

এক সময় বৃহত্তর মতলবের নৌযান চলাচলের প্রধান পথ হিসেবে চাঁদপুরের ধনাগোদা নদী পরিচিত ছিল। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নদীটির অন্তত ১০ কিলোমিটার এলাকা বর্তমানে কচুরিপানায় ঢেকে গেছে। কোথাও কচুরিপানার স্তর এতটাই ঘন যে তার ওপর দিয়ে মানুষ হেঁটে চলাচল করছে। এর ফলে নৌযান চলাচল ও কয়েকটি লঞ্চঘাট বন্ধ হয়ে গেছে। নদীর দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযান শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার নদীজুড়ে কচুরিপানার ঘন স্তর জমেছে।

কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রীরায়েরচর ব্রিজ পর্যন্ত এ অংশে একেবারেই বন্ধ রয়েছে নৌযান চলাচল। মতলব ধনাগোদার খেয়াঘাট, দুর্গাপুর, শ্রীরায়েরচর, বাংলাবাজার, রায়েরকান্দি, কালিরবাজার, নন্দলালপুর, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টরকী, মাছুয়াখাল, শাহপুর ও নায়েরগাঁওসহ বিভিন্ন এলাকায় একই অবস্থা বিরাজমান।

কচুরিপানার কারণে নদীতে আটকে পড়েছে কয়েকটি বালুবাহী বাল্কহেড। শ্রমিকদের অভিযোগ, প্রায় এক মাস ধরে তারা শ্রীরায়েরচর ব্রিজ এলাকায় আটকে আছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে নৌযানেই দিন কাটাতে হচ্ছে তাদের।

নদীর এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দা ও শিক্ষার্থীরা। দাউদকান্দি অংশ থেকে ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের নদীপথ ব্যবহার করতে না পেরে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে।

শিক্ষার্থী রুহান, ফাতেমা ও জান্নাতী আক্তার জানিয়েছেন, নদীতে কচুরিপানা জমে থাকায় তাদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছে। আগে যে পথে সহজেই যাতায়াত করা যেত, এখন সেই পথ ব্যবহার করতে না পেরে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে।

ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেছেন, নদীর দুই পাড়ে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। এসব ঝাঁকে কচুরিপানা আটকে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে সাত বছরে নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ দখল এবং মাছ ধরার ঝাঁক স্থাপনের কারণে ধনাগোদা নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। এর সঙ্গে শ্রীরায়েরচর ব্রিজের অপরিকল্পিত নির্মাণও পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এসব কারণে কচুরিপানা আটকে নদীটি এখন জলাভূমিতে পরিণত হয়েছে।

মতলবের জৈষ্ঠ্য সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন বলেছেন, ধনাগোদা নদীকে বাঁচাতে হলে অবৈধ দখল ও মাছ ধরার ঝাঁক উচ্ছেদের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর ও স্থায়ী পরিকল্পনা প্রয়োজন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। স্থায়ীভাবে সমস্যা সমাধানে কচুরিপানা অপসারণ ও অবৈধ মাছ ধরার ঝাঁক উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, জেলার নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদপুর শহরসংলগ্ন ডাকাতিয়া নদীতে ৭৩৬টি অবৈধ দখল চিহ্নিত করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হবে।

তিনি আরো বলেছেন, মেঘনা-ধনাগোদা নদীর অবৈধ দখল এবং নদীর মধ্যে কচুরিপানা ও মাছ ধরার ঝাঁক দিয়ে মাছ চাষের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। পর্যায়ক্রমে প্রতিটি নদী অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%