ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩


রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩

 রাজশাহী নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন (৬০), নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সদস্য মোঃ ফারহান (২২) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গালিবের ঘনিষ্ঠজন মোঃ আরাফাত (২২)।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার তদন্তে খোকন ও ফারহানকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় দুটি গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু দুর্যোগে ফসলহানির ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


জলবায়ু দুর্যোগে ফসলহানির ক্ষতিপূরণ দাবি গ্রিন কোয়ালিশনের

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সম্প্রতি টানা বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কৃষকদের পাকা ও কেটে রাখা আমন ধান, সরিষা এবং শীতকালীন সবজির ক্ষতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গ্রিন কোয়ালিশন রাজশাহী। সংগঠনটি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানায়।

আজ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত গ্রিন কোয়ালিশনের ত্রৈমাসিক সমন্বয় সভায় এই দাবি উত্থাপিত হয়।

গ্রিন কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকের ফসলহানি কেবল ব্যক্তিগত অর্থনৈতিক ক্ষতি নয়, বরং এটি দেশের খাদ্যনিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা, প্রকৃত উৎপাদকের ক্ষতির হিসাব, বর্গাচাষি ও নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয় কৃষিনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আলোকে কৃষকের সুরক্ষা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের আওতায় ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় রাজশাহীর তানোর, পবা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক, গ্রিন কোয়ালিশনের সভাপতি, সদস্যসচিব, কমিটির সদস্য এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও গ্রিন কোয়ালিশনের নির্বাহী সদস্য মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নদী ও পরিবেশ গবেষক এবং গ্রিন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চলের সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষকের ক্ষতি বাড়ছে; অথচ কৃষক এই সংকটের জন্য দায়ী নন। তাদের ক্ষতির দায় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করতে হবে।’

আতিকুর রহমান বলেন, ‘কৃষকের অধিকার এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। নিরাপদ খাদ্য উৎপাদন ও নিশ্চিত করার জন্য অবিলম্বে জাতীয়ভাবে এগ্রোইকোলজি নীতি প্রণয়ন এবং অঞ্চলভিত্তিক এগ্রোইকোলজি রূপান্তর কর্মসূচী গ্রহণ করতে হবে।’

গ্রিন কোয়ালিশনের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি, দ্রুত ক্ষতিপূরণ, বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা প্রয়োজন।’

গ্রিন কোয়ালিশন রাজশাহী মহানগরের সহ সভাপতি মো. সেকেন্দার আলী বলেন, ‘কৃষকের অধিকার কেউ আদায় করে দেবে না, এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশবান্ধব কৃষিচর্চা বাড়াতে প্রথমত মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গ্রিন কোয়ালিশনের মাধ্যমে রাজশাহীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাথে সমন্বয় করে কর্মসূচী বাস্তবায়ন করা যেতে পারে।’

কর্মসূচিতে অংশ নেওয়া তানোর, পবা ও নাচোলের কৃষকেরা তাদের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টির কারণে পাকা ও কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে।

অনেকের সবজি ও অন্যান্য ফসলও নষ্ট হয়েছে। এতে উৎপাদন খরচ, ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমে চাষাবাদ নিয়ে তাঁরা অনিশ্চয়তায় পড়েছেন।

কৃষক প্রতিনিধিদের মধ্যে তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী ও গ্রিন কোয়ালিশন তানোর উপজেলার সভাপতি নুর মোহাম্মদ, সহ সভাপতি চিচিলিয়া হেমব্রম, মো. জাইদুর রহমান, সহ সম্পাদক মো. আলমাস আলী, নাচোল উপজেলার গ্রিন কোয়ালিশনের সম্পাদক রায়হান কবীর রঞ্জু, পবা উপজেলার গ্রিন কোয়ালিশনের সহ সম্পাদক মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আলী জুয়েল, এগ্রোইকোলজি চর্চাকারী তরুণ কৃষক রিদয় আলী, রুবেল হোসেন মিন্টুসহ অন্যান্যরা তাঁদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা আরও বলেন, জলবায়ু সংকটের অভিঘাতের মূল্য বারবার কৃষককে একা বহন করতে দেওয়া যায় না। যাঁরা দেশের মানুষের খাদ্য উৎপাদন করেন, দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।

কৃষকের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করাই জলবায়ু ন্যায্যতার দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রসায়ন বিভাগে ভর্তি হয়ে অনেক কিছু শিখেছি: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


রসায়ন বিভাগে ভর্তি হয়ে অনেক কিছু শিখেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা তার জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে। তিনি উল্লেখ করেন, রসায়ন তাকে ভাবনার জগৎকে প্রকাশ করতে সাহায্য করেছে এবং কাজের প্রতি ভালোবাসা ও অদম্য স্পৃহা জুগিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী, তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ বিভাগে ভর্তি হওয়ার পর তিনি অনেক কিছু শিখেছেন। তিনি জানান, কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়, সেই শিক্ষাও তিনি এখান থেকে পেয়েছেন। এ বিভাগের থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে তিনি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করতে হবে এবং নিজেদের উৎকৃষ্টমানের রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি বিবেচনা করতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় জুয়ার আসর থেকে তাস ও টাকাসহ ৬ জুয়াড়ি আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


সাঘাটায় জুয়ার আসর থেকে তাস ও টাকাসহ ৬ জুয়াড়ি আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল কামালেরপাড়া ইউনিয়নের পাঁচপুর ফলিয়া দিগর গ্রামে অভিযান পরিচালনা করে। ওই সময় স্থানীয় শহিদুল ইসলামের বসতঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন— পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের আছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী (৩৫), হারুন (৪৫), সরোয়ার হোসেন (৫২) ও শহিদুল ইসলাম (৫৫)।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ, আইআরজিসি জানাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণ, আইআরজিসি জানাল

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণের কারণে চতুর্থ একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

সংস্থাটি জানায়, ইরানের অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজটি মাইনের আঘাতে পড়ে।

আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে একই জলপথে নৌমাইনের আঘাতে আরও তিনটি জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে নৌবাহিনীর জনসংযোগ দপ্তর এ তথ্য প্রকাশ করে। তবে চতুর্থ জাহাজটির নাম, এর মালিকানা, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর ওপর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে—এমন দাবি করে তেহরান এসব পদক্ষেপ গ্রহণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%