মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৮ পি.এম
২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (এএফকন) ফাইনালকে কেন্দ্র করে বিতর্ক নতুন দিক নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল নিয়ে বিরোধের রায় ঘোষণা করার জন্য ক্রীড়া সালিশি আদালত (সিএএস) মঙ্গলবার, ২৪ নভেম্বর সিদ্ধান্ত জানাতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে রায় ঘোষণার পূর্বে নতুন একটি অভিযোগ তুলে মরক্কোর ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত জানানোর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করেছে।
আরএমসি স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন সিএএসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠিতে একটি কথিত ফোনালাপের বিষয়ে অভিযোগ দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল এবং এএফকন ফাইনালসংক্রান্ত বিরোধের শুনানির দায়িত্বে থাকা সিএএসের একজন সালিশকারীর মধ্যে ফোনে কথোপকথন হয়েছে।
তবে সেনেগাল ফুটবল ফেডারেশন দ্রুত এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, রায় ঘোষণার সময় ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মঙ্গলবার মরক্কো সিএএসের কাছে আরেকটি চিঠি পাঠিয়েছে। আরএমসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ওই কথিত ফোনালাপের ঘটনা সামনে আসার পর রায়ের বিজ্ঞপ্তি প্রকাশ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে মরক্কো।
মরক্কোর ফুটবল ফেডারেশনের আইনজীবী জানিয়েছেন, ফোনালাপে কী আলোচনা হয়েছে তা স্পষ্টভাবে জানার জন্যই এই আবেদন করা হয়েছে। বিশেষ করে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ও সিএএসের সালিশকারীর মধ্যে কথিত কথোপকথনের ‘সুনির্দিষ্ট বিষয়বস্তু’ প্রকাশের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তিনি।
তবে অভিযোগের সত্যতা কিংবা কথিত ফোনালাপের প্রকৃত বিষয়বস্তু সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এএফকন ফাইনালসংক্রান্ত বিরোধে সিএএসের সিদ্ধান্ত কবে এবং কীভাবে প্রকাশিত হবে, তা নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রমকে আরও কার্যকর এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতার আওতায় সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ, অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন, স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন এবং অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সংগৃহীত তথ্য হাইওয়ে পুলিশ ব্যবহার করতে সক্ষম হবে। এর ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং লেন শৃঙ্খলা ভঙ্গের মতো ট্রাফিক অপরাধ শনাক্ত ও আইন প্রয়োগ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করা সম্ভব হবে।
সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান সড়ক দুর্ঘটনা হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য আদান-প্রদান ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। এই লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় ‘এপিআই লিংক’ ও কারিগরি নির্দেশনা প্রদান করবে। এই ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের ডাটাবেজ থেকে শুধুমাত্র তথ্য দেখার সুযোগ পাবে। একইসাথে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয়পক্ষকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রমকে আরও জোরদার করা হবে।
এর ফলে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হবে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হয়ে প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় বারবার বলেছেন, তিনি পালান না। তবে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তিনি ঠিকই পালিয়ে গেছেন। বাংলাদেশের জনগণ এমন নির্লজ্জ প্রধানমন্ত্রী এবং সভানেত্রী আর কখনো দেখেনি। সম্প্রতি তিনি দেশে ফিরে আসার কথা বলছেন, কিন্তু এ কথা কেউ বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী দল কর্তৃক আয়োজিত ‘গণতন্ত্র, দেশি-বিদেশি ষড়যন্ত্র, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
দুদু আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু, শেখ মুজিবের হাতে গণতন্ত্র নিহত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গণতন্ত্র আবারও ধ্বংস করেছে। তবে, বেগম জিয়ার হাত ধরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি উল্লেখ করেন, গণতন্ত্র হত্যাকারী আওয়ামী বাকশালিদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সঙ্গে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পাশের একটি দেশ প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে আবারও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা করছে। তাদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে একটি সেতুর অভাবে দুর্ভোগ ভোগ করছেন। তাঁদের একমাত্র ভরসা কীর্তিনাশা নদী পারাপারে একটি ছোট ডিঙি নৌকা। অবশেষে, সেই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ার পর এলজিইডির কর্মকর্তারা প্রস্তাবিত সেতুর স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নেতৃত্বে এলজিইডির কর্মকর্তারা নারায়ণপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা নদীর দুই পাড়ের পরিস্থিতি, বিদ্যমান যোগাযোগব্যবস্থা এবং সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন। প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলোও তাঁরা পর্যবেক্ষণ করেন।
এর আগে গত ১৮ নভেম্বর একনেকের সভায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। নারায়ণপুর এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দীর্ঘদিন ধরে সেতুর অপেক্ষায় থাকা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকার মধ্যবর্তী কীর্তিনাশা নদীর ওপর সেতু না থাকায় ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি, সূর্যমনিসহ অন্তত ১০ গ্রামের মানুষকে প্রতিদিন নৌকায় নদী পার হতে হয়। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম—সারা বছরই জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের চলাচল করতে হয়। বৈরী আবহাওয়া, মাঝির অনুপস্থিতি কিংবা নৌকার যান্ত্রিক ত্রুটির কারণে পারাপার বন্ধ হয়ে যায়। তখন বিকল্প পথে প্রায় তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।
নদীর পশ্চিম পাড়ে ৫৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানি মাদ্রাসা, ইকরকান্দি বাজার, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ভূমি অফিস রয়েছে। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৌকার ওপর নির্ভর করতে হয়।
স্থানীয়দের ভাষ্য, তাঁরা কয়েক দশক ধরে সেতুর দাবি জানিয়ে আসছেন। এর মধ্যে একাধিকবার নৌকাডুবির ঘটনাও ঘটেছে। গত কয়েক দিন আগে নৌকার যান্ত্রিক ত্রুটির কারণে টানা ছয় দিন পারাপার বন্ধ ছিল। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘এই নদীর ওপর একটি সেতু নির্মাণ আমাদের দীর্ঘদিনের দাবি। প্রতিদিন নদী পারাপারে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ বেড়ে যায়। সেতু নির্মিত হলে সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতসহ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা অনেক সহজ হবে।’
আরেক বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নদীর কারণে আমরা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে নানা সমস্যায় পড়তে হয়। কৃষিপণ্য বাজারজাত করা এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনাও কঠিন হয়ে পড়ে। দ্রুত সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।’
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহাদী বলে, ‘প্রতিদিন নৌকায় করে নদী পার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় নৌকার জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টি হলে বই-খাতা ভিজে যায়, স্কুলেও যেতে পারি না। নৌকা ডুবে কয়েকবার শিক্ষার্থীরা আহত হয়েছে। এ কারণে বর্ষাকালে অনেকে স্কুলে আসতে চায় না। সেতু হলে আমাদের যাতায়াত নিরাপদ ও সহজ হবে।’
ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী বলেন, নারায়ণপুরে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মিত হলে কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ কমবে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আমরা আশা করছি।
ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নারায়ণপুর এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করা হয়েছে। সরেজমিনে এলাকার পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা ও প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেডারেশন কাপে আজ রহমতগঞ্জের বিরুদ্ধে খেলেননি ফর্টিসের জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। এই খেলোয়াড় ফর্টিস ক্লাব ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় স্টেডিয়ামে আজ তিনি ফর্টিস ক্লাবের হয়ে শেষবারের মতো উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের কাছে শুকি জাপানি ভাষায় জানান, "বাংলাদেশের চেয়ে উঁচুমানের লিগে খেলতে চান।" তিনি জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যেই বিদেশি লিগে নিজেকে গড়ে তুলতে ইচ্ছুক।
এক বছরের জন্য ফর্টিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শুকি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশে লিগ ত্যাগ করতে চলেছেন। ফর্টিস ক্লাবের সভাপতি শাহীন হাসান মন্তব্য করেন, "চাইলে তাকে চুক্তির বেড়াজালে আমরা আটকাতে পারতাম। তবে জাতীয় দলের কথা ভেবে ওকে আমরা ছাড়ব। বাইরে খেলে এসে যেন আমাদের দেশকে সে ভালো কিছু দিতে পারে।" ফর্টিসের হয়ে শুকির পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
হঠাৎ কেন বাংলাদেশ ফুটবল লিগ ছাড়তে চান শুকি, সে বিষয়ে মুখে কিছু না বললেও জানা গেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান ও গতি নিয়ে তিনি খুবই হতাশ। তাই তিনি ভালো মানের গতিময় ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বাংলাদেশের জাপান প্রবাসী এই ফুটবলার কোথায় যাচ্ছেন, তা এখনও জানা যায়নি। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া লিগে নাম লেখানোর সম্ভাবনা রয়েছে শুকির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ