মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫২ পি.এম
গাইবান্ধা সদরের গোঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী মিলন চৌধুরী (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোঘাট (মাঝিপাড়া) এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া মিলন চৌধুরী গোঘাট (মাঝিপাড়া) এলাকার শ্রী মেহেলাল চৌধুরীর পুত্র।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। র্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোঘাট (মাঝিপাড়া) এলাকায় অভিযান শুরু করে।
অভিযানের সময় সন্দেহভাজন মিলন চৌধুরীর দেহ তল্লাশি করে পাঁচটি কালো রঙের এয়ারটাইট পলিপ্যাকে রাখা ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ইয়াবাসহ গ্রেফতার মিলন চৌধুরীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালের উত্তরাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক ও সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তিনি উল্লেখ করেন, গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আকস্মিকভাবে সংঘটিত ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু এবং বিপুল সম্পদ ও অবকাঠামোর ধ্বংসের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।
শোক বইয়ে হুমায়ুন কবির লিখেছেন, "গভীর শোকের এ সময়ে এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের জন্য বাংলাদেশ প্রার্থনা করছে।"
তিনি আরও বলেন, "বন্ধুরাষ্ট্র নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।"
প্রতিমন্ত্রী নেপালের জনগণের এ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেÑ এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা বিশ্বাস করি, নেপালের জনগণ তাদের দৃঢ়তা ও শক্তির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের শুনানি পেছাল
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির তারিখ আদালত পিছিয়ে দিয়েছে। নতুন শুনানির তারিখ আগামী বছরের ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ নির্ধারণ করেন।
দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করে জানান, আজ মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার আরেক আসামি মোশাররফ হোসেনের পক্ষে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৬১এর ক ধারায় উচ্চ আদালতে কোয়াশমেন্টের (বাতিল) জন্য আবেদন করা হয়েছিল। উচ্চ আদালত মামলাটির কার্যক্রম এক বছরের জন্য স্থগিত রেখেছে।
উচ্চ আদালতে কোয়াশমেন্ট সংক্রান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত মামলাটির পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।
আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি আসামি সরদার মোশাররফ হোসেন মামলাটি কোয়াশমেন্টের জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন। গত ৭ জুলাই উচ্চ আদালত আসামির আবেদনের প্রেক্ষিতে এক বছরের জন্য মামলার সব কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করে।
এর আগে গত ৮ এপ্রিল তৎকালীন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ এ বদলির নির্দেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করা হয়। ওই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আসামিদের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল করে এবং পরে রেজিস্ট্রি করেন।
মামলার পর চলতি বছরের জুলাই মাসে মামলার তদন্তে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন।
তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ছয়টি শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর মোট সংখ্যা ৯৭৯ জনে পৌঁছেছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ১৫৯ জন এবং ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭২ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৯ হাজার ৩৮৪ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা থেকে বিরত থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
তিনি ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে, তিনি আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে নাগরিকদের স্বদেশি পণ্য ও সেবা ব্যবহারের প্রতিজ্ঞা নবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।মোদি বলেন, "৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেশের জন্য আনন্দের বিষয়।" তিনি মন্তব্য করেন, এই সাফল্য দেশের মানুষের দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সম্মিলিত শক্তির ফল।
বিশ্বের বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যে ভারতের এই প্রবৃদ্ধিকে একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, "বিশ্বজুড়ে যুদ্ধ ও সংকট চলছে, সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে এবং ২০২০ সালের কোভিড মহামারির পর থেকে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা পুরোপুরি ফিরে আসেনি।"
তবুও, ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইরানের যুদ্ধ এবং এর কারণে তৈরি বৈশ্বিক অনিশ্চয়তা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা থাকলেও প্রবৃদ্ধির এই হার দেশটির অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরেছে।
বিদেশ ভ্রমণ ও অপ্রয়োজনীয় সোনা কেনায় নিরুৎসাহ
মোদি নাগরিকদের কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে দেশীয় পণ্য ও সেবা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে বিয়ের অনুষ্ঠান এবং সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শও দেন। তিনি বলেন, "পর্যটনের জন্য বিদেশে না গিয়ে দেশে ভ্রমণ করা উচিত।" বিদেশে বিয়ের অনুষ্ঠান না করে ‘ভারতে বিয়ে’ আয়োজনের আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী প্রয়োজন না হলে সোনা না কেনার পরামর্শও দেন।
মোদি আরও বলেন, "মানুষ যত বেশি স্থানীয় পণ্য ও সেবা ব্যবহার করবে, ভারত তত বেশি এগিয়ে যাবে।"
তিনি উল্লেখ করেন, আত্মনির্ভরতার ওপর জোর অব্যাহত রাখতে পারলে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্তির সময় দেশের তরুণদের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।
দেশের অগ্রগতি উদযাপনের পাশাপাশি আরো কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে মোদি বলেন, সরকারের নীতি সঠিক এবং লক্ষ্য পরিষ্কার। ১৪০ কোটি ভারতীয়র সম্মিলিত শক্তি দেশকে আরো উচ্চতায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মে মাসেও একই আহ্বান জানিয়েছিলেন মোদি
এর আগে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় ব্যাঘাত, মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মোদি। তিনি তখন সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার, পেট্রল-ডিজেলের ব্যবহার কমানোর, গণপরিবহন ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের পরামর্শ দেন।
এ ছাড়া এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় সোনা কেনা কমানোর পাশাপাশি ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বেশি কেনার আহ্বানও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ