ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের


বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। টাইগার শ্রফের গাড়ির দিকে গুলি চালানোর ঘটনার পর, মুম্বাইয়ের তারকাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বড় জমায়েত, ভিড়ভাট্টা রয়েছে এমন স্থানে এবং প্রকাশ্যে ভক্ত-অনুরাগীদের সঙ্গে মেলামেশা এড়াতে বলা হয়েছে বলেও জানা গেছে। তবে এ খবর প্রকাশিত হওয়ার পর নতুন তথ্য সামনে এসেছে।

মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার মনোজ শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারকাদের জন্য নতুন করে নিরাপত্তা নির্দেশিকা জারি করা হয়নি। তিনি বলেন, "এ খবরের দাবি সঠিক নয় এবং তথ্য যাচাই করে প্রকাশ করা উচিত।" ফলে পুলিশের তরফে আনুষ্ঠানিক নির্দেশিকা জারির বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, টাইগারের হামলার পেছনে কোনো অপরাধচক্রের যোগ রয়েছে কিনা, যারা অতীতে বলিউডের একাধিক ব্যক্তিত্বকে নিশানা করার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আরও পড়ুন: আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনা কাপুরকে আইনি নোটিশ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তদন্তে উঠে এসেছে যে, কয়েকজন তারকার বাড়ির আশপাশে আগাম নজরদারি চালানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান এবং অক্ষয় কুমারের মতো তারকাদের নামও আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

সংসদের কার্যপ্রণালী ও শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের কথা উল্লেখ করে অধিবেশন কক্ষে হইচই না করার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আহ্বান জানিয়েছেন। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মন্ত্রীর বক্তব্যের সময় সংসদ সদস্যদের হট্টগোলের প্রেক্ষিতে তিনি প্রশ্ন করে বলেন, "মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের আসনে দায়িত্ব পালনকালে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের ক্ষোভ ও হইচইয়ের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

অধিবেশনে সংশ্লিষ্ট বিষয়ে এক সংসদ সদস্যের করা সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মন্ত্রীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী বেঞ্চ থেকে সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, "এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ আপনারা সকলেই বসেন।" তিনি বারবার সদস্যদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।

সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, "আমরা বারংবার বলছি, সদস্য প্রশ্ন করেছেন এবং মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা সম্পূরক প্রশ্ন নেব। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"

তিনি সংসদ সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর বক্তব্য শোনার জন্য অনুরোধ করেন এবং বলেন, "প্লিজ, ধৈর্যের সাথে বসেন, উনার উত্তর শুনেন।" এরপর তিনি মন্ত্রীকে তার বক্তব্য পুনরায় অব্যাহত রাখার সুযোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে সতর্ক হবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


ডায়াবেটিসের ৭ নীরব লক্ষণ, যেসব পরিবর্তন দেখলে সতর্ক হবেন

পর্যাপ্ত পানি পান করার পরও যদি বারবার তৃষ্ণা অনুভব করেন, তাহলে এটি একটি সতর্ক সংকেত হতে পারে। স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব হওয়া কি আপনার ক্ষেত্রে ঘটে? রাতে যথেষ্ট ঘুমানোর পরও সারাদিন ক্লান্ত লাগছে? অথবা মোবাইল ও কম্পিউটারের পর্দায় তাকালে কি ঝাপসা দেখছেন? এই ধরনের সমস্যাগুলো অনেকেই দৈনন্দিন ব্যস্ততা, ঘুমের অভাব অথবা শারীরিক পরিশ্রমের ফল হিসেবে মনে করেন। কিন্তু যদি এই পরিবর্তনগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে এটি রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার একটি সংকেত হতে পারে।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীরে ইনসুলিনের উৎপাদন কমে যায় অথবা শরীর ইনসুলিনকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। ইনসুলিন হলো একটি হরমোন, যা রক্ত থেকে গ্লুকোজকে শরীরের কোষে পৌঁছে দিয়ে শক্তি উৎপাদনে সহায়তা করে।

বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস ধীরে ধীরে বিকশিত হয়। এর লক্ষণগুলো অনেক সময় মৃদু থাকে এবং বছরের পর বছর বোঝা যায় না। কিছু ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রোগটি ধরা পড়ে। তাই শরীরের কিছু পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিসের ৭টি সম্ভাব্য লক্ষণ

১. বারবার তৃষ্ণা পাওয়া

ঘন ঘন তৃষ্ণা অনুভব করা ডায়াবেটিসের অন্যতম সাধারণ লক্ষণ। চিকিৎসাবিজ্ঞানে একে পলিডিপসিয়া বলা হয়। যখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, তখন কিডনি অতিরিক্ত গ্লুকোজ বের করে দিতে বেশি কাজ করে। ফলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়, যা পানিশূন্যতা সৃষ্টি করে এবং বারবার তৃষ্ণা অনুভব হয়।

২. ঘন ঘন প্রস্রাব হওয়া

বিশেষ করে রাতে বারবার প্রস্রাব করতে যাওয়া ডায়াবেটিসের আরেকটি সম্ভাব্য লক্ষণ। রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমলে কিডনি তা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে। এর ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। যখন তৃষ্ণা ও ঘন ঘন প্রস্রাব একসঙ্গে দেখা দেয়, তখন রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত।

৩. পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি

রাতে পর্যাপ্ত ঘুমানোর পরও সারাদিন ক্লান্তি অনুভব করা ডায়াবেটিসের একটি কারণ হতে পারে। ইনসুলিন সঠিকভাবে কাজ না করলে গ্লুকোজ শরীরের কোষে প্রবেশ করে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে না। পাশাপাশি ঘন ঘন প্রস্রাবের কারণে পানিশূন্যতা সৃষ্টি হলে ক্লান্তি আরও বাড়ে।

৪. খাওয়ার পরও ক্ষুধা লাগা

খাবার খাওয়ার পর অস্বাভাবিক ক্ষুধা অনুভব করাকে পলিফ্যাজিয়া বলা হয়। ইনসুলিনের অভাব বা কার্যকারিতা কমে গেলে শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজ যথাযথভাবে ব্যবহার করতে পারে না। ফলে যথেষ্ট খাবার খাওয়ার পরও শরীর শক্তির অভাব অনুভব করতে পারে।

৫. চোখে ঝাপসা দেখা

রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে চোখের লেন্সে তরলের ভারসাম্য পরিবর্তিত হতে পারে। এর ফলে লেন্স ফুলে গিয়ে দৃষ্টিশক্তিতে সাময়িক পরিবর্তন আসে। ফলে কাছের বা দূরের জিনিস ঝাপসা দেখানোর সমস্যা দেখা দিতে পারে। বারবার এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৬. ক্ষত শুকাতে দেরি হওয়া

শরীরে কাটা, ছেঁড়া বা ফোসকা পড়ার পর স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগলে সতর্ক হওয়া প্রয়োজন। দীর্ঘদিন রক্তে শর্করা বেশি থাকলে রক্ত চলাচল ও স্নায়ুর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

৭. হাত-পায়ে ঝিনঝিনি ও ত্বকে কালচে দাগ

হাত-পায়ে ঝিনঝিনি, জ্বালাপোড়া, ব্যথা কিংবা অবশভাব ডায়াবেটিসজনিত স্নায়ু ক্ষতির লক্ষণ হতে পারে। একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। এছাড়া ঘাড়, বগল ও কুঁচকিতে ত্বক পুরু হয়ে কালচে মখমলের মতো দাগ দেখা দিতে পারে। একে অ্যাকানথোসিস নাইগ্রিকানস বলা হয়। এটি ইনসুলিন প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত।

লক্ষণ না থাকলেও হতে পারে ডায়াবেটিস

টাইপ-২ ডায়াবেটিসে অনেকের কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। এমনকি প্রিডায়াবেটিসের ক্ষেত্রেও সাধারণত লক্ষণ প্রকাশ পায় না। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব ও উচ্চ রক্তচাপ এই রোগের ঝুঁকি বাড়ায়।

যেসব পরীক্ষায় ডায়াবেটিস শনাক্ত হয়

ডায়াবেটিস নিশ্চিত করতে রক্ত পরীক্ষা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শে এইচবিএ১সি, খালি পেটে রক্তে গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স ও যেকোনো সময়ের রক্তে গ্লুকোজ পরীক্ষা করা যায়।

এইচবিএ১সি পরীক্ষায় গত দুই থেকে তিন মাসের গড় রক্তে শর্করার মাত্রা জানা যায়। এ পরীক্ষায় ফল ৬ দশমিক ৫ শতাংশ বা তার বেশি হলে ডায়াবেটিসের নির্দেশক হিসেবে বিবেচিত হয়। একইভাবে আট ঘণ্টা না খেয়ে পরীক্ষায় রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি ডেসিলিটারে ১২৬ মিলিগ্রাম বা তার বেশি হলে তা ডায়াবেটিসের পর্যায়ে পড়ে। স্পষ্ট লক্ষণ না থাকলে সাধারণত দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে অস্বাভাবিক ফল নিশ্চিত করতে হয়।

বারবার তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্লান্তি অথবা ক্ষত শুকাতে দেরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বমি, পেটে ব্যথা, দ্রুত বা গভীর শ্বাস, মুখে ফলের মতো গন্ধ, তীব্র পানিশূন্যতা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে। এগুলো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের মতো প্রাণঘাতী জটিলতার সংকেত হতে পারে।

শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।

সূত্র: নিউজ ১৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, পুলিশ তদন্তে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, পুলিশ তদন্তে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দ্বারা লাগানো আগুনের ফলে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাছাড়া, টিনের বেড়ার কাঠের একটি অংশও অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম বলেন, গভীর রাতে কে বা কারা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ভেতরে থাকা একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে যায়।

স্থানীয় দলের নেতাকর্মীদের ধারণা, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের মধ্যে যেকোনো সময় এই ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে কার্যালয় খুলতে গিয়ে তারা আগুনের চিহ্ন দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার

নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির মালিকের নিকট সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সফিকুল ইসলাম সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমন নরসিংদী প্রেসক্লাবে হামলা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি। গতকাল বুধবার বিকালে নরসিংদী সদর থানার ভেলানগর মহল্লা থেকে তাকে আটক করা হয়, এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আর মামুন।

মামলার বিস্তারিত তুলে ধরে ওসি জানান, গত ২২ আগস্ট নরসিংদী সদর থানার পৌর শহরের বিলাসদী মহল্লায় নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন ও তার সহযোগীরা বাড়ির মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ‘নরসিংদী গুপ্তচর’ নামক ফেসবুক পেজ থেকে বাদী মাহমুদা আরেফিন এবং তার স্বামী, যিনি একজন ব্যাংক কর্মকর্তা, তাদের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালায়। এই ঘটনার পর ভুক্তভোগী মাহমুদা আরেফিন আদালতে অভিযোগ দায়ের করলে আদালত নরসিংদী মডেল থানাকে মামলার নির্দেশ দেয়। মামলার পর আলম মৃধা নামে এক সহযোগী গ্রেপ্তার হলেও সফিকুল ইসলাম সুমন পলাতক ছিল।

এর আগে, ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলাম সুমন। যদিও তার কোন স্বীকৃত গণমাধ্যমের পরিচয় নেই, তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জেলাজুড়ে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, শিল্পপতি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ফেসবুকে অপপ্রচারের অসংখ্য অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%