মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০১:০৭ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে আলোচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দুই দেশের সম্পর্ক সুসংহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। ওই আলোচনার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে দেশটিতে বাংলাদেশিদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নামের পাশে ৪টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি রয়েছে। তবে শেষ ট্রফির বয়স ১১ বছর হয়ে গেছে। অনেকেই মনে করছেন, এবার দীর্ঘ সময়ের খরা কাটবে। এই মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বার্সেলোনাকে দেখা হচ্ছে।
মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। এখন পর্যন্ত তারা ৯টি ম্যাচ খেলেছে এবং প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে কাতালানরা। আজ রাতে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। নামার আগে কোচ হান্সি ফ্লিকের কাছে ফেভারিট নিয়ে জানতে চাওয়া হয়েছিল।
পা মাটিতে রেখে ফ্লিক যা বলেছেন, তা হলো শিরোপার পথ অনেক দীর্ঘ। তিনি উল্লেখ করেছেন, ‘এই অবস্থানে থাকতে পারাটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি, তবে মৌসুমের শেষ পর্যন্ত যাওয়ার পথটা অনেক দীর্ঘ। আমরা অবশ্য তা জানি।’
ফ্লিক জয়ী মানসিকতা নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। বার্সেলোনার কোচ বলেছেন, ‘আমরা জানি আমাদের মনোযোগ ধরে রাখতে হবে এবং আগের ম্যাচগুলোয় যে মানসিকতা দেখিয়েছি, প্রতিটি ম্যাচে সেই একই মানসিকতা নিয়ে নামতে হবে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলটি যেন প্রতি ম্যাচে আমাদের প্রয়োজনীয় উদ্দীপনা, মানসিকতা ও তীব্রতা বজায় রাখে।’
দলের ক্ষুধা আগের মতোই রয়েছে জানিয়ে ফ্লিক বলেছেন, ‘অবশ্যই, আমাদের মধ্যে সেই ক্ষুধা আছে। দলের অনেকেই বিশ্বকাপ জিতেছে। তাদের মধ্যে এখনো সেই ক্ষুধা আছে কি না—হ্যাঁ, আছে। আমাদের ভক্তদের জন্য, পরিবারের জন্য কাজ করতে হবে। তবে এটি কঠিন এবং পথটা দীর্ঘ।’
আজ গ্যালাতাসারাইয়ের মাঠে আতিথেয়তা নেবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে রাত ১টায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ফলে কিছু বাংলাদেশি প্রবাসী কর্মহীন হয়ে পড়লেও, সংঘাত শেষ হলে পুনর্গঠন কার্যক্রমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার খুঁজে বের করার পাশাপাশি দেশে ফিরে আসা কর্মীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
নুরুল হক নুর বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসও আগের চেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। রিয়াদে হামলার পর দূতাবাসের রাষ্ট্রদূতসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন।
ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনার আশা
যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতেও এ ধরনের সমস্যার সমাধানে আলোচনা হয়েছে। তবে সৌদি আরব নিজেদের দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে, তাই বিষয়টি নিয়ে আলোচনার উপযুক্ত সময় নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করতে ভিসার মেয়াদ বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে।
নিহত ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা
যুদ্ধে নিহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার বিষয়ে নুরুল হক নুর বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত। সংকটের সময় শুধুমাত্র সহায়তা চাওয়ার পরিবর্তে তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশের নৈতিক দায়িত্ব।
তিনি জানান, যুদ্ধের কারণে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। দ্বিপক্ষীয় শ্রমচুক্তির আওতায় কিছু কম্পানি পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করে। তবে ছোট প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে কাজ করা কর্মীদের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ তুলনামূলকভাবে কম হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সহায়তা হিসেবে নিহতদের পরিবারকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
কর্মহীনদের পুনর্বাসনে প্রশিক্ষণ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কর্মহীন হয়ে দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার কাজ করছে বলে জানান নুরুল হক নুর।
তিনি বলেন, বর্তমান সরকারের যাত্রার মাত্র ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। একক দেশ হিসেবে প্রায় অর্ধেক কর্মী সৌদি আরবে যেতেন। যুদ্ধের কারণে গত সাত মাসে কর্মী যাওয়ার সংখ্যা কিছুটা কমেছে। তবে বর্তমানে আবার উল্লেখযোগ্যসংখ্যক কর্মী বিদেশে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে কিছু মানুষ কর্মহীন হচ্ছেন, অন্যদিকে সংঘাত শেষ হলে পুনর্গঠন কার্যক্রমে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় সেখানে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা করছেন।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানেও সরকার কাজ করছে। কয়েকটি ক্ষেত্রে সীমিত পরিসরে সাফল্য এসেছে। দেশে ফিরে আসা কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি তাদের আগের কাজের অভিজ্ঞতা ও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে অন্য দেশে চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করা হচ্ছে।
এ প্রসঙ্গে মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের কথা উল্লেখ করেন নুরুল হক নুর। তিনি বলেন, এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কর্মীদের অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় যেসব দেশে কর্মী পাঠানো হয়, সেখানেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
মধ্যপ্রাচ্যের আইন মেনে চলার আহ্বান
মধ্যপ্রাচ্যে হামলা ও সংঘাত বাড়লে সেখানে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশগুলোর আইন মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধসংক্রান্ত ভিডিও, অডিও, ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশি প্রবাসীদের এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই তাগিদ প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ না থাকে। বরং, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক।
রাষ্ট্রপতি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ শক্তি হলো জনগণের অংশগ্রহণ। তিনি দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকি হিসেবে ভূমিকম্পের কথা উল্লেখ করেন। নগরে ভবন নির্মাণ বিধির যথাযথ প্রয়োগের অভাব ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি করেছে।
এসময় রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি ব্যাংক থেকে ঋণ না পাওয়ার কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া মজুরি এবং আসন্ন দুর্গাপূজার বোনাস প্রদান করতে পারছে না। এই অবস্থার প্রতিবাদে এবং বকেয়া পাওনার দাবিতে গত রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন কোম্পানির আওতাধীন চারটি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক। এর ফলে বাগানগুলোর সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
দেউন্দি টি কোম্পানির অধীনে থাকা চা বাগানগুলোর মধ্যে হবিগঞ্জের দেউন্দি, লাল চান্দ, নোয়াপাড়া এবং মৌলভীবাজার জেলার মিরথিংগা চা বাগান অন্তর্ভুক্ত রয়েছে।
জানা যায়, রবিবার সকাল থেকেই চার বাগানের হাজার হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে চুনারুঘাটের দেউন্দি টি কোম্পানি অফিসের মূল ফটকের সামনে জড়ো হন। সেখানে তারা বকেয়া মজুরি, রেশন এবং দুর্গাপূজার বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। শ্রমিকদের স্পষ্ট বার্তা হলো, পাওনা টাকা পরিশোধ না করা পর্যন্ত তারা কোনো কাজে ফিরবেন না।
বিক্ষোভের বিষয়ে চা শ্রমিক নেতা প্রদীপ বোনার্জী বলেন, "আমরা দিন আনি দিন খাই। দীর্ঘদিন ধরে সাপ্তাহিক মজুরি ও রেশন বকেয়া পড়ে আছে। সামনে দুর্গাপূজা, কিন্তু বোনাস দেওয়ারও কোনো লক্ষণ নেই। বেতন-ভাতা না পেলে আমাদের সংসার চলবে কীভাবে? বাচ্চাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।" তিনি অভিযোগ করেন, ২০২২ সাল থেকেই প্রতিবার দুর্গাপূজা আসলে কৃষি ব্যাংক দেউন্দি টি কোম্পানিকে ঋণ দিতে নানা টালবাহানা করে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চা শিল্পের বিকাশ ও সংকট নিরসনে সহায়তার কথা বললেও ব্যাংক ঋণ দিচ্ছে না। বাধ্য হয়ে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধের ডাক দিয়েছেন। এ বিষয়ে দেউন্দি টি কোম্পানির ডেপুটি ম্যানেজার দেবাশীষ দেব রায় জানান, "দেউন্দি টি কোম্পানি বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাংক ঋণ না পাওয়ায় শ্রমিকদের বকেয়া পাওনা ও পূজার বোনাস মেটানো সম্ভব হচ্ছে না।"
তিনি আরও বলেন, "কৃষি ব্যাংক লোন না দেওয়ায় আমরা মারাত্মক সংকটে পড়েছি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে দ্রুতই কোনো সুরাহা করে শ্রমিকদের বকেয়া মজুরি ও পূজার বোনাস পরিশোধ করা যায়।" এদিকে, চা মৌসুমের এই সময়ে হঠাৎ বাগান বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদনে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি বকেয়া পাওনা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন হাজার হাজার চা শ্রমিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ