০২:১৪ পি.এম
মঞ্চে গাইছেন, নাচছেন, হাজারো ভক্তকে মাতিয়ে রাখছেন। হঠাৎ ঘটে গেল একটি বিপত্তি। পারফরম্যান্সের মাঝপথে প্যান্ট ছিঁড়ে গেল! এমন বিব্রতকর পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক অবশ্য বিচলিত হননি। বরং তিনি সহকর্মীদের সঙ্গে বিষয়টি ভাগ করে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন। ব্রাজিলের সাও পাওলোতে বিটিএসের সাম্প্রতিক কনসার্টে এই ঘটনা ঘটেছে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরসাত্মক আলোচনা।
কনসার্টে লাইভ পারফরম্যান্সের সময় জাংকুকের চামড়ার প্যান্ট মাঝখান থেকে ছিঁড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তার প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্যান্টের বিপত্তি টের পেয়ে মোটেও ঘাবড়ে যাননি এই গায়ক। বরং পাশে থাকা ব্যান্ডের নেতা আরএম ও সদস্য কিম তেহ্যুংয়ের (ভি) দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দেখান। জাংকুকের এমন পরিস্থিতি দেখে অন্য সদস্যরাও হেসে ওঠেন।
তবে পোশাকের এই বিপত্তি তার পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলেনি। তিনি স্বাভাবিকভাবেই গান ও নাচ চালিয়ে যান। মঞ্চে নিজের পেশাদারিত্ব বজায় রেখে ভক্তদের মাতিয়ে রাখেন পুরো সময়।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিটিএসের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও হাস্যরসাত্মক মন্তব্যে ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম। কেউ জাংকুকের নাচের শক্তি নিয়ে মজা করছেন, আবার কেউ তার এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকার প্রশংসা করছেন। তবে কিছু ভক্ত তার পুরনো পিঠ ও পায়ের সমস্যার কথা মনে করিয়ে দিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, প্যান্ট ছিঁড়ে যাওয়ার ঘটনায় তার কি শারীরিক অস্বস্তি হয়েছে।
অবশ্য জাংকুকের জন্য মঞ্চে পোশাক বিভ্রাটের ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালের অক্টোবরে সিউলে আয়োজিত ‘লাভ ইয়োরসেলফ : স্পিক ইয়োরসেলফ–দ্য ফাইনাল’ কনসার্টেও তিনি একই ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন। ‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময় ছিঁড়ে গিয়েছিল তার প্যান্ট। পরে ব্যাকস্টেজে অপেক্ষা করার সময় ঠান্ডা বাতাস অনুভব করে বিষয়টি বুঝতে পারেন। ঘটনাটি নিয়ে পরে ভক্তদের সামনে বেশ রসিকতা করেছিলেন এই গায়ক।
এর আগে পোশাক নিয়ে বিপত্তিতে পড়েছেন জাংকুক। ২০১৮ সালে বিটিএসের জনপ্রিয় গান ‘ফেক লাভ’-এর একটি পরিবেশনায় কোরিওগ্রাফির অংশ হিসেবে আরএম অসাবধানতাবশত জাংকুকের শার্টের বোতাম খুলে ফেলেন। গান চলতে থাকায় শার্ট ঠিক করার সুযোগ পাননি তিনি। ফলে সেভাবেই পুরো পরিবেশনা শেষ করতে হয় তাকে। পরে এক সরাসরি সম্প্রচারেও বিষয়টি নিয়ে জাংকুককে মজা করে খেপিয়েছিলেন ব্যান্ডের অন্য সদস্যরা।
আরও পড়ুন: আজ সম্প্রচারিত হচ্ছে নাটক ‘গৃহযুদ্ধ’র শেষ পর্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন