ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হামে আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু


হামে আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মৃত্যুর ঘটনা ঘটেছে চার জনের। রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৯০ জন, এছাড়া গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৩ হাজার ৭৫৩ জন।

গণনা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ছয় হাজার ২৩৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

গণনা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম এ পর্যন্ত মোট ৭২৫ জন শিশুর মৃত্যু ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামরোগে।

আরও পড়ুন: ইশরাক: নাহিদের উদ্দেশে ‘ঘোড়ার ডিম রাজনীতি করবে এরা, কিছুই পরিবর্তন করতে পারবে না’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, যা বললেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, যা বললেন মুখ্যমন্ত্রী

ভারতের নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদরত আন্দোলনে অংশগ্রহণ করেছেন আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্ত। বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে এটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এই ঘটনাকে কেন্দ্র করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীকে আক্রমণ বা ট্রল করার বিরুদ্ধে ডাক দেন।

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত পরীক্ষার অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন দিবিসা মহান্ত। সেখানে বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দিবিসাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুনা যায়।

শনিবার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, সন্তানের রাজনৈতিক মতাদর্শের জন্য কোন বাবা-মাকে আক্রমণ বা ট্রল করা উচিত নয়। একটি প্রাপ্তবয়স্ক সন্তানের নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, যা পরিবারের সঙ্গে মিল নাও করতে পারে। তিনি আরো বলেন, “আমার ছেলে ভবিষ্যতে আইন পেশায় গেলে এমন কাউকে আইনি সহায়তা দিতে পারে, যা আমার পছন্দ নাও হতে পারে। তাই সন্তানের কর্মকাণ্ডের জন্য বাবামায়ের ওপর দায় চাপানো ঠিক নয়।”

তবে মুখ্যমন্ত্রী জানান, দিবিসার দেওয়া স্লোগানের সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, “সে যে স্লোগানগুলো দিয়েছে, আমি তার সঙ্গে একমত নই। আগামীতে তার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে, সে যা বলেছে তা সঠিক ছিল না।”

এছাড়া, পুরো এ ঘটনা নিয়ে আসামের মন্ত্রী কেশব মহান্তের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১, আহত ১২

রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে।  দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এ হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন। এ ছাড়া খারকিভ অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং দুই শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি আরও দাবি করেন যে, এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, হামলায় কিয়েভ ছাড়াও খেরসন, দোনেৎস্ক, দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, সুমি, ওডেসা, মিকোলাইভ, জাপোরিঝিয়া ও চেরনিহিভ অঞ্চলকে লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হয়েছে।

জেলেনস্কি আরও দাবি করেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৬৩০টির বেশি গাইডেড বোমা এবং ৯৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের অর্ধেকের বেশি ছিল ব্যালিস্টিক।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর কিয়েভে ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনা এবং ওডেসা অঞ্চলের চোরনোমোরস্ক বন্দরের অবকাঠামোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্ককে আরও কার্যকর ও গতিশীল করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


সার্ককে আরও কার্যকর ও গতিশীল করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে মালেতে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে হওয়া সৌজন্য সাক্ষাতে উভয়েই সার্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে মালে পৌঁছালে বিমানবন্দরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম তাকে স্বাগত জানান।

পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মালদ্বীপের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান।

তিনি একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে তার প্রার্থিতাকে সমর্থন করায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাক্ষাতে উভয়ই বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান চমৎকার সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা উভয় দেশের জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক ও কার্যকর পদ্ধতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

মালদ্বীপে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন খলিলুর রহমান। এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু একটি উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, মন্ত্রিসভার সদস্য এবং দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

সন্ধ্যায় খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশিক্ষণের আগেই পদায়নের দাবি প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


প্রশিক্ষণের আগেই পদায়নের দাবি প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ শিক্ষক প্রশিক্ষণের আগে বিদ্যালয়ে পদায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, পদায়ন সম্পন্ন করে নিয়োগপত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম সংযুক্ত করা গেলে প্রশাসনিক ও আর্থিক জটিলতা এড়ানো সম্ভব হবে।

রবিবার (২৬ জুলাই) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার প্রায় ছয় মাস পার হলেও এখনো তাদের যোগদান সম্পন্ন হয়নি। এদিকে, প্রশিক্ষণ এবং পরে পদায়নের সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে পদায়ন এবং পরে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তারা আহ্বান জানিয়েছেন।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ভাষ্য, পদায়ন সম্পন্ন না হলে বেতন-ভাতা উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা ও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রশিক্ষণের আগে পদায়ন না হলে বেতন কার্যক্রম শুরু করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে, যা নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য চরম ভোগান্তির কারণ হবে।

তারা জানান, প্রশিক্ষণের বিরোধিতা নয়, বরং দক্ষ, আধুনিক ও মানসম্মত শিক্ষক গড়ে তুলতে প্রশিক্ষণের গুরুত্ব তারা উপলব্ধি করেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া ইতিবাচক উদ্যোগের প্রতিও তারা সমর্থন জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, অনেক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত পদায়ন করা হলে একদিকে শিক্ষক সংকট কমবে, অন্যদিকে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত পাঠদান পাবে।

যোগদান বিলম্বিত হওয়ার কারণে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন বলেও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ কার্যক্রম যথাসময়ে অব্যাহত রেখে তার আগেই বিদ্যালয়ে পদায়ন সম্পন্ন করা এবং নিয়োগপত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নাম সংযুক্ত করা হলে সরকারের নীতিগত লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশাসনিক ও আর্থিক অনিশ্চয়তাও দূর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%