০৬:০৪ পি.এম
ফিলিপাইনের ক্লার্কে অনুষ্ঠিত জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে দেশের তরুণ উদ্যোক্তা ও সংগঠক কাজী ফাহাদ আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০২৭ সালের জন্য তিনি এই দায়িত্ব লাভ করেছেন। এই পদে দায়িত্ব পালনকালে তিনি ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার জেসিআই ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে কাজ করবেন।
কাজী ফাহাদ ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০২৬ সালের জেসিআই গ্লোবাল হিউম্যান ডিউটিজ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই নির্বাচন আন্তর্জাতিক যুব নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করেছে।
২০১৮ সালে জেসিআইয়ে যোগদানের পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছেন। ২০২০ সালে জেসিআই ঢাকা এন্ট্রাপ্রেনিউরসের লোকাল প্রেসিডেন্ট, ২০২২ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৩ সালে ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালে ন্যাশনাল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালে তিনি ন্যাশনাল প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আরও পড়ুন: মাইক্রোসফটের সার্ভার বিভ্রাট: রাতভর চেষ্টায় সচল হলো আউটলুক ও টিমস
নিজের এই পথচলা প্রসঙ্গে কাজী ফাহাদ বলেন, “জেসিআই আমাকে গড়ে তুলেছে, বদলে দিয়েছে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে ও দেশের সীমানা পেরিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমার প্রতি আস্থা ও সমর্থনের জন্য জেসিআই বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্টবৃন্দ, আমার পথপ্রদর্শক এবং সহযোদ্ধা সদস্যদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। কেউ একজন আমার জন্য সুযোগের দরজা খুলে দিয়েছিলেন, আমিও অন্যদের জন্য তেমনই সুযোগ তৈরি করতে চাই।”
২০২৭ সালের জেসিআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত পাঁচ দেশের ন্যাশনাল অর্গানাইজেশনের কার্যক্রমে সহায়তা, নেতৃত্ব উন্নয়ন এবং আন্তদেশীয় অংশীদারত্ব বৃদ্ধিতে কাজ করতে চান। পাশাপাশি তরুণ সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জন ও নেতৃত্বের সুযোগ বাড়ানো তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
জেসিআইয়ের বাইরে কাজী ফাহাদ একজন সফল উদ্যোক্তা। ২০১১ সালে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী গার্মেন্টস অ্যাকসেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘কাজী প্রিন্টিং অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। এ ছাড়া করপোরেট উপহার ও প্রচারসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘করপোরেট বক্স’ও তাঁর ব্যবসায়িক উদ্যোগের অন্তর্ভুক্ত। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময়ের উদ্যোক্তা জীবনে দেশের রপ্তানি খাতে অবদানের জন্য তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্সের (বায়লা) ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৬-২৮ মেয়াদে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক কার্বন অর্থায়নে নতুন সুযোগ সৃষ্টি করবে: পরিবেশ প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক এই দায়িত্বের মাধ্যমে কাজী ফাহাদ বাংলাদেশের আরও বেশি তরুণকে বিশ্বপরিসরে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করতে এবং আগামী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করতে চান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন