১০:৪৬ পি.এম
ব্যয় সংকোচন এবং এক্সবক্স গেমিং বিভাগে বড় পুনর্গঠনের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা করেছে যে তারা প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীর প্রায় ২ শতাংশ।
সোমবার মাইক্রোসফট জানায় যে, ছাঁটাইয়ের অংশ হিসেবে এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন করা হচ্ছে। আগামী অর্থবছরে গেমিং বিভাগের মধ্যে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। পাশাপাশি চারটি গেম স্টুডিওকে পৃথক করা অথবা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হবে এবং আরও একটি স্টুডিও পর্যালোচনার আওতায় আসবে, যার কারণে সেটি বন্ধও হয়ে যেতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিপুল বিনিয়োগের মধ্যে এটি প্রযুক্তি প্রতিষ্ঠানটির ধারাবাহিক গণছাঁটাইয়ের সর্বশেষ পদক্ষেপ। এআই-সক্ষম ডেটা সেন্টার ও কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলতে প্রযুক্তি কোম্পানিগুলো বর্তমানে কয়েক দশমিক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে।
আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি
ওয়াশিংটন থেকে এএফপি জানাচ্ছে, মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান সকল কর্মীর উদ্দেশে পাঠানো বার্তায় বলেন, 'আমাদের চারপাশের বিশ্ব যেমন বদলাচ্ছে, তেমনি আমাদের ব্যবসাও বদলাচ্ছে।'
তিনি উল্লেখ করেছেন, 'কোনো প্রতিষ্ঠান তার শিল্প খাত পরিবর্তিত হবে কি না, তা নির্ধারণ করতে পারে না। তবে সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাবে কি না, তা নির্ধারণ করতে পারে।'
কোলম্যান জানান, ছাঁটাইয়ের বড় অংশই মাইক্রোসফটের বাণিজ্যিক কার্যক্রম এবং এক্সবক্স বিভাগে ঘটেছে। তিনি বলেন, বাদ দেওয়া পদগুলো 'এআই দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে না'। তবে তিনি স্বীকার করেন যে স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানজুড়ে কাজের ধরন বদলে দিচ্ছে।
বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে তিনি বলেন, গত সপ্তাহে ঘোষিত ২৫০ কোটি মার্কিন ডলারের কর্মসূচির অংশ হিসেবে ৬ হাজার প্রকৌশলীকে বিভিন্ন করপোরেট গ্রাহক প্রতিষ্ঠানে যুক্ত করা হবে, যাতে এআই প্রযুক্তি গ্রহণে অনাগ্রহী গ্রাহকদের দ্রুত উৎসাহিত করা যায়।
আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী
এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আশা শর্মা কর্মীদের উদ্দেশে পৃথক বার্তায় জানান যে, তাৎক্ষণিকভাবে এক হাজার ৬০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে। বাকি ছাঁটাই ২০২৭ অর্থবছর পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হবে।
২০২৪ সালে প্রতিযোগিতা-সংক্রান্ত দীর্ঘ নিয়ন্ত্রক পর্যালোচনা শেষে ৬ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর এক্সবক্সে কয়েক দফা কর্মী ছাঁটাই হয়েছে। শর্মা বলেন, এক্সবক্সের ব্যবসার বর্তমান অবস্থা 'সুস্থ নয়'। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এ বিভাগের মুনাফার হার 'তিন থেকে ১০ গুণ কম'।
তিনি দীর্ঘদিনের এক্সবক্স প্রধান ফিল স্পেনসারের স্থলাভিষিক্ত হয়েছেন। স্পেনসার চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর নেন। শর্মা ২০২৭ সালের মধ্যে বিভাগটিকে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।
তিনি বলেন, 'ইতিহাসে এমন অনেক প্রতিষ্ঠানের উদাহরণ রয়েছে, যারা দীর্ঘদিন টিকে থাকাকেই নিজেদের অবধারিত ভবিষ্যৎ বলে মনে করেছিল। আমরা তাদের মতো হতে চাই না।'
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
পুনর্গঠনের অংশ হিসেবে চারটি স্টুডিও এক্সবক্স থেকে পৃথক হয়ে যাবে। এর মধ্যে কমপালশন গেমস এবং ডাবল ফাইন প্রোডাকশনস স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালাবে। তারা নিজেদের মেধাস্বত্ব ও গেমের ক্যাটালগ নিজেদের কাছেই রাখবে।
অন্যদিকে নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস নতুন মালিকানায় যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। নতুন মালিকেরা তাদের চলমান প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবেন।
এদিকে, ফ্রান্সে আরকেইন স্টুডিওর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মী পরিষদের (ওয়ার্কস কাউন্সিল) সঙ্গে বাধ্যতামূলক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে। শর্মার ভাষায়, সেখানে 'সম্ভাব্য কৌশলগত বিকল্প' পর্যালোচনা করা হবে। এ প্রক্রিয়ার ফলে স্টুডিওটি বিক্রি বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের দাবি জানালো নিসচার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন