মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৭ পি.এম
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে সৃজনশীল ও বাস্তবভিত্তিক মডেলে রূপান্তরিত করতে উৎসাহিত করার উদ্দেশ্যে এবং হিস্টোলজি শিক্ষাকে কার্যকর করে তোলার লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘হিস্টোলজিক্যাল মডেল ডেভেলপমেন্ট কম্পিটিশন-২০২৬’ শিরোনামে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায় জীবন্ত হয়ে উঠেছিল হিস্টোলজির সূক্ষ্ম জগৎ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি ল্যাবে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিস্যু ও অঙ্গের সূক্ষ্ম হিস্টোলজিক্যাল গঠন ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে সৃজনশীলভাবে উপস্থাপন করেন। কাদামাটি, ফোম, কাঠবোর্ডসহ বিভিন্ন সহজলভ্য উপকরণ ব্যবহার করে তারা এসব মডেল তৈরি করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ও দৃশ্যমান রূপ দেওয়ার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ব্যবহারিক দক্ষতার পরিচয় দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রচলিত তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে মডেল তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। বিশেষ করে হিস্টোলজির মতো অণুবীক্ষণিক গঠননির্ভর বিষয়কে ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে উপস্থাপন শিক্ষার্থীদের জটিল বিষয়গুলো সহজে অনুধাবন করতে সহায়তা করে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ প্রাণিচিকিৎসা শিক্ষায় আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি মডেলগুলোর বৈজ্ঞানিক যথার্থতা, সৃজনশীলতা, উপস্থাপনশৈলী এবং শিক্ষামূলক গুরুত্ব মূল্যায়নের জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে চট্টগ্রামের খুলশীতে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ট্রেনিং সেন্টারে গাছের চারা রোপণ করা হয়েছে।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আরএনবির চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলামের নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম, সহকারী কমান্ড্যান্ট (ডিভিশন, অতিরিক্ত দায়িত্ব) মো. সালামত উল্লাহ এবং সহকারী কমান্ড্যান্ট (সদর, অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আমান উল্লাহ আমান।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে একটি সংখ্যালঘু (হিন্দু) পরিবারের বসতভিটা জবরদখল ও ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহলের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর গ্রামের ওই হিন্দু পরিবারটি দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পৈতৃক সূত্রে বা স্থায়ীভাবে ওই জমিতে বসতি স্থাপন করে বসবাস করে আসছেন। এটিই তাঁদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই।
অভিযোগ রয়েছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গোদাগাড়ী রোড কাসাড়িপাড়ার বাসিন্দা হাসনে বানু ওরফে মর্জিনা বেগম ওই জমির কিছু অংশ (প্রায় ২ কাঠা) নিজেদের মালিকানাধীন দাবি করেন। এরপর থেকেই প্রভাবশালীরা জোরপূর্বক বাড়ি ভেঙে জায়গাটি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কোর্টের অ্যাড কমিশনার আক্তারুল ইসলামের কাছে সাংবাদিকরা উচ্ছেদের কোনো বৈধ নোটিশ দেখতে চাইলে তিনি একটি ঘষামাজা করা সন্দেহজনক নোটিশ প্রদর্শন করেন, যা দেখে ভুয়া ও জাল বলে প্রতীয়মান হয়।
ভুক্তভোগী অমিত কর্মকার, রঞ্জিত ও হাবু কর্মকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমরা গত ৫০ বছর ধরে এই জায়গাতেই বসবাস করে আসছি। এই জায়গা ছাড়া আমাদের আর কোথাও কোনো জমি বা মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা জোর করে কিছু দখল করতে চাই না। জমির প্রকৃত মালিক যদি ন্যায্যমূল্যে জায়গাটি আমাদের কাছে বিক্রি করেন, তবে আমরা তা কিনে নেব। কিন্তু কোনো অবস্থাতেই আমরা আমাদের শেষ সম্বল এই ভিটা ছাড়ব না।"
এলাকাবাসীর মতে, একটি দরিদ্র পরিবার দীর্ঘকাল ধরে যেখানে বসবাস করে আসছে, হঠাৎ করে জোরপূর্বক তাদের উচ্ছেদ বা বাড়ি ভাঙার এই অপচেষ্টা অত্যন্ত অমানবিক ও বেআইনি। এতে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
দ্রুত এই অমানবিক হয়রানি বন্ধ এবং অসহায় পরিবারটির শেষ সম্বল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার জন্য আবদার করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এই আবদার জানান তিনি।
বর্তমানে মেক্সিকো সিটির চ্যাপুল্টেপেক চিড়িয়াখানায় ৩৬ বছর বয়সী একটি নারী পান্ডা, শিন শিন, রয়েছে। এটি বিশ্বের একমাত্র পরিচিত পান্ডা, যার মালিকানা বেইজিংয়ের হাতে নেই। ১৯৭৫ সালে মেক্সিকোতে নিয়ে আসা পান্ডাদের মধ্যে এটি এখন পর্যন্ত জীবিত আছে।
শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে শিনবাউম বলেন, আগামী বছর মেক্সিকো-চীন সম্পর্কের ৫৫ বছর পূর্ণ হতে যাচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি শি জিনপিংয়ের সাথে বৈঠকটিকে আন্তরিক ও খোলামেলা বলে উল্লেখ করেন। এসময় তিনি বলেন, "আমরা পর্যটন বিষয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছি, এবং এই সম্পর্কের অংশ হিসেবে চ্যাপুল্টেপেক চিড়িয়াখানার জন্য একটি পান্ডাও চেয়েছি।"
পূর্ব এশিয়ার প্রাণী পান্ডা সাধারণত নিজেদের বন্য পরিবেশ ছেড়ে খুব দূরে যায় না। তবে, বিদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চীন দশকের পর দশক ধরে বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে, যা বিশ্বজুড়ে পান্ডা কূটনীতি নামে পরিচিত। ১৯৮৪ সাল থেকে চীন এই নীতিতে কিছু পরিবর্তন আনে, বর্তমানে তারা বন্য পান্ডা সংরক্ষণের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে অল্প সময়ের জন্য পান্ডা ধার দেয়।
মঙ্গলবারের বৈঠকে শিনবাউম শি জিনপিংকে জানান, চীনের সাথে মেক্সিকোর সম্পর্ক একটি নতুন যুগে প্রবেশ করছে। অন্যদিকে, বর্তমানের জটিল বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করেন। এর ফলে পুরো স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে দিনভর একাধিক দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ