ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও নোরা ফাতেহির সঙ্গে জুটি বাঁধলেন সঞ্জয়


আবারও নোরা ফাতেহির সঙ্গে জুটি বাঁধলেন সঞ্জয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি।

সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও একসঙ্গে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা।

আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’।

আরও পড়ুন: ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

ডালাস থেকে সঞ্জয় দেব গণমাধ্যমে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন’ শুধু একটি খেলার গান নয়; এটি বিজয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।

সঞ্জয় বলেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদযাপনের গান।

আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। চ্যাম্পিয়ন সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্বও সামলেছেন সঞ্জয় দেব।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ১৯ বছরের যুবক মিঠু মিয়াকে সামুরাইসহ গ্রেপ্তার

তিনি জানান, প্রায় দুই মাস ধরে চলেছে ‘চ্যাম্পিয়ন’-এর কাজ।

বিশ্বকাপের আবহকে ঘিরেই গানটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন তিনি ও নোরা।

গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে।

মাত্র দুই দিনের সফরে সেখানে গিয়ে এক দিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করেন সঞ্জয় ও নোরা।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি

সঞ্জয়ের মতে, জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গান প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রচারণা।

সম্প্রতি নোরা ফাতেহি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যে গানটি নিয়ে বাড়ছে আগ্রহ।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে : নাহিদ ইসলাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি পৃথক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। শনিবার (২৭ জুন) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদন অনুসারে, আইএসপিআর একটি বিবৃতিতে জানিয়েছে যে, গত ২৫ ও ২৬ জুন প্রদেশের খারান ও মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী দুটি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এতে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র এবং মোটরসাইকেলও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


রাজধানীতে তাজিয়া মিছিলে পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার

রাজধানীতে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে। ডুলির রশি ধরাকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নামক একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার (২৭ জুন) গণমাধ্যমকে এ সম্পর্কিত তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এই হত্যাকান্ড ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার সূত্রাপুরে, গত শুক্রবার (২৬ জুন) বিকেলে। নিহত ব্যক্তি জাকির লালবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

তালেবুর রহমান জানালেন, আশুরার তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে কয়েকজন তরুণ জাহিদের ওপর হামলা চালায়। ওই হামলার সময় গুরুতর অবস্থায় জাহিদকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর নিহতের বড় ভাই লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ঘুষ-দুর্নীতি-অনিয়মে এক নাম্বারে

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম ঘুষ-দুর্নীতি-অনিয়মে এক নাম্বারে
 
পটুয়াখালীর কলাপাড়ায় মাসের বেশিরভাগ দিনেই অফিস করেন না তিনি।  অফিসে একদিন এসে স্বাক্ষর করেন সপ্তাহের পুরো হাজিরা খাতায়। কেউই বলার নেই তার বিরুদ্ধে। এতে দিন দিন অনিয়ম ও দুর্নীতিতে আরও  বেপরোয়া হয়ে উঠছেন তিনি। এসব অভিযোগ পাওয়া গেছে কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগমের বিরুদ্ধে।
 
তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়ার পূর্ব পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৩০৪, শিক্ষক রয়েছে মাত্র দু'জন।  চর গঙ্গামতি বিদ্যালয়ে শিক্ষার্থী ১৫১, শিক্ষক দুইজন। এর মধ্যে আবার একজনকে বদলির অনুমতি দিয়ে রেখেছেন। মধ্য পাটুয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৭১, শিক্ষক দুইজন। গোলবুনিয়া বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। চরপাড়া পক্ষীয়া পাড়া বিদ্যালয়ে শিক্ষার্থী ৯০, শিক্ষক দুইজন। বৌলতলী সৈয়দপুর বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। পশ্চিম ধানখালী বিদ্যালয়ে শিক্ষার্থী ১০২, শিক্ষক দুইজন। এর মধ্যে একজনকে অফিসে এনে অফিসের কাজ করার তিনি। এছাড়া আরও অন্তত: ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ এর উর্ধ্বে শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছে মাত্র তিনজন করে।  এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান স্বাভাবিক রাখতে কোন শিক্ষকের পদায়ন হয়নি দীর্ঘ দিনেও। অথচ নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক থাকার পরও গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষিকা লাইজু আখতারকে ডেপুটেশনে পদায়ন করা হয় বাসন্তী মন্ডল প্রাথমিক বিদ্যালয়ে। একইভাবে মরিচ বুনিয়া বিদ্যালয় থেকে ইসলামপুর বিদ্যালয়ে সুস্মিতা মিত্র কে পদায়ন করা হয় ডেপুটেশনে। আরামগঞ্জ থেকে দক্ষিণ-পূর্ব ছোট বালিয়াতলী বিদ্যালয়ে বৃষ্টিকে এবং পূর্ব সোনাতলা থেকে আমিরাবাদ বিদ্যালয়ে ডেপুটেশনে পদায়ন করা হয় শিউলি বেগমকে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে বেশ কয়েকটি ডেপুটেশনের আদেশ । ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই এই ডেপুটেশন বদলি বাণিজ্য করছেন ইউপিইও, এমনই দাবি সূত্রটির। 

 শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম বহির্ভূত ভাবে শিক্ষকদের  ডেপুটেশন বদলী থেকে ৩০-৫০ হাজার করে নেন তিনি। এছাড়া শিক্ষকদের  পিআরএল, এলপিআর, শ্রান্তি বিনোদন, লাম গ্র্যান্ড, মাতৃত্বকালীন ছুটি, ঋণ আবেদন, টিএ বিল, এমনকি পেনশন সব কিছুতেই টাকা দিতে হয় অফিসকে। অফিস কন্টিজেন্সির কম্পিউটার মেরামত, কালি, কাগজ-কলমের জন্য বরাদ্দকৃত ১ লাখ ২০ হাজার টাকা পুরোটাই তার পেটে।  স্কুল প্রতি ইন্টারনেট, পরিস্কার পরিচ্ছন্নতা, গোল্ড কাপ, কন্টিজেন্সি, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও উন্নয়নের সরকারী বরাদ্দ ক্ষুদ্র মেরামত ও স্লিপ প্রকল্প থেকেও পারসেন্টেজ দিতে হয় তাকে। ইমারজেন্সি ইন এডুকেশন খাতের ৫টি বিদ্যালয়ের ৩ লক্ষ হারে বরাদ্দকৃত টাকা থেকে ৫ পারসেন্ট নেন তিনি। ৩২ টি স্কুলের নির্বাচনী কেন্দ্র সংস্কার বরাদ্দ থেকেও  ৫ হাজার টাকা করে নেন তিনি। প্রাথমিকের ১১৯৪ বৃত্তি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশ পত্রের জন্য নিয়ম বহির্ভূত ভাবে ১০ টাকা করে আদায় করে ১১, ৯৪০ টাকার পুরোটাই নেন তিনি। 
 
গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বাদল বলেন, লাইজু আখতারকে অফিস ডেপুটেশন বদলি দেয়ায় এখন মাত্র দুই জন শিক্ষক দিয়ে প্রাক থেকে পঞ্চমের ১০২ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে পাঠদান করাতে হচ্ছে । শিক্ষিকা  লাইজু শিক্ষা অফিসের সাথে কন্ট্রাক্ট করে ডেপুটেশন বদলি নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
 
দক্ষিণ পূর্ব ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, 'আমার বিদ্যালয়ে ১২৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের ৬টি পদ থাকলেও কর্মরত আছে ৪ জন। এর মধ্যে ডেপুটেশনে একজন শিক্ষক তার সুবিধামতো বিদ্যালয় যায় এবং  অপর একজন এখানে আসে। এটা কিভাবে হয়, তা সবাই বোঝে।
 
ডেপুটেশন বদলি নেয়া শিক্ষক বৃষ্টি জানায়, তিনি অফিসের সাথে যোগাযোগ করতে বলেন। অপর শিক্ষক সুস্মিতা মিত্র'র পরিবার বিনা তদ্বিরে ডেপুটেশন বদলি হয়েছে বলে দাবি করেন। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পক্ষীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরুমা পারভীন বলেন, 'আমি দুর্ঘটনায় আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় ডেপুটেশন বদলি পেতে অফিসে ম্যামের কাছে গিয়েছিলাম। কিন্তু আমারটা হয়নি।'  
 
এদিকে উপজেলা শিক্ষা অফিসের কোন ধরনের অনুমতি ছাড়াই বিদেশে চলে যান মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিমি রাখাইন ও চর চান্দু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা আক্তার সুমি। এছাড়া ২৪ এর ৫ আগস্টের পরে রাজনৈতিক কারণে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ আলম পলাশ ও গোলবুনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহিরুল ইসলাম । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদারকি আছে শুধু কাগজে কলমে, বাস্তবে নেই। অফিস ব্যস্ত দুর্নীতি অনিয়মে, এমন অভিযোগ একাধিক সূত্রের। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হাজিরা খাতা বিশ্লেষণে দেখা যায়, শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম মে'২৬ মাসের ১৪ তারিখ পর্যন্ত একদিনে স্বাক্ষর করেছেন। অপর দিনগুলোর হাজিরা  ফাঁকা। একইভাবে ২৩ জুন'২৬ তারিখে হাজিরা খাতায় দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষরের ঘর ফাঁকা। অথচ ২৪ জুন অফিসে এসে একদিনে হাজিরা খাতার স্বাক্ষর আপডেট করা হয়।
 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আমার সাথে এখন অফিসের যোগাযোগ কম। তাই অনেক তথ্যই আমার কাছে নেই, অন্ধকারে আছি। তবে অফিসের বিষয়ে শিক্ষকদের কাছে অনেক কিছুই শুনি।
 
প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান জানান, কোন শিক্ষক বলতে পারবে না, কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়েছি। এছাড়া উন্নয়ন বরাদ্দের অফিস পার্সেন্টেজের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানায়, আপনি খোঁজ নেন ক্ষুদ্র মেরামত, স্লিপ, ইমার্জেন্সি ইন এডুকেশন ও নির্বাচনী ভোট কেন্দ্র সংস্কারের কাজ যথাযথভাবে হয়েছে কিনা। তারপরে আপনার সাথে কথা বলবো।  শাহিদা বেগম আরও বলেন, ডেপুটেশন বদলী আগের ডিপিইও স্যার করে গেছে। আমার সময় দু/একটি হয়েছে, তাও নেতাদের সুপারিশ ছিল। আমার অফিস কারো কাছ থেকে এক কাপ চাও খায় নি।
 
 পটুয়াখালী জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম বলেন, আপনার কাছ থেকে প্রাথমিকের  অভিযোগের বিষয়ে জানতে পারলাম, যা আমাকে কেউ অবগত করেনি। এক কথায় বলবো সঠিক হয়নি। আমি অবশ্যই সাডেন ভিজিটে কলাপাড়ায় যাবো এবং পরিদর্শন করে এ বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবো। তিনি আরো বলেন,  দুইজন শিক্ষক দ্বারা যে সকল বিদ্যালয় পরিচালিত হচ্ছে আমি জানলে সেখানে যে কোনোভাবে ডেপুটেশনে শিক্ষক দেয়া হতো।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে অবৈধ ভারতীয় ট্রাক জব্দের ঘটনায় মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বেনাপোলে অবৈধ ভারতীয় ট্রাক জব্দের ঘটনায় মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ

যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্তৃপক্ষ কাগজপত্রবিহীন একটি পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ করেছে। এই ঘটনায় বাংলাদেশি ট্রাক ও এর চালককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে বন্দরের আনসার এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার ৯ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত দেখিয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলাটি দায়ের করে।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, ঝিকরগাছার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফ এন্টারপ্রাইজ-এর নামে সরিষার খৈলবাহী একটি ভারতীয় ট্রাক গত ২৩ জুন রাত ৯টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে ২৫ জুন ট্রাকটি ৩৫ নম্বর শেডে খালাসের জন্য যাওয়ার তথ্য দেখিয়ে বের হয়।

অভিযোগ রয়েছে যে, ট্রাকটিতে থাকা অবৈধ ৫০ বস্তা পণ্য ৩২ নম্বর ইয়ার্ডে একটি বাংলাদেশি ট্রাকে স্থানান্তর করা হয়। এরপর ভারতীয় ট্রাকটি বিকেল ৫টার দিকে বন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করলে সেটি আটক করা হয়। খবর পেয়ে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল গোস্বামীর উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করা হয়। এই সময় ট্রাক থেকে ১৪০ বস্তা সরিষার খৈল ও ৫০টি খালি বস্তা জব্দ করা হয়। ঘটনার পর ভারতীয় ট্রাকচালক পালিয়ে গেলেও বাংলাদেশি ট্রাক ও এর চালককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পণ্য পাচারের সঙ্গে জড়িত চক্রটি কৌশলে মেসার্স প্রত্যয় ইন্টারন্যাশনাল-এর নাম ব্যবহার করেছে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই অভিযোগ স্বীকার করা হয়নি। ঘটনার পর কাস্টমস, বন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন জানান, অপরাধ দমনে বন্দর কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগে বন্দরের নিরাপত্তাকর্মী ও ট্রাকচালকসহ সংশ্লিষ্টদের ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তীতে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে মামলায় যুক্ত করা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতে চার্জশিট দাখিল করা হবে। তবে তদন্তের সার্থে আসামিদের নাম প্রকাশ করেনি বন্দর।

বেনাপোল আমদানি রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানিয়েছেন, বন্দরে প্রবেশ করা প্রতিটি আমদানিকৃত ট্রাক প্রথমে বিজিবির তল্লাশি, এরপর কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ ওজন পরীক্ষা এবং সর্বশেষ উন্নতমানের স্ক্যানিং মেশিনে পরীক্ষা করা হয়। এছাড়া বন্দরের প্রায় ৩৭৫টি সিসিটিভি ক্যামেরার নজরদারি রয়েছে। এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অসাধু চক্রের একটি অংশ যোগসাজশ কিংবা নজরদারির ফাঁকে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য প্রবেশ করাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে এবং বন্দরের বাণিজ্যিক নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

এদিকে চলতি মাসে কাস্টমসের দায়ের করা পণ্য পাচারের আগের তিনটি মামলায় এখনো কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে বৈধ পথে আমদানিকৃত পণ্য পাচার ও অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা নিতে সাধারণ ব্যবসায়ীরা সংশয় প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%