০৬:৫৪ পি.এম
জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে জিহাদ হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আজ বুধবার আদালতে হাজির করা হয়। সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তর বিভাগের ইন্সপেক্টর ফরিদ উদ্দিন কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ায় তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেননি। পরে আদালতের অনুমতি নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেন। আজ আদালতে হাজির করার পর কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: অনলাইনে নারীদের নিরাপত্তা: চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয়
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশগ্রহণ করেন জিহাদ হোসেন। তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন