বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
১১:৫৫ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে যুক্ত হয়েছেন। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তার নিয়োগ হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে চুক্তিভিত্তিক এক বছরের জন্য তিনি এই পদে নিয়োগ লাভ করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু (আসল নাম চৌধুরী মাজহার আলী)। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের শর্ত অনুযায়ী তাকে এই পদটি ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি এই অভিনেতা। বেশ কিছুদিন ধরে অভিনয়ে কিছুটা অনিয়মিত থেকে রাজনীতি ও সাংগঠনিক কাজেই বেশি সময় দিচ্ছেন তিনি।
১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শিবা শানুর। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমা দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন এই অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম সরকার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, অক্টোবর মাসের নির্ধারিত দামেই আগামী মাসে জ্বালানি তেল বিক্রি চলতে থাকবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য প্রকাশ করে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা রাখা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এই মূল্যহার কার্যকর থাকবে।
দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় এবং অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নেওয়া হয়। জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের ফলে পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে, ডিজেল কৃষি, পণ্য পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনে অকটেন ও পেট্রোল ব্যবহৃত হয়। কেরোসিনও বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই, এসব জ্বালানির দাম অপরিবর্তিত থাকায় নভেম্বর মাসে ভোক্তাদের জন্য নির্ধারিত বিক্রয়মূল্যে কোনো পরিবর্তন আসছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের পর এবার ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন-মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায়, নিখোঁজ হওয়ার একদিন পর, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বৃহস্পতিবার তার অফিসিয়াল ফেসবুক পোস্টে এই দাবি তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, এ ঘটনায় তিনি বিস্মিত এবং গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, কেএম তাহসিফ সাওরির নিখোঁজ হওয়ার পর কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন। একই সাথে, যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
ফেসবুক পোস্টে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে তুরাগ নদীতে তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাহসিফের পরিচয় নিশ্চিত করে তার পকেটে থাকা আইফোনের মাধ্যমে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে।
এই কেন্দ্রগুলোর ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন ১ লাখ ৫২ হাজার ২৯৯ ভোট সংগ্রহ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩ হাজার ৭০৯ ভোট পেয়েছেন।
ভোটের ব্যবধান ৮৮ হাজার ৫৯০ ভোটের মতো।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ১৮৫টি কেন্দ্র রয়েছে। উল্লেখযোগ্য যে, কোনো কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ