ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

‘ঘুষের টাকা দিয়ে পোশাক কিনেছি, ঘুষ খাওয়ার জন্যই’


‘ঘুষের টাকা দিয়ে পোশাক কিনেছি, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করেন।

সম্প্রতি রানীগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এএসআই ইলিয়াস হোসাইন ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বলেন, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’ তার এই বক্তব্যের ভিডিও স্থানীয় একজন ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন।

আরও পড়ুন: নারীদের প্রতি অশালীনতা ও হেনস্থার বিরুদ্ধে ‘নো মোর সাইলেন্স’ প্রতিবাদ

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযোগ উঠেছে যে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তার এলাকার বড় ভাই হিসেবে পরিচিতি দিয়ে থানায় ও তদন্তের এলাকায় নিজের আধিপত্য খাটাচ্ছেন এএসআই ইলিয়াস। এছাড়া, ওসির নাম ভাঙিয়ে নিয়মিত অপকর্ম, অনিয়ম ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

ভিডিওর বিষয়টি সম্পর্কে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৮ এম


আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাকে ফ্যাসিবাদ আমলের একটি চরম উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আগামী ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, "ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা মনে করত অপরাধ করে তারা পার পেয়ে যাবে। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।"

আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, "এ মামলায় আমাদের অবস্থান হচ্ছে- আমরা মামলায় কোনো বিলম্ব ঘটাতে চাই না। নাগরিকের দ্রুত বিচার প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার, আমরা চাই সেটা নিশ্চিত হোক।"

তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলার শুনানি শুরু হলে সে শুনানির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম বিলম্ব ঘটানো হবে না। আমরা একদিন শুনানি মুলতবি চাইব না। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হওয়া উচিত। মানুষ এই মামলার রায় কার্যকর দেখতে চায়।"

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। নির্মম সে হত্যায় জড়িতদের সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা-কর্মী।

আলোচিত এই হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ। হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।

এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা কেউ কউ আপিল ও লিভ টু আপিল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় এগিয়ে আসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৮ এম


প্রবাসীদের বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় এগিয়ে আসার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনের মাধ্যমে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ আয়োজনটি রোববার (৪ অক্টোবর) দুপুরে শারজাহ ন্যাশনাল পার্কে কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ‘অক্ষরে অমরতা’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহেদ সরওয়ার, এবং সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৌয়ব চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যাপ্টারের মিডল ইস্ট কো-অর্ডিনেটর কবি মোফাচ্ছেল হক শাহেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউএই-এর ম্যানেজার ও চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চ্যাপ্টারের উপদেষ্টা ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব সরকার, সৈয়দ জাহাঙ্গীর আলম, জালাল আহাম্মদ, রফিকুল ইসলাম রুমান, সেকান্দর চৌধুরী ও ফারদিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় লেখক ও সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

তারা আরও বলেন, কলম শুধুমাত্র লেখার মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি শব্দ মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে, একটি কবিতা জাগিয়ে তুলতে পারে বিবেক, এবং একটি সত্যনিষ্ঠ লেখা হয়ে উঠতে পারে সময় ও সমাজের গুরুত্বপূর্ণ দলিল।

অনুষ্ঠানে কেক কাটা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা এবং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজকরা ১৬ বছরের পথচলায় কলম একাডেমি লন্ডনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৯ এম


ঢাবিতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনা ঘটেছে সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের জেব্রা ক্রসিংয়ের পাশে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম তারেক, যিনি বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মারধরের অভিযোগ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে।

আরিফুল ইসলাম তারেক বলেন, "আমি ইউনিভার্সিটি ক্লাব থেকে ওষুধ কিনে ফিরছিলাম। ভিসি চত্বরে জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাইক প্রায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দিচ্ছিল। এতে আমি আতঙ্কিত হয়ে চিৎকার করি। আমার শব্দ শুনে বাইকটি থামে।"

তিনি আরও বলেন, "এরপর বাইকে থাকা ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, ‘ব্যাক সাউন্ড দিলে কেন?’ আমি বলি, আমি ভয় পেয়েছি, এ রকম বলব না? তখন তিনি বলেন, ‘ব্রেনকে থামিয়ে রেখেছি, না হলে দেখতি।’ আমি বলি, নাহলে মারতেন? এরপর তিনি আমাকে বলেন, ‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না।’"

আরিফুলের অভিযোগ, এরপর ওই ব্যক্তি তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র বের করে দেখালেও সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী জানান, "এরপর সে আমার বাম কানে আট-দশটি থাপ্পড় দেয়। পরে মাথা ও মুখে একের পর এক ঘুসি মারতে থাকে।"

এই ঘটনার পর তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত মাহফুজ সৌরভের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিকদের এড়ানোর চেষ্টা করেন। পরে তিনি বলেন, "আমি তার (ভুক্তভোগীর) সঙ্গে কথা বলার পর সাংবাদিকের সঙ্গে কথা বলব।"

ভুক্তভোগীকে মারধরের বিষয়ে এক পর্যায়ে তিনি বলেন, "এটি একটি ছোটখাটো বিষয়। আমি তার (ভুক্তভোগীর) সঙ্গে কথা বলে কাল আপনাকে জানাব।"

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, "আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সিসিটিভি ফুটেজ দেখছি। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের দায়িত্ব ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবচেয়ে বেশি: ঢাবি সাদা দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৯ এম


শিক্ষকদের দায়িত্ব ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবচেয়ে বেশি: ঢাবি সাদা দল

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রগতিশীল ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ মন্তব্য করেছে যে, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের দায়িত্ব সবচেয়ে বেশি।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটি এই বক্তব্য তুলে ধরে।

দেশের শিক্ষাঙ্গণের শিক্ষক ও গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো জ্ঞান নয়; এটি জাতির বিবেক, মূল্যবোধ ও মেরুদণ্ড গঠনের অন্যতম প্রধান ভিত্তি। বর্তমান পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে শিক্ষকদের ভূমিকা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাদা দলের নেতারা আরও জানান, বৈষম্যহীন, মেধাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ সব সময় নেতৃত্ব দিয়ে এসেছে। ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তচিন্তার চর্চা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শিক্ষকসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

বিবৃতিতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মৌলিক গবেষণা, মানসম্মত শিক্ষা ও একাডেমিক স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও মুক্তচিন্তার নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমাদের এমন একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে, যেখানে শিক্ষকসমাজ মাথা উঁচু করে দাঁড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও দেশপ্রেমের আলোয় আলোকিত করবে।’

বিবৃতিতে শিক্ষাবিদরা শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%