ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর


জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে চারটির অধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে।

প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোতে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাবেন।

আরও পড়ুন: কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে প্রায় আটটি দলিল চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। তবে আলোচনা শেষ হওয়ার ওপর নির্ভর করবে কতটি দলিল সই হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, ‘আমরা আশা করছি, সফরকালে এসব সমঝোতা স্মারকের অনেকগুলোই সই হবে।’

প্রত্যাশিত যৌথ বিবৃতিতে দ্বিপক্ষীয় আলোচনার ফলাফল এবং বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারি এগিয়ে নেওয়ার অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী মন্তব্য করেন, প্রস্তাবিত চুক্তিগুলো বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাপানের শিল্প-অভিজ্ঞতা, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক দক্ষতার সংযোগ ঘটিয়ে দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত করতে পারে।

আরও পড়ুন: পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর জাপানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিতে নতুন গতি সঞ্চারের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলো উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত খাতগুলোতে সহযোগিতার আরো শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে।’

অধ্যাপক চৌধুরী আরও বলেন, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতার ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং গুণগত মান ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে, দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ পাশাপাশি এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত, কর্মীদের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং একই সঙ্গে বাংলাদেশের শিল্প খাতের প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তোলা।’

জাপানি বিনিয়োগ উদ্যোগে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে দেশীয় সরবরাহকারী ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও সুফল পাবে।

আরও পড়ুন: রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নেওয়া আ. লীগ নেতা গ্রেফতার

তিনি উল্লেখ করেন, ‘বড় বিনিয়োগের পাশাপাশি জাপানের মাঝারি আকারের কম্পানি ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে অংশীদারি উৎসাহিত করা উচিত। এ ধরনের সহযোগিতা আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদন পদ্ধতি, মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উন্নয়নে সহায়তা করতে পারে।’

সাবেক উপাচার্য সফর শেষে একটি বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। এতে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, সময়সীমা এবং অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থা নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘সমঝোতা স্মারক সই একটি গুরুত্বপূর্ণ সূচনা। এর দীর্ঘমেয়াদি মূল্য নির্ভর করবে পরবর্তী সময়ে বিনিয়োগ, কর্মসংস্থান, দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা কতটা বাড়ে, তার ওপর।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই নেতা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া তিনি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগের সুযোগ ও বাণিজ্যিক অংশীদারি নিয়ে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রতিনিধি এবং জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকও রয়েছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: তারেক রহমানের জাপান সফর কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করবে

সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

প্রস্তাবিত সফরসূচিতে চিবা অঞ্চলের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ার একটি টয়োটা কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মন্ত্রী, উপদেষ্টা, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং প্রতিনিধিদলের অন্যান্য সদস্য সফর করবেন। প্রতিনিধিদল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে জাপান যাবে।

সমঝোতা স্মারক সইয়ের বাইরেও এ সফরে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সই হওয়া অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়া এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা উচিত নয় : পানিসম্পদমন্ত্রী

পররাষ্ট্র সচিব সিয়াম বলেন, আলোচনায় চুক্তি বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ঢাকার এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ৮৩ শতাংশ এবং এমআরটি লাইন-৫ প্রকল্পের ব্যয় ১১৩ শতাংশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অবকাঠামো প্রকল্পের ব্যয় ও অর্থায়নের শর্তও আলোচনায় আসবে।

ব্যয় বৃদ্ধি এবং জাপানি ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, বাংলাদেশ অবকাঠামো উন্নয়নে অর্থায়ন ও কারিগরি সহায়তা চেয়েছে।

তিনি বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকে অবকাঠামো সহযোগিতার এসব বিষয় অবশ্যই আলোচনায় আসবে।’ তিনি জানান, আলোচনা শুধু মেট্রো রেল প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

সিয়াম বলেন, ‘আমরা সব দেশ থেকেই কম সুদে ঋণ পেতে চাই।’ তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অর্থায়নব্যবস্থা এবং সংশ্লিষ্ট দেশভিত্তিক বিভিন্ন বিষয় আলোচনার ফলাফলকে প্রভাবিত করবে।

জাপান বাংলাদেশে মেট্রো রেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি বড় প্রকল্পে সহায়তা করছে।

২০১৪ সালে চালু হওয়া ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগ অবকাঠামো, শিল্প ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপনের একটি কাঠামো হিসেবে কাজ করছে।

অধ্যাপক চৌধুরী বলেন, মাতারবাড়ী ও আড়াইহাজারে অবকাঠামো বিনিয়োগের সঙ্গে শিল্প উৎপাদন, স্থানীয় সরবরাহকারী এবং কর্মসংস্থানের সংযোগ ঘটানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, ‘প্রস্তুত জমি, নির্ভরযোগ্য বিদ্যুৎ ও পানি সরবরাহ, পরিবহন যোগাযোগ এবং অনুমোদন পাওয়ার পূর্বানুমেয় প্রক্রিয়া বিনিয়োগকারীদের আগ্রহকে কার্যকর ব্যবসায় রূপ দিতে সহায়তা করবে।’

পররাষ্ট্র সচিব জানান, নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও আলোচনায় স্থান পাবে।

দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে।

দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারিকে আরো এগিয়ে নেওয়াই এ সফরের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে হবে- এবিএম সিরাজুল মামুন।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে হবে- এবিএম সিরাজুল মামুন।

নারায়ণগঞ্জে ধারাবাহিক হত্যাকাণ্ড, অহরহ ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

তিনি বলেন, মানুষ যদি নিজের কর্মস্থলে যেতে, ব্যবসা পরিচালনা করতে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তা স্বাভাবিক জনজীবনের জন্য গভীর উদ্বেগের বিষয়। ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে শুধু আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো জনমনে উদ্বেগ বাড়িয়েছে। রূপগঞ্জ ও সোনারগাঁয়ে যুবদল নেতাদের হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপুর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা নাগরিক নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার পাশাপাশি ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে।

এবিএম সিরাজুল মামুন বলেন, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাবের কারণে যেন আইনের প্রয়োগ বাধাগ্রস্ত না হয়। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে প্রতিরোধমূলক উদ্যোগ নিতে হবে।

তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দ্রুত তদন্ত এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় নগর পাঠাগার মিলনায়তনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার বাছাইকৃত অগ্রসর দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত তরবিয়তী সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্র্যাকটিক্যাল ওয়ার্কসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি অন্তর্ভুক্ত ছিলো।

সভায় দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা শেখ সালাহউদ্দীন এবং বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি ডাঃ শামীম ভূঁইয়া।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী ও মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাসারে গৃহবধূ হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


ডাসারে গৃহবধূ হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে গৃহবধূ পুতুল সমাদ্দার (৫২) হত্যা মামলায় তাঁর স্বামী অরুণ সমাদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ অক্টোবর উপজেলার ধামুসা গ্রামে নিজ বসতবাড়ি থেকে পুতুল সমাদ্দারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, পুতুল সমাদ্দারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছোট ভাই রতন নাগ। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদের সহায়তায় অভিযান চালিয়ে অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়। অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার মৃত মোকলেস উদ্দিন শিকদারের ছেলে।

মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। সেখানে শিশুটিকে বসিয়ে রেখে তার বাবা নৌকা মেরামতের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত করিম সিকদার শিশুটির মুখ চেপে ধরে পাশে থাকা একটি ধৈঞ্চা বনে নিয়ে তাকে ধর্ষণ করেন।

পরবর্তীকালে বাবা ফিরে এসে শিশুটিকে না দেখতে পেয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার ভাণ্ডারিয়া থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সালাউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


বিএনপির সালাউদ্দিন আহমেদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি বিএনপির সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শ্যামপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্যামপুরের লাল মসজিদ ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কুলখানি ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই সময় সালাউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%