শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৫২ এম
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শাহজাহান (৩০) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। একটি তুচ্ছ খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিরীহ অটোচালকের প্রাণহানির ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ধোপল্লা বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু ঘটে।
নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ধোপল্লা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
অভিযোগ রয়েছে, এ সংঘর্ষে ধোপল্লা এলাকার ৫০ থেকে ৭০ জন যুবক ও কিশোর অংশ নেয়। এ সময় এনায়েতপুর থেকে অটোরিকশা নিয়ে যাত্রীসহ ধোপল্লা বাজার এলাকায় গেলে শাহজাহান হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। তাকে হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আবারও হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাদি লাশের সুরতহাল ও ময়নাতদন্ত-সংক্রান্ত কার্যক্রম শেষে লাশ থানায় নিয়ে আসেন।
শাহরাস্তি থানার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করার সময় একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরবর্তীতে ওই ট্রাক চালককে সংকেত অমান্য করা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ৬ জনের বিরুদ্ধে ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এই বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিরাপদ সড়ক নিশ্চিত করার উদ্দেশ্যে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক থামানোর জন্য সংকেত দেওয়া হলে চালক ট্রাকটি থামানোর পরিবর্তে পালানোর চেষ্টা করে। পরে তাকে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। তার ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং সে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছে। এই কারণে আইন অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং সড়ক পরিবহন আইন অমান্য করার জন্য ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এদিকে, আনন্দ পরিবহণের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার কারণে তিন মোটরসাইকেল চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের পুত্র। তিনি টিএসবি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেও স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে আড্ডা দিচ্ছিলেন জাকির হোসেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে উপস্থিত হয়। এরপর তারা জাকির হোসেনের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, জাকির হোসেনকে হত্যার সময় খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তার নিজ গ্রামের বাড়িতে হামলার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার তিনি এই অভিযোগটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেন।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই দাবি করে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তবে, রাত ২টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা অবস্থায় তার ফেসবুকে এই বিষয়ক পোস্টটি পাওয়া যাচ্ছে না।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম উল্লেখ করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন বৃদ্ধির হার এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ পেনশনের সীমা নির্ধারণ করে। এই প্রজ্ঞাপনে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বনিম্ন নিট পেনশন হিসেবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর কয়েকটি বিধান সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, প্রজ্ঞাপনটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। যাদের নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে। ২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বৃদ্ধির হার হবে ৬৫ শতাংশ।
এছাড়া, ৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ৫৫ শতাংশ বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
সংশোধিত বিধান অনুযায়ী, পেনশন বৃদ্ধির পর সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। তবে বিদ্যমান নিট পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন স্তরে সর্বোচ্চ সীমাও নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৮ হাজার টাকা, ৯ হাজার এক থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে ৩৫ হাজার টাকা, ২০ হাজার এক থেকে ৩০ হাজার টাকার ক্ষেত্রে ৪৯ হাজার টাকা, ৩০ হাজার এক থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬২ হাজার টাকা এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে একাধিক পারিবারিক পেনশনভোগীর ক্ষেত্রেও বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। যদি কোনো মূল পেনশনভোগী একাধিক পারিবারিক পেনশনভোগী রেখে মারা যান, তবে মূল পেনশনভোগীর প্রাপ্য উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি মোতাবেক আনুপাতিক হারে পারিবারিক পেনশনভোগীদের মধ্যে নিট পেনশন বণ্টন করতে হবে।
এছাড়া, যেসব বিদ্যমান পেনশনভোগী মাসিক ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে বার্ষিক নিট পেনশন বৃদ্ধির বিধান কার্যকর হওয়া পর্যন্ত বিদ্যমান হারে পেনশন পাবেন।
অন্যদিকে, অবসরোত্তর ছুটি ও পেনশন নির্ধারণের ক্ষেত্রেও সংশোধনী আনা হয়েছে। যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা পরবর্তী সময়ে চলমান রয়েছে, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতাদি বিশেষ সুবিধাসহ দেওয়া হবে। অবসরোত্তর ছুটি শেষ হওয়ার পর তাদের নিট পেনশন ও আনুতোষিক ২০২৬ সালের জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।
যেসব কর্মচারী ১ জুলাই ২০২৬ তারিখে বা পরবর্তী সময়ে অবসর-উত্তর ছুটিতে যাবেন, তাদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ও ভাতাদি দেওয়া হবে। অবসরোত্তর ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বেতনস্কেলের বিধান অনুযায়ী নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কোনো কর্মচারী ৩০ জুন ২০২৬ তারিখে চাকরি সমাপ্তির পর ১ জুলাই ২০২৬ তারিখে অবসরোত্তর ছুটি অর্জনের ক্ষেত্রে ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট পাবেন। তবে ১ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে অবসরোত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেল অনুযায়ী অবসরকালীন নির্ধারিত মূল বেতনের সমপরিমাণ ল্যাম্পগ্র্যান্ট প্রাপ্য হবেন।
অর্থ মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. খেরদৌস আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ