০৮:২১ পি.এম
রাজনৈতিক বলয়ের প্রভাব, গুণী শিল্পীদের উপেক্ষা ও মিলনায়তন বরাদ্দে সুপারিশের অভিযোগ; তদন্ত দাবি সাংস্কৃতিক অঙ্গনের
সংস্কৃতি মানুষের মনন, মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের সম্মিলিত চর্চায় সমৃদ্ধ হয় একটি জনপদের সাংস্কৃতিক পরিচয়। অথচ বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে একের পর এক অভিযোগে সেই সাংস্কৃতিক পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক প্রভাব বিস্তার, গুণী শিল্পীদের উপেক্ষা, মিলনায়তন বরাদ্দে সুপারিশনির্ভরতা, অর্থব্যয়ের স্বচ্ছতা এবং সাংস্কৃতিক সংগঠনের পরিচয় ও কার্যক্রম নিয়েও উঠেছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে সরকারি এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
অভিযোগ উঠেছে, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি এখন আর সব শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের জন্য সমানভাবে উন্মুক্ত নেই। বরং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের স্থানীয় কয়েকজন নেতার প্রভাব প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিস্তার লাভ করেছে। তাদের পছন্দের সংগঠনকে অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া, মিলনায়তন বরাদ্দে সুপারিশের প্রয়োজনীয়তা তৈরি এবং অভিজ্ঞ শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উপেক্ষা করার অভিযোগও রয়েছে।
সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তির ভাষ্য, অতীতে একাডেমির বিভিন্ন কার্যক্রমে আওয়ামী লীগ-সমর্থিত সাংস্কৃতিক বলয়ের প্রভাব নিয়ে অভিযোগ ছিল। তখনও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ সীমিত হওয়ার কথা আলোচনায় এসেছে। তবে বর্তমান পরিস্থিতিতে মেধা, যোগ্যতা ও সাংস্কৃতিক অবদানের পরিবর্তে রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠতা প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের একাধিক ব্যক্তির অভিযোগ, বরিশালের অতীতের গুণী ও মেধাবী শিল্পী, লেখক, নাট্যকর্মী এবং বিভিন্ন সময়ে পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকেই এখন একাডেমির বিভিন্ন আয়োজন থেকে দূরে রয়েছেন। অন্যদিকে, জাসাসের সঙ্গে সম্পৃক্ত একটি সীমিত গোষ্ঠীকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন, প্রশিক্ষণ কার্যক্রম, বিচারক নির্বাচন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।
একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, অনুষ্ঠান আয়োজনের অনুমতি, সম্মানী কিংবা বিল-ভাউচারসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে গেলে সংশ্লিষ্টদের জাসাসের বরিশাল দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এবং মহানগর আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়।
এতে সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মীদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন অভিযোগকারীরা। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ব্যয়, বিল-ভাউচার এবং অর্থ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
জানা গেছে, গত অক্টোবর মাসে সাংস্কৃতিক কর্মী কানিজ জোহরা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একাডেমির কার্যক্রমে প্রভাব বিস্তার, অনিয়ম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগরের বিরুদ্ধে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন কানিজ জোহরাসহ কয়েকজন নারী। এ বিষয়ে তারা শিগগিরই সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই প্রয়োজন।
শিল্পকলা একাডেমির সঙ্গে সম্পৃক্ত একজন সাংস্কৃতিক কর্মী বলেন, “জাসাসের নেতৃবৃন্দ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারেন না। শিল্পকলা একাডেমি সবার। প্রশিক্ষক, বিচারক ও শিল্পী নির্বাচনে স্বচ্ছতা থাকা উচিত।”
জাসাসের প্রভাবের অভিযোগ অস্বীকার করে একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমান বলেন, মিলনায়তন বরাদ্দ পেতে জাসাস কোনো সমস্যা করবে না। তবে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখানে পরিস্থিতি এখন এমন যে আমি এখান থেকে চলে যেতে পারলে বাঁচি।”
তার এ বক্তব্যের পর একাডেমির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সরকারি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাজনৈতিক সংগঠনের ভূমিকার সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জাসাসের নেতারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারেন, তবে সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই।
এসব অভিযোগ অস্বীকার করে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগর বলেন, বরিশাল শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা থেকে শুরু করে কিছু ব্যক্তি জাসাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। মিলনায়তন ভাড়া থেকে শুরু করে একাডেমির যেকোনো বিষয়ে জানতে চাইলেই জাসাসের ওপর দোষ চাপানো হচ্ছে। তাকে ও তুহিনকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দরপত্র খোলার অনুষ্ঠান
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের অবস্থান নিয়েও অতীতে অভিযোগ উঠেছে। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত সংবাদে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ১২ জন প্রশিক্ষকের চুক্তি নবায়ন ও প্রশিক্ষক পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয় উঠে আসে। সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি ও চারুকলার অভিজ্ঞ প্রশিক্ষকদের আবেদনও তখন আলোচনায় আসে।
যদিও ঘটনাটি আগের সময়ের এবং তৎকালীন কর্মকর্তাদের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত, তবু প্রশিক্ষক নির্বাচন, চুক্তি নবায়ন এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের ধরে রাখার ক্ষেত্রে একাডেমির স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাংস্কৃতিক কর্মীরা।
বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে গুণী শিল্পীদের সম্মাননার ইতিহাসও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। ২০১৪ ও ২০১৫ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পাওয়া শিল্পীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও যাত্রাশিল্পের পরিচিত অনেক মুখ ছিলেন। তাদের মধ্যে সুকুমার সরকার, অঞ্জনা রায়, মীর মুজতবা আলী, হাবিবুল হক, বেলা খান, প্রাণকৃষ্ণ পাল, জ্যোতিপ্রকাশ রায়, মতিলাল বড়াল, রবীন্দ্রনাথ হালদার ও গণেশ চন্দ্র রায়ের নাম উল্লেখযোগ্য।
প্রশ্ন উঠেছে, অতীতে একাডেমির সম্মাননায় ভূষিত এসব শিল্পী এবং বরিশালের দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মীরা বর্তমান একাডেমির আয়োজন, প্রশিক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা সম্পৃক্ত রয়েছেন?
এদিকে বরিশালের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে কয়েকটি সংগঠনের কার্যক্রম ও পারস্পরিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা রয়েছে। দেশীয় সাংস্কৃতিক জোট, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও হেরারশ্মি শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি সংগঠনের যৌথ অনুষ্ঠানের তথ্য সামনে এসেছে।
২০২৫ সালের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সভাপতিত্ব করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। একইভাবে ২০২৬ সালের জুলাইয়ে শিবিরের আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাতেও হেরারশ্মি ও সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়।
এসব আয়োজনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে যোগাযোগের বিষয়টি দৃশ্যমান হয়েছে। তবে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে অংশগ্রহণ করাই কোনো সংগঠনের সাংগঠনিক পরিচয় বা রাজনৈতিক নিয়ন্ত্রণের চূড়ান্ত প্রমাণ নয়।
অভিযোগ রয়েছে, দেশীয় সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ৪০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের নাম প্রকাশ করা হলেও এসব সংগঠনের প্রকৃত কার্যক্রম, স্বতন্ত্র সাংগঠনিক অস্তিত্ব, সদস্যসংখ্যা, প্রতিষ্ঠাকাল এবং সাংস্কৃতিক অবদানের পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষে নেই। ফলে কেবল সংগঠনের নামের তালিকা প্রকাশের মাধ্যমে তাদের সক্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতা নিশ্চিত করা যায় না।
এ কারণে সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মীদের অনেকে জোটের কাছে তালিকাভুক্ত সংগঠনগুলোর প্রতিষ্ঠাকাল, কার্যালয়ের ঠিকানা, নেতৃত্ব, নিয়মিত আয়োজন, সদস্যসংখ্যা ও কার্যক্রমের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের মতে, সাংস্কৃতিক সংগঠনের নামে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণা হয়ে থাকলে তা চিহ্নিত করা জরুরি।
বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, সরকারি শিল্পকলা একাডেমি কি সব শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের সমান অধিকার নিশ্চিত করতে পারছে, নাকি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ-সুবিধা বণ্টিত হচ্ছে? গুণী শিল্পীদের বাদ পড়ার অভিযোগ, প্রশিক্ষক নির্বাচন নিয়ে বিতর্ক, মিলনায়তন বরাদ্দ এবং নির্দিষ্ট সংগঠনের প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক সাইফুল আহসান বুলবুল বলেন, অতীতে কী হয়েছে, তা আঁকড়ে ধরে বর্তমানেও যদি একই ধারাবাহিকতা বজায় রাখা হয়, তাহলে সৃজনশীলতা মুখ থুবড়ে পড়বে। একসময় গুণী শিল্পীর সংকট তৈরি হবে। এখানে রাজনৈতিক পরিচয় নয়, শিল্পীর অবদানই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত।
সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি কোনো ব্যক্তি, দল কিংবা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যার মূল দায়িত্ব সব শ্রেণি-পেশার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তাই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক স্বচ্ছতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন